আগাম অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে যে ব্যাপক ফসলহানি ঘটেছে, তার দীর্ঘমেয়াদি ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা হাওরবাসীর জন্য অত্যন্ত কঠিন হবে। এ জন্য সরকারের পক্ষ থেকে যেসব সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে ও হচ্ছে, তা প্রয়োজনের তুলনায় নিতান্তই অপ্রতুল। দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো, সরকারি-বেসরকারি পর্যায়ের সাহায্য-সহযোগিতায় ফসলহারা হাওরবাসীর দুঃখ-দুর্দশা কিছু মাত্রায় লাঘব হলেও আগামী বোরো মৌসুমের ফসল না ওঠা পর্যন্ত তাঁদের জীবনে তীব্র অভাব-অনটন থাকবে। এ রকম পরিস্থিতিতে হাওরাঞ্চলের মানুষের নিজ প্রচেষ্টায় অভাব-অনটন লাঘবের কিছু সুযোগ রয়েছে।
হাওরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা প্রধানত ধান ও মাছের ওপর নির্ভরশীল। তাঁদের অর্থনৈতিক কর্মকাণ্ডে ধানের পাশাপাশি মাছের ভূমিকাও বিরাট। ধান ওঠার পরের প্রায় সাত মাস তাঁরা হাওরে মাছ ধরেন। হাওরের বিপুলসংখ্যক মানুষ একই সঙ্গে কৃষিজীবী ও মৎস্যজীবী। এ বছর তাঁরা প্রায় সমস্ত ধান হারিয়েছেন, এখন রইল মাছ। কিন্তু সমস্যা হলো, হাওরে মাছ ধরার অধিকার সবার জন্য অবারিত নয়। সরকার হাওরের খাস বিলগুলো ইজারা দেয়; ইজারাদারেরা সেসব বিলে বন্দুকধারী পাহারাদার নিয়োগ করেন, যাতে সাধারণ মানুষ সেখানে মাছ ধরতে পারেন না।
এ বছর ধান হারিয়ে দিশেহারা হাওরবাসী তাই দাবি তুলেছেন, পুরো বর্ষা মৌসুম তাঁরা যেন হাওরগুলোর সব অংশে মাছ ধরে পরিবার-পরিজন নিয়ে টিকে থাকতে পারেন। তাঁরা হাওরের বিলগুলোর ইজারা বাতিল করার আবেদন জানাচ্ছেন। আমরা মনে করি, তাঁদের এই দাবি শুধু যুক্তিসংগতই নয়, নৈতিক ও মানবিক বিবেচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণও বটে।
সরকার হাওরের বিলগুলো ইজারা দেওয়ার বিনিময়ে যে পরিমাণ রাজস্ব পেয়ে থাকে, তার তুলনায় হাজার গুণ বেশি উপকার করা হবে বিলগুলো সব হাওরবাসীর মাছ ধরার জন্য উন্মুক্ত করে দিলে। সরকার যখন ফসলহারা হাওরবাসীকে সহযোগিতা করতে চাইছে, তখন হাওরবাসীর এই দাবি অগ্রাধিকার পাওয়া উচিত। কারণ, হাওরে সবার মাছ ধরার অধিকার অবারিত করা হলে ফসলহারা হাওরবাসীর ক্ষতি কাটিয়ে ওঠায় সহযোগিতা করা হবে।
তাই হাওরের যেসব বিল ইতিমধ্যে ইজারা দেওয়া হয়েছে, সেগুলোর ইজারা বাতিল করা উচিত। আর যেগুলো এখনো ইজারা দেওয়া হয়নি, আগামী এক বছর সেগুলো ইজারা হবে না—এটা নিশ্চিত করা দরকার। সরকার এখনই এই সিদ্ধান্ত ঘোষণা করলে ফসলহারা উদ্বিগ্ন হাওরবাসী কিছুটা হলেও স্বস্তি পাবেন।