হাওরে বাঁধ ভাঙলে শাস্তি শুধু বদলি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খরচার হাওরের ধান/ সারা বাংলার একবেলার প্রাণ—সুনামগঞ্জের বোরো ফসলের সর্ববৃহৎ এই হাওর নিয়ে এ রকম ছন্দকথা হাওরাঞ্চলে প্রবাদের মতো প্রচলিত। ‘বাংলার প্রাণ’ খ্যাত এ হাওরের ফসল রক্ষায় সীমান্তের চলতি নদীর মুখে গজারিয়া বাঁধ প্রতিবারই নড়বড়ে থাকে। ২০০২ সালের ৯ এপ্রিল গজারিয়া বাঁধ ভেঙে গেলে তিন দিনের মধ্যে খরচার হাওরসহ আশপাশের এলাকার চারটি হাওর তলিয়ে যায়। এভাবে এক সপ্তাহের মাথায় সুনামগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রকল্পভুক্ত ২৮ হাওরের বাঁধ ভেঙে ফসলডুবি ঘটে। ফসল রক্ষা বাঁধ ভেঙে যাওয়ায় পাউবোর গাফিলতির বিষয়টি প্রথম আলোয় একাধিক প্রতিবেদনের মাধ্যমে প্রকাশিত হলে তৎকালীন সিলেট অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুর রহমান এবং সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলীসহ আট কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়। সেই থেকে হাওরে বাঁধ ভাঙলেই বদলি—এ রকম অঘোষিত এক প্রথা চালু হয়েছে। প্রায় এক দশক ধরে সিলেট অঞ্চলের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রকৌশল বিভাগে এ রকম প্রবণতা চলায় বিষয়টি একধরনের কৌশল বলে অভিহিত হচ্ছে। সিলেটসহ সুনামগঞ্জের হাওরাঞ্চলে এবার পাহাড়ি ঢলের প্রথম ধাক্কায় হাওরের ফসল রক্ষা বাঁধ ভাঙার উপক্রম হওয়ায় এখন পাউবো কর্তৃপক্ষের বদলি-কৌশল ঠেকানোর দাবি উঠছে। ২০০০ সাল থেকে চলতি বছর পর্যন্ত সুনামগঞ্জের বিভিন্ন হাওরে পাউবোর বাঁধ নির্মাণ ও ভেঙে যাওয়ার অবস্থা প্রত্যক্ষকারী সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার চেয়ারম্যান ইউসুফ আল-আজাদের অভিজ্ঞতা হলো, ‘বাঁধ ভেঙে হাওরের ফসলডুবির ঘটনা নতুন নয়। প্রতিবছরই ঘটে। কিন্তু এই বাঁধ ভাঙার কোনো শাস্তি নেই। বাঁধ ভেঙে গেলে কর্মকর্তারা বদলি হয়েই বরং পরিত্রাণ পান। এ জন্য যদি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহি ও শাস্তির বিষয়ে কড়াকড়ি থাকত, তাহলে অনেকেই দায়িত্ব নিয়ে কাজ করতেন।’ সুনামগঞ্জের হাওরাঞ্চলে ২০০০ সাল থেকে এ পর্যন্ত বড় আকারের বাঁধ ভেঙে ফসলডুবির চারটি ঘটনা ঘটে। এর মধ্যে ২০০০ ও ২০১০ সালে ফসলডুবির ঘটনা ছিল সর্বপ্লাবী। গত বছরের ফসলডুবির পরপরই সুনামগঞ্জ পাউবোর তৎকালীন নির্বাহী কর্মকর্তা আবদুল হাকিমকে তাৎক্ষণিক বদলি করা হয়; সম্প্রতি সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকেও বদলি করা হয়। এতে করে অভিজ্ঞতার আলোকে কাজ করার বিষয়টিও নিশ্চিত হচ্ছে না বলে খোদ পাউবোয় কর্মরত ব্যক্তিরা মনে করছেন।