হাওরে ফসল রক্ষা বাঁধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের মানুষের স্লোগান: হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও। এটা রাজনৈতিক দলগুলোর রক্ত–গরম–করা আন্দোলনের স্লোগান নয়, সুনামগঞ্জের জনসাধারণের প্রাণের গভীর থেকে উচ্চারিত দাবি। এটা তাঁদের প্রায় চিরন্তন একটা দাবিতে পরিণত হয়েছে। কারণ, হাওরের ফসলহানির ঝুঁকি প্রতি মৌসুমেই থাকে। সেই ঝুঁকি মোকাবিলা করে হাওরের পাকা ধান ঘরে তোলার প্রাণান্তকর সংগ্রামে তাঁদের লিপ্ত থাকতে হয়। ‘হাওর বাঁচাও’ বলে চিৎকার জারি রাখতেই হয়, কেননা হাওর না বাঁচলে সুনামগঞ্জ বাঁচে না, বাঁচেন না সুনামগঞ্জের কৃষক।

সুনামগঞ্জের হাওরগুলো শুধু মৎস্যভান্ডার নয়, ধানেরও ভান্ডার। সেই ধান পাকে একটা নির্দিষ্ট সময়ে; পাকা ধান ঘরে তুলতে হয় নির্দিষ্ট সময়ের মধ্যেই। সময়টা হলো বৃষ্টি শুরু হওয়ার আগেই। কিন্তু প্রকৃতির খেয়ালখুশির ওপর মানুষের হাত নেই। উপরন্তু জলবায়ু পরিবর্তনের ফলে প্রকৃতির আচরণ বদলে যাচ্ছে, ঝড়বৃষ্টি ও পাহাড়ি ঢলের চিরপরিচিত মৌসুম আর ঠিক থাকছে না। বছর দুই আগে হঠাৎ আগাম বৃষ্টি হলো, পাহাড় থেকে নেমে এল অপ্রতিরোধ্য ঢল। পুরো জেলার সব হাওরে তখনো বোরো ধান পাকেনি। সেই অকালে ভারী অকালবৃষ্টি ও পাহাড়ি ঢলে সব হাওরের ফসল রক্ষা বাঁধগুলো ভেঙে লাখ লাখ একর জমির বোরো আবাদ নষ্ট হয়ে গেল। ধনী–গরিবনির্বিশেষে সুনামগঞ্জ জেলার কৃষকেরা সর্বস্বান্ত হলেন। ঘরে ঘরে অনাহার দেখা দিল। সরকারি–বেসরকারি ত্রাণ তৎপরতায় অনাহারি এসব মানুষের দুর্দশা ঘুচল না। ফসলহানির ধকল চলেছে সারা বছর ধরে, গ্রামে গ্রামে দরিদ্র পরিবারগুলোর শিশু ও নারীদের পুষ্টি পরিস্থিতির অবনতি হয়েছে।

এমন ফসল বিপর্যয় এড়ানোর উদ্দেশ্যেই সুনামগঞ্জের হাওরগুলোতে ফসল রক্ষা বাঁধ নির্মাণ করা হয়। প্রতিবছর সেই সব বাঁধের বড় অংশ ভেঙে যায়, সেগুলো আবার নির্মাণ ও মেরামত করার প্রয়োজন হয়। এ জন্য সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করে। কিন্তু বাঁধ নির্মাণ ও মেরামতের কাজগুলো সুষ্ঠুভাবে ও নির্ধারিত সময়ের মধ্যে প্রায় কখনোই সম্পন্ন হয় না। এ বছরও হয়নি। বাঁধ নির্মাণের সব কাজ শেষ করার নির্ধারিত সময়সীমা ছিল ২৮ ফেব্রুয়ারি। কিন্তু এই সময়ের মধ্যে মাত্র ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। এটা যে কত বড় ঝুঁকির বিষয়, তা সুনামগঞ্জের ভুক্তভোগী মানুষ জানেন। তাই তাঁরা নির্ধারিত সময়ের মধ্যে বাঁধ নির্মাণের কাজ শেষ না হওয়ার প্রতিবাদ জানাতে ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’ নামের একটি সংগঠন গত রোববার সকালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। তারা বলেছে, আগামী ১৫ দিনের মধ্যে সব কাজ শেষ না হলে তারা জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কার্যালয় ঘেরাও করবে। এই সংগঠনের পক্ষে এর চেয়ে বেশি কিছু করা হয়তো সম্ভব নয়, কিন্তু ফসল রক্ষা বাঁধগুলো নির্মাণের দায়িত্বে যাঁরা নিয়োজিত আছেন, তাঁদের দায়িত্ব পালনে এই ব্যর্থতার জন্য অনেক কিছু করার আছে। প্রথমত তাঁদের জবাবদিহি করতে হবে, কেন নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলো না। এ জন্য যাঁরা দায়ী তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে। কারণ, জবাবদিহি নেই বলে বছরে বছরে এমন ব্যর্থতার পুনরাবৃত্তি ঘটছে।

যদিও পঞ্জিকা অনুযায়ী বৃষ্টির মৌসুম এখনো দূরে আছে, তবু অভিজ্ঞতা থেকে বলা যায়, হাওরের ফসলের জন্য ঝুঁকিপূর্ণ সময়ে আমরা ইতিমধ্যে ঢুকে পড়েছি। এই অবস্থায় আকস্মিকভাবে বৃষ্টি শুরু হলে এবং উজানের পাহাড়ি নদীগুলোতে ঢল নামলে ৭০ শতাংশ নির্মিত বাঁধ হাওরের ফসল বাঁচাতে পারবে না। সুনামগঞ্জ জেলার হাওরে বাঁধ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন কমিটি মন্ত্রণালয়ের কাছে ১৫ দিন সময় বাড়ানোর আবেদন জানিয়েছে। কিন্তু আমরা মনে করি, তার আগেই, যত তাড়াতাড়ি সম্ভব সব কাজ সম্পন্ন করা উচিত। কোনো বিকল্প নেই।