হাওরে বাঁধের কাজে গাফিলতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাওরে বাঁধের কাজে গাফিলতির কারণে গত মঙ্গলবার সুনামগঞ্জের তাহিরপুর ও জগন্নাথপুরে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) ১১ জনকে আটক করা হলেও পরে মুচলেকা দিয়ে তাঁরা ছাড়া পান। প্রকল্পের তদারকির দায়িত্বে নিয়োজিত তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাঁধের কাজ শেষ করার কথা থাকলেও কোনো কোনো কমিটি এখনো কাজই শুরু করেনি। আবার কোনো কোনো কমিটির কাজ চলছে খুবই ঢিমেতালে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

আমরা তাঁর এই অবস্থানকে সমর্থন করি। কোনো পর্যায়ে কেউ যাতে দায়িত্ব পালনে অবহেলা করতে না পারে, সে জন্য তদারকি বাড়াতে হবে। সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে। দেখার বিষয়, মোট হাওরের বাঁধ নির্মাণে গঠিত ৫৫৩টি প্রকল্প বাস্তবায়ন কমিটির মধ্যে শুধু ওই ১১টি কমিটির কাজে গাফিলতি ছিল, না আরও বেশি কমিটি এ রকম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। দ্রুততম সময়ে সব কমিটির কাজই খতিয়ে দেখা এবং উল্লিখিত দুই উপজেলার বাইরেও তদারকির কাজটি জোরদার করা প্রয়োজন, যাতে নির্ধারিত সময়ে বাঁধের কাজ শেষ করা যায়।

ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। ২০১৭ সালে হাওরে বাঁধ নির্মাণে গাফিলতির কারণে যে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছিল, হাজার হাজার একর জমির ফসল ডুবে গিয়েছিল, তার পুনরাবৃত্তি কাম্য হতে পারে না। ২০১৭ সাল পর্যন্ত ঠিকাদারদের মাধ্যমে এসব বাঁধ নির্মাণ করা হতো। কিন্তু তাঁদের বেশির ভাগ ঠিকাদার সময়মতো বাঁধের কাজ শেষ না করে নানা ছলচাতুরীর আশ্রয় নিতেন।

গত বছর ঠিকাদারি প্রথা বাদ দিয়ে সরকার স্থানীয় জনগণকে নিয়ে ৫৫৩টি কমিটি করে দেয়। মনে রাখা প্রয়োজন, প্রতিটি কমিটি সময়মতো কাজ শেষ করতে না পারলে পুরো উদ্যোগই ভেস্তে যেতে পারে। অতএব, তাহিরপুর ও জগন্নাথপুরের ইউএনওর মতো অন্যান্য এলাকায়ও তদারকি বাড়াতে হবে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজেদের ব্যর্থতা আড়াল করার যে অপসংস্কৃতি চলছে, তার অবসান ঘটাতে হবে। প্রতিটি কমিটির কর্তব্য হবে বাঁধের কাজটি সময়মতো শেষ করে দৃষ্টান্ত স্থাপন করা।

২০১৭ সালে ঠিকাদারদের পুকুরচুরি ধরা পড়ার পর সরকার সেই ব্যবস্থা বাদ দিয়ে স্থানীয় বাসিন্দাদের নিয়ে প্রকল্প বাস্তবায়ন কমিটির নামে কাজটি করে গত বছর ভালো ফল পেয়েছে। খেতের ফসল ও মাছের তেমন ক্ষতি হয়নি। তাই এবারও আগেভাগে বাঁধ নির্মাণের কাজ শেষ করে হাওরের মানুষকে বিপদমুক্ত রাখতে হবে।

সেই সঙ্গে আরেকটি বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। ২০১৭ সালের বাঁধের কাজে গাফিলতির কারণে দুর্নীতি দমন কমিশন পাউবোর কর্মকর্তা, ঠিকাদারসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে। দ্রুত সময়ে মামলার বিচার হবে এবং অপরাধীরা শাস্তি পাবে, এটাই প্রত্যাশিত।