এ কে আজাদের জন্ম ১৯৫৯ সালের ৩১ ডিসেম্বর, ফরিদপুর শহরে। ১৯৮৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পদার্থবিদ্যায় স্নাতক (সম্মান) ডিগ্রি নেওয়ার পর তিনি ১৯৮৪ সালে ব্যবসা শুরু করেন। ১৯৮৫-৮৬ সালে এ কে আজাদ পোশাকশিল্প-মালিকদের সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির (বিসিআই) পরিচালক, সহসভাপতি ও সভাপতি ছিলেন। ২০১০ সালে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি নির্বাচিত হওয়ার আগে তিনি বিসিআইয়ের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এ কে আজাদ দেশের শীর্ষস্থানীয় তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। একটি জাতীয় দৈনিক ও একটি স্যাটেলাইট টেলিভিশন রয়েছে তাঁর মালিকানায়। সাক্ষাৎকার নিয়েছেন সোহরাব হাসান ও সুজয় মহাজনপ্রথম আলো শুরুতেই আলোচিত হলমার্ক কেলেঙ্কারি সম্পর্কে আপনার অভিমত জানতে চাই।এ কে আজাদ আমার মতে, এটি একটি জালিয়াতি। দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে এই ঘটনাটি ঘটানো হয়েছে। দু-এক দিনে এত বড় ঘটনা ঘটানো সম্ভব নয়। সোনালী ব্যাংকের লোকজনের যোগসাজশে অত্যন্ত সুবিন্যস্ত পরিকল্পনার মাধ্যমে হলমার্ক এটি করেছে। যতটুকু জানতে পেরেছি ২০১০ সাল থেকে এই ঘটনার সূত্রপাত। যদিও এটি ব্যাপকভাবে আলোচনায় এসেছে ২০১২ সালে। প্রথম আলো আপনি কি মনে করেন শুধু সোনালী ব্যাংকের লোকজনের যোগসাজশে এমন ঘটনা ঘটেছে?এ কে আজাদ ঘটনাটি ঘটেছে ব্যাংকের লোকজনের যোগসাজশে। নেপথ্যে হয়তো অন্য কেউ থাকতে পারে। যেহেতু এখনো পর্যন্ত নেপথ্যে কারা ছিল, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তদন্ত বা তথ্য-প্রমাণ পাওয়া যায়নি, তাই সরাসরি কাউকে দায়ী করতে পারছি না। প্রথম আলো হলমার্কের কাছ থেকে টাকা উদ্ধারে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেগুলোকে কি আপনি যথার্থ মনে করেন?এ কে আজাদ এখন পর্যন্ত আত্মসাৎ করা টাকা উদ্ধারে যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে, তাতে বিপুল পরিমাণ এই অর্থ উদ্ধার করা সম্ভব হবে বলে মনে করি না। টাকা উদ্ধারের বিষয়টি ব্যাংকের ওপর ছেড়ে দিলে টাকা উদ্ধার হবে না। যেহেতু এটি সুপরিকল্পিত ও নজিরবিহীন জালিয়াতির ঘটনা, তাই এ ক্ষেত্রে সরকারকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এমন নজির স্থাপন করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটানোর সাহস আর কেউ না পায়। প্রথম আলো সরকার বিশেষ কী ধরনের ব্যবস্থা নিতে পারে।