সুনামগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ ও নেত্রকোনার হাওরাঞ্চল ভারত থেকে আসা অতিবৃষ্টির ঢলে ভয়ানক দুর্গত হয়ে পড়েছে। একমাত্র ফসল যে বোরো, তার ৫০ ভাগই নষ্ট হয়েছে। অশনিসংকেত হয়ে দেখা দিয়েছে মাছসহ জলজ প্রাণীগুলোর অস্বাভাবিক মৃত্যু। আশঙ্কা করা হয়েছে, সীমান্তের ওপারের উন্মুক্ত ইউরেনিয়াম খনি থেকে তেজস্ক্রিয় ইউরেনিয়াম পানিকে বিষাক্ত করে তুলেছে। আশঙ্কা সত্য হলে তা হাওরাঞ্চলের মাটি, পানি, মানুষসহ সব প্রাণীর জন্য এক মারাত্মক বিপর্যয়। এদিকে ফসলহানির কারণে ব্যাপক খাদ্যাভাব দেখা দিয়েছে। আগামী চৈত্র মাসে নতুন ফসল ওঠা পর্যন্ত লাখ লাখ পরিবারের খাদ্য জোগানো ও জীবন চালানোর কোনো উপায়ই নেই। সুতরাং, উপদ্রুত হাওরাঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া অমানবিক হবে।
যে এলাকায় বন্যা হয়েছে, সেখানকার অনেকের ফসল শতভাগই নষ্ট হয়েছে। পানি এখনো বাড়ছে, অন্য এলাকার বাঁধগুলোও ঝুঁকিতে। সরকার ইতিমধ্যে কিছু ত্রাণ কাজ শুরু করলেও তা অপ্রতুল। সবার আগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জরুরি খাদ্য সাহায্য, ওএমএস কার্যক্রম চালু ও পানিদূষণ থেকে রক্ষার সামগ্রী দিতে হবে। কৃষকদের ঋণের সুদ মওকুফ করে নতুন করে ঋণ দিতে হবে। সেখানে ত্রাণ শিবিরের পাশাপাশি স্বাস্থ্য শিবিরও স্থাপন করা জরুরি।
সীমান্তের ওপারে অতিবৃষ্টি হওয়াকেই এই অকালবন্যার কারণ বলা হলেও এর সঙ্গে মনুষ্যসৃষ্ট কারণও জড়িত। হাওরের ফসলি জমি রক্ষায় বাঁধ নির্মাণ ও মেরামতে দুর্নীতি ও গড়িমসির দায় পানি উন্নয়ন বোর্ড ও তাদের ঠিকাদারদের। ফেব্রুয়ারি মাসের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও অধিকাংশ ক্ষেত্রে তা সম্পন্ন করা হয়নি। কৃষকেরা আগাম দাবি জানিয়ে আসছিলেন, সময়মতো বাঁধের কাজ যেন শেষ করা হয়। হাওর এলাকার প্রতিটি নদ-নদী ভরাট হয়ে গভীরতা কমে যাওয়া এবং স্লুইসগেট ব্যবস্থাপনায় ত্রুটিও এ পরিস্থিতির জন্য দায়ী।
সীমান্তবর্তী মেঘালয়ের নদীতেও অনেক প্রজাতির জলজ প্রাণীর মৃত্যুর জন্য ইউরেনিয়াম খনিকে দায়ী করছে সেখানকার কিছু সংগঠন। বাংলাদেশ আণবিক কমিশনসহ কৃষি ও পরিবেশ-সংশ্লিষ্ট সব সংস্থার উচিত মাছ, হাঁস, ব্যাঙ প্রভৃতি প্রাণীর মহামারির কারণ খুঁজে বের করা।