হাইকোর্টের নির্দেশনা দ্রুত বাস্তবায়িত হোক

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মামলায় আসামির ভুল পরিচয় রোধে দেশের সব পুলিশ স্টেশন ও কারাগারে বায়োমেট্রিক ডেটা ব্যবস্থাপনা চালুসহ তিনটি বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। ৫ জুলাই প্রকাশিত একটি মামলার পূর্ণাঙ্গ রায়ে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। রায়ে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে।

মামলার প্রকৃত আসামি না হয়েও গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় এক ব্যক্তির করা রিটের চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ৯ সেপ্টেম্বর বিচারপতি এম ইনায়েতুর রহিম (বর্তমানে আপিল বিভাগের বিচারপতি) ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই রায় দিয়েছিলেন। আট পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি ৫ জুলাই প্রকাশ করা হয়। এ রকম একটি যুগোপযোগী রায়ের জন্য এই দুই বিচারপতির ধন্যবাদ প্রাপ্য। আমরা আশা করি, সরকার দ্রুত এ নির্দেশনা বাস্তবায়নে ব্যবস্থা নেবে।

রায়ে বলা হয়, সারা দেশের সব পুলিশ স্টেশন ও কারাগারে বিদ্যমান ক্রাইম ডেটা ব্যবস্থাপনা পদ্ধতিতে (সিডিএমএস) আঙুলের ছাপ বা ফিঙ্গার প্রিন্ট, হাতের তালুর ছাপ (পাম প্রিন্ট), চোখের মণি (আইরিশ) স্ক্যানিংয়ের ব্যবস্থা যুক্তসহ বায়োমেট্রিক ডেটা ব্যবস্থাপনা পদ্ধতি চালু করতে হবে।

এ ছাড়া বিদ্যমান চিহ্নিতকরণ ফরমের পাশাপাশি কোনো অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের পর প্রাথমিক শনাক্তকরণ পদ্ধতিতে তাঁর মুখের ছবি যুক্ত করতে হবে। মুখের ছবি সমন্বিত তথ্যভান্ডারে আপলোড করতে হবে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের পরপরই তাঁর মুখের ছবি ধারণ করা সংশ্লিষ্ট পুলিশ স্টেশনের প্রথম কাজ হওয়া উচিত।

বাংলাদেশে ভুল ব্যক্তিকে গ্রেপ্তার করা, জেলে পাঠানো, এমনকি সাজা বা দণ্ড দেওয়ারও উদাহরণ রয়েছে। কখনো কখনো এগুলো অসাবধানতাবশত বা অবহেলার কারণে ঘটেছে, কখনো আবার ‘কারসাজি’ করে ঘটানো হয়েছে। এগুলো ঘটার কারণ ছিল, আসামি, অভিযুক্ত বা আটক ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে কোনো বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা হতো না। কিন্তু এই রায়ে যে নির্দেশনা দেওয়া হয়েছে, তা বাস্তবায়িত হলে এ ধরনের ঘটনা বন্ধ হবে এবং এটি ফৌজদারি বিচারব্যবস্থার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে।

আদালতের এই নির্দেশনা বাস্তবায়িত হলে ভুল ব্যক্তিকে গ্রেপ্তার করা ও জেলে পাঠানো বন্ধ হতে পারে এবং মানুষের ভোগান্তি কমতে পারে। আদালত যে নির্দেশনাগুলো দিয়েছেন, সেগুলো ডিজিটাল বাংলাদেশের সঙ্গেও সংগতিপূর্ণ। যেহেতু আইন–আদালতের অনেক কিছুই ডিজিটাল পদ্ধতিতে করার পরিকল্পনা রয়েছে, তাই সরকারের উচিত অগ্রাধিকারের ভিত্তিতে এই নির্দেশনা বাস্তবায়ন করা।

পরিচয় নিশ্চিত করার পাশাপাশি কোনো কোনো ক্ষেত্রে আসামি বা অভিযুক্ত ব্যক্তির বয়স নির্ধারণের বিষয়টিও গুরুত্বপূর্ণ। কিশোর-তরুণদের বিরুদ্ধে হওয়া মামলায় অনেক সময় বয়স নিয়েও ‘কারসাজি’ করা হয়।

কখনো সাজা লঘু করতে বয়স কমিয়ে দেখানো, আবার অপ্রাপ্তবয়স্ক কাউকে ফাঁসানোর জন্য বয়স বাড়িয়ে দেখানোর অভিযোগ রয়েছে। বয়স নির্ধারণের ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষার মতো পদ্ধতি ব্যবহার করলে এই ‘কারসাজি’ বন্ধ হবে বলে আশা করা যায়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সরকার ও বিচার বিভাগের প্রতি আহ্বান জানাই।