এ কে আজাদ হলমার্ক ঘটনায় দৃষ্টান্ত স্থাপনের জন্য সরকার বিশেষ আদালত গঠন করতে পারে। ছয় মাসের মধ্যে সেখানে এ ঘটনার সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তার আগে অভিযুক্ত ব্যক্তিদের যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করতে হবে। আমি মনে করি, হলমার্কের ঘটনায় প্রতিষ্ঠানটির কর্ণধার তানভীর মাহমুদসহ অন্যদের গ্রেপ্তার করে যৌথ জিজ্ঞাসাবাদ সেলে নিয়ে গেলে টাকা আদায় অনেক সহজ হবে। এই ঘটনা সরকার ও দেশের ভাবমূর্তি নষ্ট করছে। এই ঘটনার পর প্রকৃত ব্যবসায়ীরাও সংকটে আছেন। তাই দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে উদাহরণ তৈরি করার মতো ব্যবস্থা নিতে হবে। প্রথম আলো ব্যবসায়ীদের সংকটের বিষয়টি বিস্তারিত বর্ণনা করবেন কি? এ কে আজাদ ইনল্যান্ড ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে যাঁরা ব্যবসা করেন, তাঁদের অনেকের টাকা ব্যাংকের কাছে আটকে আছে। হলমার্ক ঘটনার কারণে আরও অনেকগুলো ব্যাংকের পাওনাও আটকে গেছে। যদিও বাংলাদেশ ব্যাংক বলেছে, ১৫ দিনের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু আমার মনে হয় না সেটি সম্ভব হবে। এ ছাড়া ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার বিষয়টি তো রয়েছেই। প্রথম আলো এ পরিস্থিতিতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি হিসেবে আপনারও তো তা হলে কিছু করণীয় রয়েছে?এ কে আজাদ এর মধ্যে আমরা সংবাদ সম্মেলন করে সরকারের কাছে এই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছি। যদি সরকার সেটি করতে ব্যর্থ হয় তা হলে অক্টোবর মাসে আমরা সারা দেশের ব্যবসায়ীরা মিলে সমাবেশ করে আমাদের দাবি জানাব। প্রথম আলো ব্যাংকিং খাতের ঘটনার আগে আমরা দেখলাম শেয়ারবাজারেও কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। সেটিকে আপনি কীভাবে দেখছেন?এ কে আজাদ সরকারের ব্যবস্থাপনার দুর্বলতার কারণে শেয়ারবাজার কেলেঙ্কারির ঘটনাটি ঘটেছে। শেয়ারবাজারে ব্যবসা করে অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান লাভ নিয়ে চলে যাওয়ার কারণেই এমনটি হয়েছে। আমরা দেখলাম শেয়ারবাজার থেকে ব্যাংকগুলো অনেক মুনাফা করেছে। অনেক খারাপ কোম্পানি কৃত্রিমভাবে আয় বাড়তি দেখিয়ে অনেক টাকা তুলে নিয়ে গেছে। একসঙ্গে সবাই যখন টাকা তুলে নিয়ে গেল, তখন বড় ধরনের ধস নামল বাজারে। বাংলাদেশ ব্যাংকও এমন সময় এসে ব্যাংকগুলোর ওপর কড়াকড়ি আরোপ করল, যাতে ব্যাংকগুলো তাদের বিনিয়োগ দ্রুত তুলে নিতে শুরু করল। বাংলাদেশ ব্যাংক আগে থেকে আরও একটু সতর্ক হলেই পারত। শেয়ারবাজারে যেটি ঘটেছে সেটি ব্যবসায়িক সততা বা নৈতিকতা কোনোটির সঙ্গেই মেলে না। ব্যবসা করতে এসে লাভ করবে, সেটি ঠিক আছে। কিন্তু সেই লাভ নিয়ে সবাই চলে যাবে কেন? ব্যবসার নৈতিকতা হলো লাভ-লোকসান মেনে নিয়ে ব্যবসার সঙ্গে থাকতে হবে। সেটি না করে লাভ নিয়ে চলে যাওয়া মানে তো একধরনের প্রতারণা। তাই আমরা শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে যাঁরা যুক্ত তাঁদেরও শাস্তির দাবি জানিয়ে আসছি। কিন্তু এত দিনেও আমরা কারও বিরুদ্ধে কোনো ধরনের বিচার দেখলাম না। প্রথম আলো ব্যাংক ও শেয়ারবাজার কেলেঙ্কারির পাশাপাশি আমরা জানি ডেসটিনি, ইউনিপেটুইউ ইত্যাদি প্রতিষ্ঠানের কেলেঙ্কারির ঘটনাও ঘটেছে। সেগুলোকে কীভাবে দেখছেন আপনি।