‘...দেখিতে গিয়েছি পর্বতমালা,/ দেখিতে গিয়েছি সিন্ধু।/ দেখা হয় নাই চক্ষু মেলিয়া/ ঘর হতে শুধু দুই পা ফেলিয়া/ একটি ধানের শিষের উপরে/ একটি শিশিরবিন্দু\’ কথাটা আক্ষরিক অর্থে গ্রহণ করলে আমার বেলাতেও সত্যি। আসলেই তো আমি কোনো দিন ঘর থেকে দু পা ফেলে একটা ধানের শিষের ওপরে একটা শিশিরবিন্দুর অপূর্ব সৌন্দর্য দেখতে বের হইনি। শিশিরভেজা মাঠ দেখেছি, ধানখেতও দেখেছি, কিন্তু ধানের শীষে শিশিরবিন্দু টলমল করছে, এই রকমের কোনো দৃশ্য আমার স্মৃতিপটে নেই। যা বারবার মনে আসছে তা একটা আলোকচিত্র, সবুজ কয়েকটা ধানের গায়ে শিশির জমে আছে—এই রকমের একটা ছবি। সত্য বটে, আয়োজন করে পাহাড় আর সমুদ্র দেখতে গেছি। আমি খুব ভ্রমণপিপাসু নই, আমার ঘর হতে আঙিনা সত্যি সত্যি বিদেশ। তবু, পাকে-চক্রে কিছু সমুদ্র, কিছু পাহাড় আমার দেখা হয়েছে। যে সমুদ্র সবচেয়ে সুন্দর তা আজও নিশ্চয়ই আমারও দেখা হয়নি, যেমনটা কবিতায় বলেছিলেন কবি নাজিম হিকমত, তবে বেশ কিছু সাগর-মহাসাগরের তীরে আমি গেছি বটে। আটলান্টিক আর প্রশান্ত দুই মহাসাগরের জলেও আমি পা ভিজিয়েছি। মেলবোর্ন থেকে প্রশান্ত মহাসাগরের তীর ধরে গাড়ি করে চলতে চলতে দু পাশের পাহাড় আর সমুদ্রের যে সৌন্দর্য অবলোকন করেছি, তা ভাষায় প্রকাশ করা যাবে না। থাইল্যান্ডের পাতায়া আর ভারতের পুরি যাওয়ার সুযোগ আমার হয়েছে। সানফ্রান্সিসকোতে গিয়ে আর সব দর্শকের মতো আমি জাহাজে করে গোল্ডেন ব্রিজের নিচে ঘুরে এসেছি। লস অ্যাঞ্জেলেসের বিখ্যাত হলিউড তারকাদের দামি পাড়া থেকে বেরিয়ে পাহাড় থেকে নিচের সমুদ্রের দিকে তাকালে কার না মনটা ভরবে। কোপেনহেগেনে গিয়ে জাহাজে করে গেছি সমুদ্রতীরের উইন্ডমিল দেখতে, বাতাসে পাখা ঘুরিয়ে যেখানে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। স্টকহোমের জলভ্রমণও আমাকে মুগ্ধ করে রেখেছে। টোকিওতেও জাহাজভ্রমণের সুযোগ হয়েছিল, যেমন মালয়েশিয়ার লংকাবিতে সমুদ্রের জলে দিনভর সাঁতার কেটেছি। হিউস্টনে গেছি মেক্সিকান উপসাগরের তীরে। এত কথা বলছি, শুনে মনে হতে পারে, বেটা ভাব নিচ্ছে, ফুটানি দেখাচ্ছে, কত জায়গায় গেছে তা শুনিয়ে হামবড়া সাজছে। আসলে তা না, যে একটা কথা বলার জন্য এত কথা বলছি তা হলো, আমার সবচেয়ে ভালো লেগেছে টেকনাফ থেকে সৈকত ধরে কক্সবাজার আসার পথে কিছু জায়গা। একদিকে নির্জন সবুজ পাহাড়, আরেক দিকে সমুদ্র, মধ্যখানে বালুর সৈকত, কোনো জনমনিষ্যি নেই, কোথাও বা দু-একটা জেলেনৌকা বা জাল। এত দীর্ঘ বালুর সৈকত পৃথিবীতে সম্ভবত আর একটাও নেই। আর এর যে সৌন্দর্য, তা অনুভব করা যায় পর্যটকের পা পড়েনি এমন সব এলাকায় গেলে। বালুময় এক খণ্ড সৈকত পেলে অন্য সব দেশের মানুষ কী কাণ্ডটাই না করে! লস অ্যাঞ্জেলেসে একবার আমেরিকান সরকারের একটা দাওয়াতে গিয়েছিলাম, ওরা তাদের কর্মসূচির অংশ হিসেবে নিয়ে গেল প্রশান্ত মহাসাগরের সৈকত দেখাতে। ছোট্ট একটা সৈকত, তার বালুতে নারী-পুরুষ এমনভাবে শুয়ে আছে, তা দেখে মনে হচ্ছিল আমাদের গ্রামের বাড়ির মুরগিটা বালুস্নান করতেও এর চেয়ে বড় বালুক্ষেত্র পায়।