সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের কয়েকটি জেলাজুড়ে বিশাল হাওর অঞ্চল। বছরে এখানে একটি ফলন হলেও, তা দেশের মোট চালের চাহিদার একটা বড় অংশ পূরণ করে। এ কারণে যে বছর বন্যায় হাওরের ফসল ভেসে যায়, সে বছর দেশে খাদ্যসংকট দেখা যায়। যেমনটি ঘটেছিল ২০১৭ সালে।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর হাওরে ধানের ফলন ভালো হয়েছে। দুশ্চিন্তা হলো ধান কাটা নিয়ে। সাধারণত এপ্রিলের শুরুতে হাওরে ধান কাটা শুরু হয়। এবার চাষে কিছুটা বিলম্ব হওয়ায় ধান পাকতেও বিলম্ব হয়েছে। তারপরও আশা করা যায়, এপ্রিলের মধ্যেই সব ধান ঘরে তোলা যাবে। কিন্তু সমস্যা দেখা দিয়েছে ধান কাটার শ্রমিক ও আনুষঙ্গিক প্রস্তুতি নিয়ে। কৃষি মন্ত্রণালয় বলেছে, ধান কাটার জন্য তারা সেখানে ১৮০টি কম্বাইন্ড হারভেস্টার ও ১৩৭টি রিপার বরাদ্দ করেছে। এ ছাড়া হাওরে যেতে ইচ্ছুক কৃষক-শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা, সাবান, হ্যান্ড স্যানিটাইজারসহ উপকরণ দেওয়ার কথাও জানিয়েছে মন্ত্রণালয়।
প্রথম আলোর তথ্যমতে, হাওরে স্থানীয়ভাবে ১৮ শতাংশ শ্রমিকের জোগান আসে। বাকি ৮২ শতাংশ শ্রমিক আনতে হয় বাইরে থেকে, যার মধ্যে উত্তরাঞ্চলের শ্রমিকই বেশি। করোনা সংকটের কারণে বর্তমানে দেশব্যাপী গণপরিবহন বন্ধ আছে। এ ছাড়া অনেক জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে। এ অবস্থায় প্রয়োজনীয় শ্রমিক হাওরে আনা কঠিন হবে। কৃষি মন্ত্রণালয়ের দাবি, শ্রমিকদের আনার জন্য বিশেষ গাড়ির ও তঁাদের স্বাস্থ্যসম্মত থাকার ব্যবস্থা করার জন্য স্থানীয় প্রশাসকে নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের দেশে নির্দেশ ও বাস্তবায়নের মধ্যে আকাশ-পাতাল ফারাক থাকে।
তাই মন্ত্রণালয়কে শুধু নির্দেশ দিয়ে বসে থাকলে হবে না, সেটি যাতে পালিত হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। হাতে সময় একেবারে নেই। হাওরের উজানে ভারতের মেঘালয়, আসাম ও বরাক উপত্যকায় বৃষ্টি শুরু হয়েছে এবং তা চলতি মাসের শেষ নাগাদ অব্যাহত থাকার শঙ্কা আছে। উজানে টানা বৃষ্টি হলে হাওরে বন্যার প্রকোপ বেড়ে যাবে। তখন ধান কাটা কঠিন হবে। এ কারণে বিশেষজ্ঞরা এপ্রিলের মধ্যেই হাওরের সব ধান কাটার পরামর্শ দিয়েছেন। কিছু কিছু এলাকায় ধান কাটা শুরুও হয়েছে।
বৃষ্টি ও বন্যার বিষয়টি মাথায় রেখে অবিলম্বে হাওরে ধান কাটা জোরদার করতে হবে, যাতে এপ্রিলের মধ্যেই হাওরের সব ধান কাটা হয়ে যায়। অন্যথায় সর্বনাশ হয়ে যাবে।