এ কে আজাদ ডেসটিনির বা ইউনিপেটুইউ যেটি করেছে সেটি আসলে ব্যবসা নয়; ব্যবসার নামে প্রতারণা। প্রতারণার ফাঁদ পেতে সাধারণ মানুষ থেকে তারা বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। তাই তাদের কোনোভাবেই ব্যবসায়ী বলা যাবে না। আর ডেসটিনির প্রতারণার ঘটনাটি এ সরকারের সময় নয়, প্রায় ১০ বছর ধরেই চলে আসছে। এ নিয়ে অনেক দিন আগে থেকেই বিভিন্ন সংবাদপত্রে ব্যাপকভাবে সংবাদও প্রকাশ করা হয়েছে। কিন্তু কোনো সরকারই তাতে কোনো কর্ণপাত করেনি। ফলে এদের প্রতারণার মাত্রাটা আরও বেড়েছে। আমি মনে করি এসব প্রতারণার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির নজির স্থাপন করা উচিত। প্রথম আলো সরকার ও ব্যবসায়ীর সম্পর্কটা বর্তমানে কেমন?এ কে আজাদ সরকারের সঙ্গে বর্তমানে ব্যবসায়ীদের যে সম্পর্ক, সেটি একেবারে বৈরীও না, আবার সরকার-ব্যবসায়ী একীভূত হয়ে গেছে তা-ও নয়। দুই পক্ষের মধ্যে একটি সমঝোতার সম্পর্ক বিদ্যমান। সরকারের সঙ্গে সমঝোতা ছাড়া ব্যবসায়ীদের সমস্যা সমাধান সম্ভব নয়। বর্তমান সরকারের সময়ে সুবিধার দিকটি হলো, প্রধানমন্ত্রী যেকোনো সমস্যায় সব পক্ষের কথা শোনেন এবং সমাধানের চেষ্টা করেন। এ কারণেই আশুলিয়ায় পোশাকশিল্পকে ঘিরে তৈরি হওয়া বড় ধরনের সমস্যারও সমাধান সম্ভব হয়েছে। প্রথম আলো এফবিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি আপনি নিজে তৈরি পোশাকশিল্প-মালিক। বর্তমানে তৈরি পোশাক খাত কেমন চলছে? শ্রমিকদের অত্যন্ত কম বেতন দেওয়া হয় বলে অভিযোগ আছে।এ কে আজাদ তৈরি পোশাক খাতে এখন শান্ত পরিবেশ বিরাজ করছে। দু-একটি জায়গায় হয়তো বিচ্ছিন্ন কিছু সমস্যা আছে। এত বড় একটি খাত রাতারাতি সমস্যামুক্ত হয়ে যাবে, এমন নয়। বর্তমানে যেসব সমস্যা আছে সেগুলো সমাধানে আমরা সবাই আন্তরিক। পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের বেতন বৃদ্ধির বিষয়টি নিয়েই কিছু সমস্যা আছে কোথাও কোথাও। আর শ্রমিকদের কম বেতন দেওয়ার অভিযোগও সত্য নয়। ন্যূনতম বেতন কম হলেও ওভারটাইম ও অন্যান্য সুবিধা মিলিয়ে তাঁরা চলার মতো মজুরি পান। মালিকেরা যদি প্রতিবছর শেষে নির্দিষ্ট একটি পরিমাণে শ্রমিকদের বেতন বৃদ্ধির নিশ্চয়তা দেন, তা হলে এ সমস্যা আর থাকবে না। এতে করে মালিক-শ্রমিক সম্পর্কেরও অনেক উন্নতি ঘটবে। প্রথম আলো গার্মেন্টস শ্রমিক নেতা আমিনুল হত্যার বিষয়টি জাতীয় ও আন্তর্জাতিকভাবে আলোচিত একটি ঘটনা। সেটিকে কীভাবে দেখছেন আপনি?