হাওরাঞ্চলে নববর্ষ আসেনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বৈশাখের পয়লা দিন নয়া ধানের চাউলের ভাত দিয়া শিরনি করি আমরা...। ইবার তো এক ছটাক ধানও কেউ তুলতে পারছি না। কান্দন ছাড়া আমরার কোনো উপায় নাই।’ সুনামগঞ্জ সদর উপজেলার নীলপুর গ্রামের কৃষক বাবর আলীর এই মর্মান্তিক উক্তি ছাপা হয়েছে শুক্রবারের প্রথম আলোর এক প্রতিবেদনে।
সুনামগঞ্জে এবার বর্ষবরণের উৎসব হয়নি। সেখানে পয়লা বৈশাখে সংস্কৃতিকর্মীরা কালো ব্যাজ ধারণ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন। যে কৃষকদের সন্তানেরা নতুন জামাকাপড় পরে আনন্দোৎসব করত, এবার তাদের পোশাক ও বদন উভয়ই ছিল মলিন। কারণ, পাহাড়ি ঢলে ১৪০টি হাওরের ধান তলিয়ে গেছে। কৃষকের গোলা শূন্য, হাতে টাকাপয়সা নেই। তাই হাওরের কৃষকের ঘরে এবার নতুন বছরের উৎসব আসেনি।
কিন্তু কৃষকদের এমন সর্বস্বান্ত হওয়ার জন্য দায়ী কে? নিষ্ঠুর প্রকৃতি? আপাতদৃষ্টিতে তা মনে হলেও বস্তুত এর দায় মানুষের, যে মানুষ সংস্থা পরিচালনা করে। হ্যাঁ, সুনামগঞ্জের হাওরগুলোর ফসল রক্ষা করার দায়িত্বে নিয়োজিত আছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নামের একটি সরকারি সংস্থা। সে কারণেই এ সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিলসহ নানান কর্মসূচি পালিত হচ্ছে। শুধু যে কৃষকেরাই আন্দোলন করছেন তা নয়, তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন সুনামগঞ্জের সংস্কৃতিকর্মীসহ নাগরিক সমাজের বিভিন্ন অংশ। জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আইনজীবী সমিতি, মহিলা পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও তাঁদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন। তাঁদের সবার দাবি, ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজে গাফিলতি ও দুর্নীতির দায়ে পাউবোর কর্মকর্তা-কর্মচারী, ঠিকাদার ও প্রকল্প বাস্তবায়ন কমিটির লোকজনকে শাস্তি দিতে হবে এবং ব্যাপক ফসলহানির কারণে সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণা করতে হবে।
দুর্নীতির অভিযোগটি অত্যন্ত গুরুতর। ২৮টি ফসল রক্ষা বাঁধ নির্মাণের নামে ঠিকাদারদের মাধ্যমে ২৫ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে—এ অভিযোগ দুর্নীতি দমন কমিশন আমলে নিয়ে একটা তদন্ত কমিটি গঠন করেছে। কিন্তু ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগের চেয়ে অনেক গুরুতর বিষয় হলো, এ জন্য দুই-আড়াই হাজার কোটি টাকার ফসলহানি ঘটেছে এবং ফসল হারিয়ে সর্বস্বান্ত হয়েছে প্রায় দুই লাখ কৃষক পরিবার। সুতরাং, বিরাট এক অপরাধ সংঘটিত হয়েছে, যার বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া অত্যন্ত জরুরি। নইলে এ ধরনের বিপর্যয়কর পরিস্থিতির পুনরাবৃত্তি বারবার ঘটতে পারে।