হাওরে নিরাপদ নৌপথ নিশ্চিত করুন

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুশিয়ারা নদীতে যাত্রীবাহী এমভি শিবপুর লঞ্চে গত রোববার রাতে ডাকাতির ঘটনায় বুধবার সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, মামলা না হওয়ার কারণ হলো ঘটনাস্থল কোন থানার অন্তর্ভুক্ত তা নিয়ে চার থানা-পুলিশের ঠেলাঠেলি।

কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানা, ভৈরব নৌ পুলিশ, মিঠামইন নৌফাঁড়ি এবং হবিগঞ্জের লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা কেউ এ ঘটনার দায় নিতে রাজি হননি। তাঁদের মধ্যে কেউ অন্য থানার ওপর দায় চাপিয়েছেন, কেউবা ডাকাতির স্থানটি তাঁর থানার মধ্যে পড়ে না বলে জানিয়েছেন।

কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা ও নরসিংদী জেলা নিয়ে গঠিত নৌ পুলিশ কিশোরগঞ্জ অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার বলেছেন, জলসীমা নিয়ে জটিলতা তৈরি হলেও এ কারণে মামলা না হওয়ার সুযোগ নেই। কিন্তু দেখা যাচ্ছে, বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।

এমভি শিবপুর লঞ্চের তত্ত্বাবধায়কের অভিযোগ, ডাকাতি হলেই আশপাশের থানার পুলিশ জলসীমা বিরোধে জড়িয়ে পড়াটা পুরোনো অভ্যাস। শুধু এ কারণে নৌ ডাকাতির ৮০ ভাগ ঘটনার মামলা হয় না। ফলে নির্বিঘ্নে ডাকাতি কার্যক্রমও সেখানে চলছে। লঞ্চ ও ট্রলার ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা জানান, ভৈরবের সঙ্গে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনার হাওরাঞ্চলের বাণিজ্য নদীকেন্দ্রিক। কিন্তু প্রায় প্রতিদিন কোনো না কোনো নৌযান ডাকাতের কবলে পড়ছে। আগে প্রতিটি লঞ্চে তিনজন করে নৌ পুলিশ দেওয়া হলেও এখন দেওয়া হচ্ছে না।

হাওরের নৌযানে ডাকাতি করতে কয়েকটি ডাকাত দল সক্রিয় আছে। ডাকাতেরা ডাকাতির স্থান হিসেবে বেশির ভাগ সময় তিন জেলার মোহনা বেছে নেয়। এর ফলে জলসীমা নিয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ বিরোধে জড়ায় এবং শেষে আর মামলা হয় না। এতে ডাকাতেরা আইনি জটিলতা এড়াতে পারে।

এভাবে জলসীমা নিয়ে থানা-পুলিশের বিরোধের সুযোগ কাজে লাগাচ্ছে ডাকাত দলগুলো এবং সাধারণ মানুষজন হচ্ছে ভুক্তভোগী। জলসীমা নিয়ে থানাগুলোর বিরোধে হাওরের নৌপথ পুরোপুরি নিরাপদ করা যাচ্ছে না। এ পরিস্থিতিতে অবিলম্বে থানাগুলোর জলসীমা নির্ধারণ করা জরুরি।

জলসীমা নিয়ে কোনো জটিলতা থাকলে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উচিত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে অভিযোগ নিয়ে যে থানাতেই যাওয়া হোক না কেন, তাদের মামলা নেওয়ার নির্দেশনা দেওয়া। শুধু জলসীমার বিরোধের ‘অজুহাত’ দিয়ে ডাকাতির মতো একটি গুরুতর অপরাধকে আমলে না নেওয়ার বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। পুলিশের কাছ থেকে পেশাদারি ও জনবান্ধব আচরণ প্রত্যাশিত।