এ কে আজাদ আমিনুল হত্যাকাণ্ডটি খুবই দুঃখজনক ঘটনা। আমিনুলের মতো ঘটনা দেশের নানা জায়গায় অহরহ ঘটছে। সেগুলো হয়তো তেমনভাবে আলোচনায় আসছে না। যতটা আমিনুলের ঘটনাটি বিশ্বব্যাপী আলোচনায় এসেছে। ইলিয়াস আলীর মতো একজন জাতীয় নেতা নিখোঁজ হয়ে গেল। এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধানই মিলল না। তাই আমিনুল কিংবা ইলিয়াস আলী যে-ই হোক না কেন—কোনো নাগরিকের হত্যা-গুম বা নিখোঁজ হওয়ার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত হোক। তাতে যদি কোনো মালিকের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়, তা হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। প্রথম আলো দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতির সামগ্রিক পরিস্থিতি বর্তমানে কেমন বলে আপনি মনে করেন? সরকারের ভূমিকা ব্যবসাবান্ধব, না ব্যবসা-বৈরী?এ কে আজাদ বর্তমান সরকার খুবই ব্যবসাবান্ধব। অর্থনীতিতে গতিশীলতা আছে, অর্জনও আছে অনেক। গত তিন বছরে রাজস্ব আদায়ে সরকারের বিরাট সাফল্য আছে। এ ছাড়া সাফল্য আছে বিদ্যুৎ, রপ্তানি বাণিজ্য, প্রবাসী-আয়সহ আরও বেশ কিছু খাতে। জাতীয় প্রবৃদ্ধির হারও ভালো। কিন্তু অবকাঠামো খাতে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। যেটি ব্যবসা-বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ ছাড়া আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা বা সুষ্ঠুভাবে এ খাত পরিচালনার ক্ষেত্রে সরকারের কিছু অদক্ষতা বা ব্যর্থতা আছে। এ কারণে শেয়ারবাজার বা হলমার্ক কেলেঙ্কারির মতো ঘটনাগুলো ঘটেছে। প্রথম আলো অর্থনীতিবিদসহ অনেকেই বলেন বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল পদ্ধতি অর্থনীতিকে চাপে রেখেছে। তা না হলে অর্থনীতিতে আরও স্বস্তিকর পরিস্থিতি থাকত।এ কে আজাদ বিদ্যুৎ উৎপাদন বাড়াতে কুইক রেন্টাল পদ্ধতির দরকার ছিল, সরকারের সিদ্ধান্ত সঠিকই ছিল। সেটি ছিল সাময়িক ব্যবস্থা। কুইক রেন্টালের পাশাপাশি শুরু থেকেই সরকারের উচিত ছিল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজটিকে দ্রুততার সঙ্গে এগিয়ে নেওয়া। কিন্তু সেটি করা হয়নি। যার কারণে কুইক রেন্টাল নির্ভরশীলতা দীর্ঘায়িত হয়েছে। প্রথম আলো দেশের রাজনৈতিক পরিস্থিতি কেমন মনে হচ্ছে? এ কে আজাদ এখন পর্যন্ত দেশের রাজনৈতিক পরিস্থিতি সহনশীল পর্যায়েই রয়েছে। প্রধান বিরোধী দল বিএনপি ধ্বংসাত্মক কর্মসূচি নেয়নি। ভবিষ্যতেও তারা ধ্বংসাত্মক কোনো কর্মসূচি নেবে না বলেই আমাদের বিশ্বাস। একজন ব্যবসায়ী হিসেবে আমি চাই, রাজনীতিতে সব সময় একটি সহনশীল ও স্বস্তির পরিবেশ বিরাজ করুক। দেশের অর্থনৈতিক অগ্রগতির স্বার্থেই এটি প্রয়োজন। প্রথম আলো নির্বাচনব্যবস্থার প্রশ্নে তো সরকার ও বিরোধী দল পরস্পরবিরোধী অবস্থানে। এ অবস্থায় কীভাবে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশের আশা করছেন?