হল-মার্ক নামের প্রতিষ্ঠানটি রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংকের কোটি কোটি টাকা আত্মসাৎ করেই ক্ষান্ত হয়নি, তারা সাভারে শিল্পপার্ক প্রতিষ্ঠার নামে ১১ একর সরকারি ও অর্পিত সম্পত্তি দখল করে আছে। হল-মার্কের ঋণ কেলেঙ্কারির পর সেই জমি উদ্ধারে স্থানীয় প্রশাসন ও কর্মকর্তাদের প্রচেষ্টা যে নিছক লোক দেখানো ছিল, সেটাই প্রমাণিত হলো তাঁদের পরবর্তী নিষ্ক্রিয় ভূমিকায়। গতকাল প্রথম আলোয় প্রকাশিত খবরে জানা যায়, হল-মার্ক কর্তৃপক্ষ ২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের কান্দিবৈলারপুর মৌজায় ১১টি দাগে ৫ দশমিক ৮০ একর খাস ও শূন্য দশমিক ৫৮ একর অর্পিত সম্পত্তি, নন্দখালী মৌজার ছয়টি দাগে ৩ দশমিক ১৮ একর খাস ও প্রায় এক একর অর্পিত সম্পত্তি দখল করে নেয় এবং সেখানে বেশ কিছু স্থাপনাও তৈরি করে। নন্দখালী এলাকার জনতা হাউজিং পরিবেশ রক্ষা ফোরামের অভিযোগ, হল-মার্ক তাদের ১৮৭টি প্লটের মধ্যে ১০০টি দখল করে নিয়েছে। জেলা প্রশাসন ২৭ ডিসেম্বর প্রতিষ্ঠানটির প্রধান শিল্পপার্ক এলাকায় অভিযান চালিয়ে খাস ও অর্পিত সম্পত্তির ওপর নির্মিত স্থাপনাগুলো ভেঙে দেয়। কিন্তু সরেজমিন গিয়ে দেখা যায়, ভেঙে দেওয়া স্থাপনাগুলো সেই অবস্থায় আছে এবং সেখানে হল-মার্কের লোকজনই পাহারা দিচ্ছেন। হাউজিং সোসাইটির যে জমি হল-মার্ক দখল করে নিয়েছে, তা উদ্ধারের দায়িত্ব তাদের। কিন্তু সরকারি ও খাসজমি উদ্ধারের দায়িত্ব স্থানীয় প্রশাসন এড়াবে কী করে? হল-মার্কের এমডিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এখন কারাগারে। এর পরেও কীভাবে প্রতিষ্ঠানটি সরকারি ও খাসজমি দখল করে আছে, সেটাই প্রশ্ন। স্থানীয় প্রশাসনের সহযোগিতা ছাড়া হল-মার্ক এই দখলদারি টিকিয়ে রাখতে পারত না। হল-মার্কের দখল করা সরকারি ও খাসজমি উদ্ধারে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে এই অপকর্মের হোতাদের শাস্তি নিশ্চিত করতে হবে। যাদের উদাসীনতা ও শৈথিল্যের কারণে এই অসাধু প্রতিষ্ঠান বিপুল পরিমাণ সম্পদ দখল করে আছে, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সরকারি সম্পত্তির রক্ষকেরাই যদি ভক্ষকের সহযোগীর ভূমিকায় অবতীর্ণ হন, তাহলে তাঁদের সেই পদে থাকার নৈতিক ও আইনগত অধিকার নেই।