হাওরাঞ্চলে ফসল রক্ষা বাঁধ ভেঙে ব্যাপক ফসলহানির ঘটনা তদন্ত করার জন্য পানিসম্পদ মন্ত্রণালয়ের গঠিত কমিটি গত বৃহস্পতিবার যে প্রতিবেদন পেশ করেছে, তাতে বলা হয়েছে, বাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দুর্নীতি, অনিয়ম ও অবহেলা ছিল। আবার একই সঙ্গে বলা হয়েছে, অনিয়ম-দুর্নীতির কারণে হাওরে পানি ঢুকে ফসল নষ্ট হয়নি, অতিবৃষ্টির কারণে বাঁধ উপচে হাওরে পানি ঢুকেছিল।
তদন্ত কমিটির দ্বিতীয় বক্তব্যের সঙ্গে ক্ষতিগ্রস্ত ও প্রত্যক্ষদর্শী হাওরবাসীর দ্বিমত রয়েছে। হাওরাঞ্চলের নদীগুলো বেয়ে উজান থেকে আসা প্রবল ঢলের তোড়ে অনেক বাঁধের অনেক দুর্বল জায়গা ভেঙে হাওরে পানি ঢুকেছে—এমন কথা স্থানীয় এলাকাবাসী সাংবাদিকদের বলেছেন। স্থানীয় সাংবাদিকদের কেউ কেউ নিজেও এমন দৃশ্য দেখেছেন। তবে এ কথাও সত্য যে কিছু কিছু জায়গায় বাঁধ উপচে ফসলভরা হাওরে পানি ঢুকেছে। দুভাবেই ব্যাপক ফসলহানি ঘটেছে, যা একেবারে অনিবার্য ছিল না।
প্রতিবছরই হাওরে পানি ঢুকে কিছু না কিছু ফসলহানি ঘটে। কিন্তু এবারের ফসলহানি বহুকালের রেকর্ড ভঙ্গ করেছে। এর একটা কারণ উজানে ব্যাপক আগাম বৃষ্টি ও তার ফলে ধেয়ে আসা প্রবল পাহাড়ি ঢল, আর একটা কারণ বাঁধগুলো যথাসময়ে ভালোভাবে মেরামত না করা। পাউবো যেসব ঠিকাদারকে বাঁধ মেরামতের দায়িত্ব দেয়, তাঁরা যথাসময়ে কাজ শেষ করেন না, কাজগুলো ভালোভাবে করেন না, ফলে বাঁধগুলোতে অনেক নাজুক জায়গা থেকে যায়। তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, কাজে বারবার ব্যর্থ হয়েছেন এমন ঠিকাদারদের পাউবো আবারও কাজ দেয়। স্থানীয় লোকজনের অভিযোগ, পাউবোর অসৎ লোকজন ও ঠিকাদাররা মিলে একটা চক্র গড়ে উঠেছে, তাঁদের দুর্নীতি-অনিয়ম-অবহেলা একটা নিয়মিত ব্যাপারে পরিণত হয়েছে।
আর কাজের বিনিময়ে টাকা (কাবিটা) কর্মসূচির আওতায় স্থানীয় সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত প্রকল্প বাস্তবায়ন কমিটিকে (পিআইসি) বাঁধের বিভিন্ন স্থান মেরামতের যে দায়িত্ব দেওয়া হয়, তা পালনে অনিয়ম-অবহেলার অভিযোগও পুরোনো। তদন্ত কমিটির প্রতিবেদনে তাঁদের কথাও উল্লেখ করা হয়েছে।
হাওরের এমন ব্যাপক ফসলহানির পুনরাবৃত্তি যেকোনো উপায়ে ঠেকাতে হবে। সে জন্য বাঁধ নির্মাণ-মেরামতের সঙ্গে জড়িত ব্যক্তিদের দুর্নীতি-অনিয়ম-অবহেলা স্থায়ীভাবে বন্ধ করতে কঠোর পদক্ষেপ নিতে হবে। পাউবোর দুর্নীতিবাজ প্রকৌশলী-কর্মকর্তাদের বদলি বা বরখাস্ত যথেষ্ট নয়; তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা উচিত, তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত, যেন ভবিষ্যতে কেউ বাঁধ নির্মাণে দুর্নীতি-অনিয়ম করার সাহস না পায়।