এ কে আজাদ হ্যাঁ। নির্বাচনব্যবস্থার প্রশ্নে দুই দলের মধ্যে ভিন্নতা আছে। সেই থাকাটা অস্বাভাবিক কিছু নয়। আশা করছি, নির্বাচন যত ঘনিয়ে আসবে, এ ব্যাপারে তারা একটি সমঝোতায় আসবে। আর এই সমঝোতার জন্য সব পেশাজীবীদের একসঙ্গে কাজ করতে হবে। যাতে দেশে কোনো রাজনৈতিক সংকট বা রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি না হয়। আমরা চাই এমন একটি নির্বাচন ব্যবস্থা, যেখানে জণগণ তাদের পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট দিতে পারে। প্রথম আলো গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা নিয়ে দুই দলের সমঝোতার জন্য এফবিসিসিআই কোনো উদ্যোগ নেবে কি? এ কে আজাদ এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আলোচনার উদ্যোগ নেওয়া হয়নি। তবে অনানুষ্ঠানিকভাবে নির্বাচন ইস্যুতে আমরা দুই দলের সঙ্গেই আলোচনা করছি। শুধু এফবিসিসিআই না, এ ক্ষেত্রে সব পেশাজীবীকে একসঙ্গে কাজ করতে হবে। প্রথম আলো সামনে এফবিসিসিআই নির্বাচন। সেখানে সরকার পছন্দের প্রার্থী বসাতে নানাভাবে প্রভাব বিস্তার করছে বলে জানা গেছে। ব্যবসায়ীদের একটি সংগঠনে সরকারের পছন্দের প্রার্থী নির্বাচনের বিষয়টিকে কীভাবে দেখছেন?এ কে আজাদ এফবিসিসিআইয়ের নির্বাচনে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। ব্যবসায়ীরাই তাঁদের নেতা নির্বাচন করবেন। প্রথম আলো কিন্তু আমরা তো দেখে আসছি যখন যে সরকার ক্ষমতায় থাকে তখন সে সরকারের পছন্দের বা সমর্থনের লোকই সংগঠনটির সভাপতি থাকেন। এ কে আজাদ এটি অনেক দিন ধরেই চলে আসছে। সবাই এটিকে মেনেও নিয়েছেন। প্রতিটি সরকারই চায় তার পছন্দের কেউ এই পদে থাকুক। আর ব্যবসায়ীরাও এটা মেনে নিয়েছেন, কারণ সরকারের পছন্দের লোক সভাপতি হলে ব্যবসায়ীদের সমস্যা সমাধানের পথটিও সহজ হয়। কিন্তু আমার মনে হয়, এখন পর্যন্ত যাঁরাই এ পদে ছিলেন তাঁরা যে দলের পছন্দেরই হোক না কেন, ব্যবসায়ীদের স্বার্থেই কাজ করেছেন। প্রথম আলো অভিযোগ আছে আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপির সঙ্গে ঘনিষ্ঠ ব্যবসায়ীরা চাপে থাকেন আবার যখন বিএনপি ক্ষমতায় থাকে তখন আওয়ামী লীগ-সমর্থিত ব্যবসায়ীরা নানা চাপে থাকেন। এর সঙ্গে কি আপনি একমত?এ কে আজাদ এফবিসিসিআইয়ের সভাপতি হিসেবে এখন পর্যন্ত আমি এ ধরনের কোনো অভিযোগ পাইনি। বিএনপির সঙ্গে ঘনিষ্ঠ বলে কোনো ব্যবসায়ী হয়রানির শিকার হয়েছেন— এমন অভিযোগ আমার কাছে আসেনি। যদি কেউ এ ধরনের সমস্যায় পড়েন তা হলে অবশ্যই ব্যবসায়ী সমাজের প্রতিনিধি হিসেবে আমি ভুক্তভোগীরই পক্ষ নেব। আমার জানামতে, এই সরকারের আমলেও বিএনপির অনেক নেতার ব্যবসা ঠিকমতো চলছে। প্রথম আলো আপনাকে ধন্যবাদএ কে আজাদ আপনাদেরও ধন্যবাদ।