সুনামগঞ্জে গত বছর ফসলডুবির পর ঠিকাদারি প্রথা বিলোপ করে প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে অনেকটা ‘কাজের বিনিময়ে টাকা’ কর্মসূচির আদলে ১৩১টি প্রকল্পে কাজ হয়েছে। এতে বরাদ্দ ছিল প্রায় ১২ কোটি টাকা। গত ১৫ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কাজ শেষ করার নির্দেশনা থাকলেও বেঁধে দেওয়া সময়ের মধ্যে মাত্র ৪০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছিল। কিন্তু গত বছরের অভিজ্ঞতা সামনে রেখে কৃষক ও জনপ্রতিনিধি পর্যায় থেকে পাউবো কর্তৃপক্ষকে বারবার তাগাদা দেওয়ার পরও কাজ সম্পন্ন করায় কোনো গতি ছিল না বলে অভিযোগ রয়েছে।সিলেট ও সুনামগঞ্জের বোরো চাষিদের হাওর জগন্নাথপুরের নলুয়ার হাওরে প্রায় এক সপ্তাহ ধরে স্বেচ্ছাশ্রমে বাঁধ রক্ষার কাজে ব্যস্ত জগন্নাথপুর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তাদীর আহমদ। ত্রস্ত মানুষের কাছাকাছি থেকে তিনি বললেন, ‘পাউবো কর্তৃপক্ষকে যতবার বাঁধ রক্ষার বিষয়ে অবহিত করা হয়েছে, ততবারই মনে হয়েছে তারা আনকোরা। নির্বাহী প্রকৌশলীর হাওরে ফসল রক্ষা বাঁধ সম্পর্কে ন্যূনতম কোনো জ্ঞান নেই বলে আমাদের মনে হয়েছে।’গত বছর ফসলডুবির পরপরই পাউবো সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী আবদুল হাকিমকে বদলি করা হয়। শূন্য ওই পদে গত নভেম্বরে যোগ দেন পাউবোর উপকূলীয় অঞ্চলে কর্মরত থাকার অভিজ্ঞতাসম্পন্ন নির্বাহী প্রকৌশলী শৈলেন চন্দ্র পাল। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনিও স্বীকার করেন, তাঁর অভিজ্ঞতায় এ রকমটি এবারই প্রথম তিনি পার করছেন।সিলেটে পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দায়িত্বে থাকা এহসান আলীকে সম্প্রতি বদলি করা হয়েছে। নতুন নিযুক্ত হওয়া তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল কালাম আজাদ ঘন ঘন বদলি হলে কাজে সমন্বয় না হওয়ার বিষয়টি স্বীকার করলেও তাঁর দায়িত্ব পালনে কোনো সমস্যা হচ্ছে না বলে দাবি করেন। হাওরে বাঁধ ভাঙার পরপরই বদলি হওয়ার বিষয়েও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তত্ত্বাবধায়ক প্রকৌশলী বলেন, ‘আমাদের আবার নতুন করে অভিজ্ঞতার কী প্রয়োজন। আমি গত এক সপ্তাহে চাপাতি, বরাম, নলুয়া ও গজারিয়ার বাঁধ পরিদর্শন করে এসেছি। পানি কমেছে। আতঙ্কের কারণ নেই।’ সার্বিক অবস্থা সম্পর্কে পাউবোর পর্যবেক্ষণ হচ্ছে, কয়েক দিন ধরে বৃষ্টিপাত হওয়ায় সিলেট অঞ্চলের নদী সুরমা, কুশিয়ারা, কালনী, মহাসিংসহ সব নদীতে পানি বাড়তে থাকে। নদীর পানি এখনো বিপৎসীমার নিচে থাকলেও বাঁধের উচ্চতা কম থাকায় প্রায় ২০ কোটি টাকার বোরো ফসল ঝুঁকির মুখে রয়েছে। এই ঝুঁকি থেকে কি কোনো মুক্তি নেই? আমরা যাঁরা হাওরের খবরের সন্ধানে উন্মুখ হয়ে থাকি, তাঁদের কি কেবলই বিনাশ হওয়ার পেছনে মূর্তিমান হয়ে থাকতে হবে? যখন ফসলডুবি ঘটে, তখন এ প্রশ্নগুলো রেখাপাত করে। কিন্তু সমাধান যেন সুদূরপরাহত। হাওরে বছরে একটি ফসলই ফলে। সেই ফসল ঘরে তুলতে পারলেই হাওরের মানুষ ধনী। নয়তো নয়। এই জীবনধারা যাঁরা জানেন, তাঁদের আক্ষেপ একটাই—কোটি কোটি টাকার ফসল রক্ষার কাজ যাঁরা তদারক করেন, বাঁধ ভাঙলে তাঁদের শুধু বদলি করেই প্রলয় বন্ধ আর কতকাল?উজ্জ্বল মেহেদী: সাংবাদিক[email protected]