হাইকোর্টে সাত খুনের রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরাধের ভয়াবহতার দিক থেকে এই হত্যাকাণ্ড যেমন দৃষ্টান্ত হয়ে থাকবে, তেমনি এর বিচারও মাইলফলক হিসেবে বিবেচিত হবে। আদালতের রায়ে স্থানীয় আওয়ামী লীগের নেতা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন কাউন্সিলর নূর হোসেনকে হত্যার মূল পরিকল্পক হিসেবে চিহ্নিত করে বলা হয়েছে, রাজনৈতিক প্রতিপক্ষকে সরিয়ে দিতেই তিনি র‍্যাবের কর্মকর্তা ও সদস্যদের ব্যবহার করেছেন। তবে আদালতের পর্যবেক্ষণ হলো কিছু উচ্ছৃঙ্খলসদস্যের অপকর্মের জন্য পুরো বাহিনীকে দায়ী করা যায় না। আদালতের এই পর্যবেক্ষণের সঙ্গে দ্বিমত পোষণ না করেও যে কথাটি বলা প্রয়োজন, তা হলো এই বিচার যেন কেবল দৃষ্টান্ত হয়ে না থাকে।

একটি সুশৃঙ্খল বাহিনীর একটি পুরো ইউনিট কীভাবে এ ধরনের সংঘবদ্ধ অপরাধে জড়িত হতে পারে, সেই প্রশ্নেও নজর দেওয়া প্রয়োজন। বাহিনীটির সংস্কারের প্রয়োজনীয়তা আরও জোরালোভাবে প্রতীয়মান হয়েছে এই বিচারে। সুতরাং, সেই সংস্কারে কর্তৃপক্ষকে নজর দিতে হবে। সব ক্ষেত্রেই অপরাধের শাস্তি নিশ্চিত করা গেলে ভবিষ্যতে র‍্যাব বা অন্য কোনো বাহিনীর নাম ভাঙিয়ে কেউ এ ধরনের ঘৃণ্য কাজ করতে সাহস পাবে না।

কোনো শাস্তিই মৃত ব্যক্তিদের ফিরিয়ে আনতে কিংবা তাঁদের স্বজনদের বেদনা লাঘব করতে পারবে না। কিন্তু অপরাধী শাস্তি পেলে ভুক্তভোগীদের মনে এটুকু সান্ত্বনা থাকবে যে তাঁরা ন্যায়বিচার পেয়েছেন। ফলে দ্রুততম সময়ে সব আইনি প্রক্রিয়া নিষ্পত্তি করে শাস্তি কার্যকর হওয়াই কাম্য। অস্বীকার করা যাবে না, আইনজীবী ও গণমাধ্যমের সাহসী ভূমিকা সাত খুনের বিচারে সহায়ক হয়েছে। চূর্ণ হয়েছে অপরাধীদের ক্ষমতার দম্ভ।

কিন্তু এত বড় ঘটনা অপরাধীদের স্বজনদের বোধোদয় ঘটাতে পেরেছে বলে মনে হয় না। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্যতম আসামি নূর হোসেনের ভাই নুর উদ্দিন সব দোষ গণমাধ্যমের ওপর চাপিয়েছেন। গণমাধ্যমের কারণে যদি সাত খুনের মামলায় অপরাধীরা শাস্তি পেয়ে থাকেন, সে জন্য এর সঙ্গে সংশ্লিষ্ট সবাই গর্ববোধ করতে পারেন। একই সঙ্গে এই বার্তাও দেওয়া দরকার যে অপরাধীরা যতই ক্ষমতাধর হোক গণমাধ্যম কখনো কর্তব্য পালনে পিছপা হবে না। এই বিচারপ্রক্রিয়ায় আদালতের ভূমিকা বিশেষভাবে প্রশংসনীয়। মামলার তদন্ত পর্যায়ে উচ্চ আদালতের নির্দেশনার কথা এ ক্ষেত্রে বিশেষভাবে স্মরণীয়।