
২০১২ সালে যখন সোনালী ব্যাংকের হল-মার্ক গ্রুপের ঋণ জালিয়াতির খবরটি প্রথম আলোতে প্রকাশিত হয়, তখন চারদিকে শোরগোল পড়েছিল। এই কেলেঙ্কারির হোতা হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ হলেও এর সঙ্গে সোনালী ব্যাংকের অনেক দায়িত্বশীল কর্মকর্তাও জড়িত ছিলেন।
প্রকাশিত তথ্য অনুযায়ী, সোনালী ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে রূপসী বাংলা (সাবেক শেরাটন) হোটেল শাখা থেকে হল-মার্ক মোট ২ হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ করে। এ ঘটনায় ২০১২ সালের ৪ অক্টোবর রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন।
তদন্ত শেষে ২০১৩ সালের ৭ অক্টোবর ১১টি মামলায় হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ, তাঁর ভায়রা তুষার আহমেদসহ ২৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়। পরে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি ও ২৭ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এই ১১টি মামলা বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত-১-এ বদলি করা হয়। আসামিদের মধ্যে কারাগারে আছেন হল–মার্কের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ ৮ জন। জামিনে আছেন একজন। অন্য ১৬ জন পলাতক।
আশা করা গিয়েছিল, দেশের বৃহত্তম এই আর্থিক কেলেঙ্কারির মামলা যথাসম্ভব দ্রুত সময়ে নিষ্পত্তি হবে। ইতিমধ্যে সাড়ে পাঁচ বছর সময় পার হয়ে গেলেও মামলাটি চলছে খুবই ঢিমেতালে। গত ৬ মার্চ পর্যন্ত ১১ মামলার অভিযোগপত্রভুক্ত ৮৫৩ জন সাক্ষীর মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে মাত্র ২৮২ জনের। মামলার অভিযুক্ত একজন আসামি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় মামলার তারিখ একাধিকবার পিছিয়েছে। এ ছাড়া সাক্ষীদের অনুপস্থিতি ও আদালতে মামলার আলামত তথা মামলার প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপন না করার কারণেও পিছিয়েছে কয়েকবার।
এ ধরনের একটি গুরুত্বপূর্ণ মামলায় যথাসময়ে সাক্ষীদের হাজির করতে না পারা কিংবা মামলার প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপিত না হওয়া খুবই দুঃখজনক। অপরাধীরা প্রভাবশালী হলে বিচার বিলম্বিত করার চেষ্টা চলে। এ ক্ষেত্রে তেমন হচ্ছে কি না, খতিয়ে দেখা প্রয়োজন। দুদকের এক আইনজীবী অবশ্য দাবি করেছেন, এই মামলার বিচার দ্রুত শেষ করার ব্যাপারে তাঁরা তৎপর আছেন। কিন্তু বাস্তবে এর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
হল-মার্ক কেলেঙ্কারির হোতাদের দ্রুত বিচার করা গেলে হয়তো ব্যাংকিং খাতের পরবর্তী অনেক কেলেঙ্কারি এড়ানো যেত। আমরা দেখছি ব্যাংকিং খাতে একের পর এক কেলেঙ্কারির ঘটনা ঘটেই চলেছে। হল–মার্কের পর বড় আর্থিক কেলেঙ্কারি হয়েছে বেসিক ব্যাংকে। অথচ দুদক মামলা করেছিল ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুকে বাদ দিয়েই। এখন তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে। এটিও লোক দেখানো কি না সেই প্রশ্ন তুলেছেন অনেকেই।
হল–মার্কের বিষয়ে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, ‘সাক্ষী হাজির করানো যাঁদের দায়িত্ব, তাঁরা কেন সাক্ষী ঠিকমতো আদালতে হাজির করলেন না? কারও গাফিলতি থাকলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ জরুরি।’ আমরাও মনে করি, মামলার বাদী দুদক কোনোভাবে দায় এড়াতে পারে না। আদালতে সাক্ষীদের হাজির করার দায়িত্ব বাদীপক্ষের। প্রয়োজনে তারা সাক্ষীদের প্রতি সমন জারি করতে পারে। সময়ক্ষেপণ না করে দ্রুত হল–মার্ক ঋণ জালিয়াতি মামলার বিচার শেষ করা হোক, অপরাধীরা শাস্তি পাক, এটাই দেশবাসীর প্রত্যাশা।