‘এই ৭৭ বছর বয়সে পপ মিউজিক নিয়ে কিছু বলাটা অসম্ভব।’ ১৯৯৭ সালের ফেব্রুয়ারিতে পণ্ডিত রবিশঙ্করের বয়স কম-বেশি তা-ই ছিল। ঢাকায় এসেছেন ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির আওতায়। বাজনা বাজাবেন তিনি। এর আগে সংবাদ সম্মেলন। সুযোগ খুঁজছিলাম আলাদা করে একটু কথা বলা যায় কি না। তখন কাজ করি ভোরের কাগজ পত্রিকায়। আয়োজকদের বিশেষ আনুকূল্যে মিনিট পনেরোর জন্য সে সুযোগ পেয়েছিলাম। রবিশঙ্করের সঙ্গে সে সময়ের ১৫ বছর বয়সী কন্যা আনুশকা। একই সঙ্গে পিতা-পুত্রী ও গুরু-শিষ্যা।মনে আছে, তখন জানতে চেয়েছিলাম, পশ্চিমা ধ্রুপদি সংগীত থেকে শুরু করে আধুনিক পপ ও র্যাপ মিউজিক এবং ভারতীয় ফিল্মি সংগীতের ব্যাপারে তাঁর নিজের ভাবনা। পপ মিউজিক নিয়ে এমনই মন্তব্য করেছিলেন তিনি। পাশ্চাত্যের আধুনিক সংগীতের এই ধারা সম্পর্কে তাঁর মন্তব্য ছিল, ‘অল্প বয়স ছাড়া এই সংগীত ভালো লাগা সম্ভব নয়।’ তবে একই সঙ্গে বলেছিলেন, ‘আমি মোটেই রক্ষণশীল নই। পশ্চিমা সংগীত থেকে অনেক কিছুই গ্রহণ করেছি আমি। বাদ্যযন্ত্র থেকে শুরু করে মিউজিক কম্পোজের ক্ষেত্রে নানা কিছুই নিয়েছি।’কন্যা আনুশকার দিকে তাকিয়ে বললেন, ‘ওর মায়ের আগ্রহে নয় বছর বয়স থেকেই ওকে সেতারে তালিম দেওয়া শুরু করেছি।’ পশ্চিমা সংগীত আর যন্ত্র অনুষঙ্গের প্রতি তাঁর যে আগ্রহের কমতি নেই, সেটা বোঝাতেই যেন বললেন, ‘সেতারের পাশাপাশি পিয়ানো বাজানোর তালিম নিচ্ছে আনুশকা।’ আপনি বাবা আবার গুরুও, আনুশকার ব্যাপারে আপনার মূল্যায়ন? জবাবে হাসিমুখে বললেন, ‘ওর ট্যালেন্ট আছে, খুব সহজেই কোনো বিষয় পিক করতে পারে।’ সেবার শিল্পকলা একাডেমীতে দুই দিনের সেই সেতারবাদনে রবিশঙ্করের সঙ্গে ছিলেন আনুশকা। বাবার সঙ্গে দাপটেই বাজিয়ে গেলেন ১৫ বছরের এই কিশোরী।১৯৯৭ সালের এই সফরের আগেও আরও দুবার এসেছিলেন এই স্বাধীন বাংলাদেশে। আর দেশ বিভাগের আগে তো এটাই ছিল তাঁর নিজের দেশ। কেমন লাগে এ দেশে আসতে? ‘এ দেশে আসতে ভালো লাগে, যেন বাপের বাড়িতে এলাম। আমার পূর্বপুরুষেরা এ দেশেরই লোক ছিলেন। তাই আমার টান রয়েছে এ দেশের প্রতি।’একাত্তরের যুগান্তকারী ‘কনসার্ট ফর বাংলাদেশ’ আর রবিশঙ্কর তো মিলেমিশে একাকার! বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের স্বাধীনতা-সংগ্রামের সঙ্গে সেই যে তাঁর নাম জড়িয়ে গেল, তা আর ভুলবার নয়। শিষ্য ও বন্ধু জর্জ হ্যারিসনকে নিয়ে এই অনুষ্ঠান আয়োজন করে একাত্তরে তিনি বাংলাদেশকে তুলে ধরেছিলেন সারা বিশ্বের সামনে।রবিশঙ্করের মুখেই শুনতে চেয়েছিলাম সে সময়ের কথা। ‘তখন বিদেশে বসে যুদ্ধের খবর পেতাম, শুনতাম শরণার্থীদের করুণ অবস্থার কথা। ভাবছিলাম কীভাবে সাহায্য করা যায়। শেষ পর্যন্ত তিন সপ্তাহের চেষ্টায় আয়োজন করা হলো কনসার্ট ফর বাংলাদেশ। ঘোষণার সঙ্গে সঙ্গেই বিক্রি হয়ে যায় সব টিকিট। শেষ পর্যন্ত আয়োজন করতে হয়েছিল দুটি শো।’ জানালেন, সে সময় ‘জয় বাংলা’ নামে একটি গানও লিখেছিলেন তিনি। সেবার রবিশঙ্কর এসেছিলেন ভাষার মাস ফেব্রুয়ারিতে, মার্চেই স্বাধীনতার মাস। ১৯৯৭ সালটি ছিল স্বাধীনতার রজতজয়ন্তীর বছর। ‘কনসার্ট ফর বাংলাদেশ’ আবার আয়োজন করলে কেমন হয়? মনে আছে, এ ধরনের কোনো আয়োজন হলে তাতে সাড়া দেওয়ার আশ্বাস দিয়েছিলেন রবিশঙ্কর। ফেব্রুয়ারি ১৯৯৭ থেকে ডিসেম্বর ২০১২—প্রায় ১৬ বছর সময় পেয়েছিলাম আমরা আরেকটি কনসার্ট ফর বাংলাদেশ আয়োজনের জন্য! স্বাধীন বাংলাদেশে স্বাধীন মানুষের সামনে স্বাধীনতার সেই মহৎ ঘটনাটি আরেকবার মঞ্চস্থ হওয়া সত্যিই রোমাঞ্চকর ব্যাপার হতে পারত। কিন্তু হলো না। কত কিছু ঘটল এ দেশে, জাতীয়পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়েএকাত্তরের সংগ্রাম ও বিজয়ের কত রকম উদ্যাপন হলো, কিন্তু এই অতি জরুরি কাজটি করা হলো না। অশেষ ঋণ রয়েগেল পণ্ডিত রবিশঙ্করের কাছে—যে ঋণ কোনো দিন ভুলবার নয়। বিদায়কালেএই কথাটিই মনে বড় বাজছে আমাদের সবার—এবং বাংলাদেশের। এ কে এম জাকারিয়া: সাংবাদিক। [email protected]