হাওরে অবৈধ ব্যাটারি কারখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর হাওরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতার ভবনে স্থাপন করা হয়েছে ব্যাটারি ভেঙে সিসা সংগ্রহের কারখানা। পরিবেশ, মানুষ ও প্রাণীর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ কারখানাটি স্থাপনের আগে পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া হয়নি। যে স্থানে অবৈধভাবে কারখানাটি তিন মাস ধরে চলছিল, সেটা কৃষি ও গোচারণভূমি, জলাশয় ও মানুষের বসতির মাঝেই অবস্থিত। কোনো ইটিপি ও এটিপি প্ল্যান্ট ছাড়াই উন্মুক্ত স্থানে ব্যাটারি গলানোর ফলে সিসাসহ দূষিত অন্যান্য বর্জ্য ছড়িয়ে আশপাশের ঘাস ও পানিতে বিষক্রিয়া সৃষ্টি হয়েছে। সেই পানি ও ঘাস খেয়ে অন্তত ৩২টি গরু মারা গেছে, অসুস্থ হয়ে পড়েছে শতাধিক।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, চান্দপুর হাওর গরুর চারণভূমি। দুই মাস আগে প্রথমে সেখানে একটি গরুর মৃত্যুর খবর পাওয়া যায়। তবে গত ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে প্রতিদিন গরুর মৃত্যুর খবরে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের মাঠকর্মীরা এসে মৃত ও আক্রান্ত গরুর নমুনা সংগ্রহ করেন। ১০ জানুয়ারি ঢাকা থেকে পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদনে উল্লেখ করা হয়, খড়, খাস ও পানিতে অতিরিক্ত সিসার উপস্থিতি রয়েছে। অতিরিক্ত সিসা থেকে সৃষ্ট বিষক্রিয়ায় গবাদিপশু অসুস্থ হয়ে মারা যাচ্ছে। এরপর ১২ জানুয়ারি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।

চান্দপুর হাওরে বিষক্রিয়ায় শুধু ৩২টি গরুর মৃত্যু ও শতাধিক গরু অসুস্থ হওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকার কথা নয়। তিন মাস ধরে যেহেতু দূষণ ছড়িয়েছে, সেহেতু সেখানকার পরিবেশ, জীববৈচিত্র্য ও বাস্তুসংস্থানের ওপর এর নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য। সেখানকার গরুর দুধ, জলাশয়ের মাছ কিংবা শাকসবজি খেলে জনস্বাস্থ্যে ক্ষতিকর প্রভাব পড়তে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেন।

চান্দপুর ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমানের ভবন ও জমিতে অবৈধ কারখানাটি স্থাপন করা হলেও সেটি তাঁর নয় বলে তিনি দাবি করেন। তবে কারখানাটি কার, সে সম্পর্কে প্রথম আলোর জিজ্ঞাসায় কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। মাহফুজুর রহমান একজন জনপ্রতিনিধি এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। একজন জনপ্রতিনিধি ও রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিবেশের জন্য ক্ষতিকর একটা কারখানা স্থাপন এবং সিসা ও দূষিত বর্জ্যের বিষক্রিয়ার দায় তিনি এড়াতে পারেন না। আমরা মনে করি, অবৈধ কারখানাটি যাঁরা স্থাপন করেছেন, তদন্ত করে তাঁদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে।