পরিত্যক্ত সম্পত্তিসংক্রান্ত একটি মামলায় হাইকোর্ট বিচার বিভাগীয়, বিশেষ করে বিচারকদের দুর্নীতির বিরুদ্ধে যে পর্যবেক্ষণ দিয়েছেন, তা মাইলফলক। গত ৫০ বছরের ইতিহাসে বিচারকদের দ্বারা সংঘটিত দুর্নীতির বিরুদ্ধে এমন সাহসী ও দৃপ্ত উচ্চারণ এই প্রথম শোনা গেল। এ জন্য শুধু এই রায়ের দুই লেখক বিচারপতিই নন, গোটা সুপ্রিম কোর্টকেই প্রাতিষ্ঠানিকভাবে সাধুবাদ জানাই।
আমরা গভীর আস্থা ও প্রত্যয়ের সঙ্গে ধরে নিতে চাই যে দুর্নীতিবিরোধী এই মনোভাবের মধ্য দিয়ে সব সৎ বিচারপতির মনের অভিব্যক্তির বহিঃপ্রকাশ ঘটেছে। অপ্রিয় হলেও সত্য যে ‘রায় বিক্রি’ হওয়া এবং ‘নষ্ট বিচারক, পচা বিচারক এবং দুর্নীতিবাজ বিচারকেরা ভালো বিচারকদের আস্তে আস্তে নষ্ট করে ফেলবে’—এমন অকপট উচ্চারণ আরও আগেই প্রত্যাশিত ছিল। কিন্তু কখনোই না-এর চেয়ে বিলম্বিত যথা উচ্চারণ অনেক বেশি উৎকৃষ্ট।
বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের বেঞ্চের এই পর্যবেক্ষণ জেগে ওঠার ঘণ্টাধ্বনি হিসেবে বিবেচিত হতে পারে। আদালতে ন্যায়বিচার না পেলে, সেখানে দুর্নীতির মাধ্যমে বিচার বিক্রি হলে মানুষ ক্ষুব্ধ ও হতাশ হয়, তারা বিকল্প খোঁজে—আদালতের এ উপলব্ধি অত্যন্ত বাস্তবসম্মত। সমাজ যে সন্ত্রাস ও পেশিশক্তিনির্ভর হয়েছে, তার মূল কারণও আদালত চিহ্নিত করেছেন। আদালত বলেছেন, আদালত বিচার করেন না বলেই মানুষ মাস্তান ও ‘মাফিয়া নেতাদের’ কাছে বিচার চায়।
তবে এ পর্যবেক্ষণের মধ্য দিয়ে যেসব ‘করণীয়’ জরুরি হয়ে পড়েছে, তাতে রাষ্ট্রের দায়িত্বশীলদের সবাইকে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু পদক্ষেপের শুরুটা কিন্তু বিচার বিভাগের হাতেই। কিন্তু আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করেছি যে দুর্নীতির সঙ্গে সরাসরি যখনই কর্মরত বিচারকদের নাম এসেছে বা ইঙ্গিত করা হয়েছে, তখন বিচার বিভাগ থেকে স্পর্শকাতরতা দেখানো হয়েছে। নির্দিষ্টভাবে উপযুক্ত তথ্যপ্রমাণের ভিত্তিতে বিচার বিভাগীয় দুর্নীতির বিরুদ্ধে কথা বলা বা অনুসন্ধানী প্রতিবেদন করা আর ‘আদালতকে কলঙ্কিত (স্ক্যান্ডালাইজেশন অব কোর্ট) করা’ যে এক নয়, সেটি এখন পরিষ্কার করার মূল দায় বিচার বিভাগের।
আদালতের আরেকটি গুরুত্বপূর্ণ অভিমত হলো, ‘সমাজে, বুদ্ধিজীবী মহলে, পত্রপত্রিকায় বা ইলেকট্রনিক মিডিয়ায় বিচার বিভাগের স্বাধীনতার জন্য অসংখ্য খবর ছাপা হয়েছে। কিন্তু নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত দুর্নীতিবাজ বিচারকদের কীভাবে ছুড়ে ফেলা যায়, সে ব্যাপারে কোনো সুনির্দিষ্ট, সুস্পষ্ট প্রতিবেদন, লেখা ও গবেষণা দেশে দেখা যায়নি।’ এ ক্ষেত্রে সংবাদমাধ্যম হিসেবে আমাদের অবস্থান পরিষ্কার করা প্রয়োজন। নিম্ন আদালতের বিচারকদের দুর্নীতির প্রাথমিক তদন্ত এবং প্রমাণিত হলে তাঁকে অপসারণের সুপারিশ করার ক্ষমতা সংবিধান নির্দিষ্টভাবে হাইকোর্ট বিভাগের কাছেই ন্যস্ত রেখেছে। কিন্তু আমরা বছরের পর বছর হাইকোর্ট বিভাগকে নিম্ন আদালতের বিচারকদের দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার ব্যাপারে দীর্ঘসূত্রতা ও নিরুদ্বিগ্ন থাকতে দেখেছি। আর উচ্চ আদালতের বিচারকেরা দুর্নীতিতে জড়িত, এ রকমভাবে বাক্স্বাধীনতার অকপট অনুশীলন সত্যি আমরা করতে পারিনি। সেই বিবেচনা থেকে আমরা বলতে পারি যে এ রায় সংশ্লিষ্ট সবার চোখ খুলে দেওয়া, আত্মজিজ্ঞাসার মুখে দাঁড় করানোর একটি অভূতপূর্ব সুযোগ এনে দিয়েছে।
ষোড়শ সংশোধনীর আগে দেশে প্রধান বিচারপতি এবং পরের দুজন জ্যেষ্ঠ বিচারপতির নেতৃত্বে গঠিত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল প্রায় কয়েক দশক বলা চলে নিষ্ক্রিয় ছিল। নিজেদের কার্যধারাটি পর্যন্ত তৈরি করা হয়নি। এর একটি অভিঘাত উচ্চ আদালতের ওপরে থাকবে, সেটা স্বাভাবিক। আবার ষোড়শ সংশোধনী বাতিল করার রায়ে ওই কাউন্সিলকে পুনরুজ্জীবিত করা হয়েছে। এক বছর আগে প্রশংসনীয়ভাবে দুর্নীতির মাধ্যমে ‘রায়’ লেখার দায়ে দুই বিচারপতিকে কাজ থেকে বিরত রাখা হলো। কিন্তু এরপর সেই প্রক্রিয়া আর এগোয়নি। এর অবসান জরুরি।