আমাদের টেকনাফ থেকে কক্সবাজারের কোনো তুলনা হয় না। মধ্যখানে কিছুদিন পৃথিবীর প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের প্রাথমিক তালিকায় কক্সবাজারের স্থান ছিল। বাংলাদেশে জমির পরিমাণ কম। ঢাকা শহরে ফ্ল্যাট বানানোর মতো প্লট খুব অল্পই খালি আছে। দখল করার মতো জমিও আর কিছু সম্ভবত অবশিষ্ট নেই। বৈধ-অবৈধ পথে, দস্যুতা দিয়ে বা টাকার জোরে সব দখল হয়ে গেছে, আর পরিকল্পনাহীনভাবে ভবন তোলা হয়েছে। তবু ঢাকা শহরে একটা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আছে, যারা ভবনের নকশা অনুমোদন করে। মাঝেমধ্যে অননুমোদিত ভবন ভাঙতেও দেখা যায়। কিন্তু কক্সবাজার নামের ছোট্ট জেলা শহরটা আমাদের চোখের সামনে কী ভীষণভাবেই না পাল্টে গেল! এক বর্গকিলোমিটার জায়গার মধ্যে শ আড়াই হোটেল হয়েছে, আরও ৫০টা হচ্ছে। ডেভেলপারদের চোখ অনেক আগেই পড়েছে কক্সবাজারের ওপরে, ভূমিদস্যুদের থাবাও পড়েছে। বড় বড় ভবন নির্মিত হচ্ছে, সেখানে ফ্ল্যাট বিক্রি করা হচ্ছে, কক্সবাজার যেন পরিণত হয়েছে আটলান্টিক সিটিতে। রাস্তা মাত্র একটা, সেটাও প্রশস্ত নয়। স্থানীয় লোকদের সঙ্গে কথা বলে জানতে পারলাম, পাহাড় কাটা চলছে দেদার। মাত্র ১০-১৫ বছর আগে যে জমির দাম ছিল ৬০ হাজার টাকা, এখন সেই জমির দাম এক-দেড় কোটি টাকা। এ কথা যদি সত্য হয়, তবে মূল্যবৃদ্ধির এই গতি রকেটের গতিকেও হার মানিয়েছে। এবং সে ক্ষেত্রে ভূমিবণিক ও দখলদারের হাত থেকে কিছুই যে রক্ষা করা যাবে না, তাতে কোনো সন্দেহ নেই। লুৎফর রহমান রিটন আশির দশকে একটা ছড়া লিখেছিলেন, ‘আবদুল হাই, করে খাই খাই, এক্ষুনি খেয়ে বলে কিছু খায় নাই। খায় সে সব খায়, আসম রব খায়।’ কিংবা সেলিম আল দীনের মুনতাসির ফ্যান্টাসিতে একটা সংলাপ ছিল, একজন লোক সব খেতে চায়, তার সামনে আরেকজন বলে উঠল, ‘সর্বনাশ’; তখন প্রথম জন বলল, আমি সর্বনাশপাতি খাব। আমাদের ভূমিখাদকেরা সব খাবে, সর্বনাশও খাবে, সর্বনাশপাতিও খাবে। সম্প্রতি কক্সবাজারে গিয়ে আমার এই উপলব্ধি হয়েছে। কোনো নিয়মকানুন আছে বলে মনে হচ্ছে না। কোনো ভবন উঠেছে সমুদ্রের ধারে, কোনো ভবন উঠেছে পাহাড় কেটে। কোনো কোনো সুউচ্চ ভবন উঠেছে ধানখেতের পানি সেচে, কোনো ভবন উঠেছে দুই বছর আগে যেটাকে দেখে এসেছিলাম জলাভূমি, সেখানে। না, কক্সবাজারে কোনো উন্নয়ন কর্তৃপক্ষ নেই। জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারের উচ্চপর্যায়ে লেখা হয়েছে, যাতে সরকার কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ধরনের একটা কিছু অবিলম্বে গঠন করে দেয়—এই তথ্য জানালেন প্রথম আলোর কক্সবাজার প্রতিনিধি আব্দুল কুদ্দুস। শুনতে পেলাম, ভবনের অনুমোদনসংক্রান্ত দুর্নীতির কারণে পৌরসভার চেয়ারম্যান, তারপর ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সরকার সরিয়ে দিয়েছে। জেলা প্রশাসকের নেতৃত্বে সৈকত ব্যবস্থাপনা কমিটি আছে, যারা নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, আলো ইত্যাদি দেখভাল করে। কিন্তু একটা স্থাপনা নির্মাণের আগে পরিবেশ অধিদপ্তর, উড্ডয়ন কর্তৃপক্ষ, অগ্নিনির্বাপক কর্তৃপক্ষের যে অনুমতি নিতে হয়, সেসব কি এই পৌরসভার পক্ষে সামাল দেওয়া সম্ভব? আর যদি আবদুল হাইয়ের মতো খাই খাই পার্টি সামনে এসে ফাইল হাতে দাঁড়ায়!ঢাকা শহরটাকে আমরা নষ্ট করেছি, এরপর ঢাকার আশপাশের জেলাগুলোকে নষ্ট ও বেদখল করছি, এখন আমাদের নষ্টহস্ত বিস্তার লাভ করেছে টেকনাফে, কক্সবাজারে, কুয়াকাটায়। সর্বত্র প্লট বানানো হচ্ছে, বিক্রি হচ্ছে। কিছুদিনের মধ্যেই কক্সবাজার কুয়াকাটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। অপরিকল্পিত নগরায়ণের মাধ্যমে সবকিছুকে নষ্টভ্রষ্টধ্বংস করার এক অপূর্ব প্রতিভা নিয়ে বাংলাদেশে আমরা বেড়ে উঠেছি। আমাদের সর্বনাশা লোভের বিধ্বংসী ছোবল সেন্ট মার্টিন পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই ধ্বংসের হাত থেকে প্রকৃতির দান কক্সবাজার, কুয়াকাটা, সেন্ট মার্টিনকে বাঁচান। আমি করজোড়ে নিবেদন করি, কক্সবাজার, কুয়াকাটা, সেন্ট মার্টিনকে রক্ষা করতে, একে পরিকল্পিতভাবে গড়ে তুলতে একটা মাস্টার প্ল্যান প্রণয়ন করার জন্য যোগ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দায়িত্ব দিন। লুই আই কান আমাদের শেরেবাংলা নগরকে তার দূরদর্শিতা আর মাস্টারি দিয়ে এত সুন্দর করে গড়ে দিয়েছেন যে এখনো তা আমরা ধ্বংস করে উঠতে পারিনি। দয়া করে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত পুরো এলাকাটাকে একটা পরিকল্পনার মধ্যে, একটা নিয়মের মধ্যে, একটা কর্তৃপক্ষের খবরদারির আওতায় আনুন। সরকার ৪৯টা প্লটের বরাদ্দ বাতিল করেছে, এই খবর প্রথম আলোতেই বেরিয়েছিল, কিন্তু শুধু টোটকা চিকিৎসা দিয়ে এই মহামারির হাত থেকে এই এলাকাগুলোকে বাঁচানো যাবে না। যোগ্য দূরদর্শী বিশেষজ্ঞ পর্যায়ের পরিকল্পনা, কঠোর নিয়মকানুন বিধি, আর যোগ্য-দক্ষ আইনানুগ সৎ কর্তৃপক্ষের তত্ত্বাবধান ছাড়া সর্বভুকের লোলজিহ্বার হাত থেকে আমরা এই অপূর্ব স্থানগুলোকে রক্ষা করতে পারব না। তখন নতুন ছড়াকারকে ছড়া লিখতে হবে, খাদক আছে হাজার হাজার, এবার খেল ককসোবাজার। আশা করি, সরকার এখনই বিষয়টা গুরুত্বের সঙ্গে নেবে। পাদটীকা: ১. কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে তিন দিনের ভ্রমণের সময় আমার একটা উপলব্ধি হলো, ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন আমাদের অনেকটাই পূর্ণ হয়ে গেছে। আমি আমার ল্যাপটপ থেকে, মোবাইল ফোন থেকে দেশ-বিদেশের লেখকদের সঙ্গে সারাক্ষণ যোগাযোগ রক্ষা করে চলেছি, কখনো আমি ছিলাম জাহাজে, কখনো মাইক্রোবাসে। আমাদের গুরুত্বপূর্ণ লেখকদের লেখা আসছে পৃথিবীর নানা কোণ থেকে, আর আমি সেসব ফরওয়ার্ড করে দিচ্ছি প্রথম আলো অফিসে। আশ্চর্য, ২০ বছর আগে আমার বাসায় একটা ফোনও ছিল না!২. লিখে কিছু হয় না, এ কথাটাও সত্য নয়। মোনাজাত উদ্দীন থেকে শুরু করে এই ক্ষুদ্র লেখক পর্যন্ত উত্তরবঙ্গের মঙ্গা নিয়ে অনেকেই বিস্তর লিখেছেন। তা কিন্তু বৃথা যায়নি। সরকার বিষয়টাকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে। কিছুদিন আগে একটা টিভি-নাটক লিখেছিলাম ইন্টারভিউ নামে। প্লে গ্রুপ বা প্রথম শ্রেণীতে শিশুদের ভর্তি পরীক্ষা গ্রহণের অমানবিকতা ও অন্যায্যতাই ছিল মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত সেই নাটকের উপজীব্য। এখন দেখা যাচ্ছে, সরকার প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষার বদলে লটারি পদ্ধতি চালু করেছে। এটা আমাদের নাটকটার কারণেই হয়েছে তা নিশ্চয়ই নয়, কিন্তু আমরা যে একই রকম ভেবেছি, সে জন্য সরকার, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং সংশ্লিষ্ট সবাইকে একটা বড় ধন্যবাদ দিতেই হয়।আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।