হাজারীবাগের ট্যানারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাজারীবাগে কাঁচা চামড়ার উপদ্রব চলছেই। হাজারীবাগে রয়ে যাওয়া ট্যানারিগুলো সাভারের চামড়াশিল্প নগরে সরে যাওয়ার সর্বশেষ সময়সীমা ঠিক করা হয়েছিল গত ৩১ জানুয়ারি। তারপরও কতিপয় ট্যানারি সেখানে কাঁচা চামড়া প্রক্রিয়াজাত করার সুযোগ কীভাবে পেল? যে বুড়িগঙ্গার দূষণ ঠেকাতে ট্যানারিশিল্প নিয়ে এত কিছু, সেই নদীতে কীভাবে এখনো চামড়া নির্গত বর্জ্য গিয়ে পড়তে পারছে? বিষয়টা জনস্বাস্থ্যের জন্যও হুমকিস্বরূপ।
ট্যানারির মালিকদের দুটি সমিতিই চিঠি দিয়ে তাদের সদস্যদের হাজারীবাগে চামড়া নিতে নিষেধ করেছে বলে জানিয়েছে বৃহস্পতিবারের প্রথম আলো। অথচ মাত্র ৪৩টি ট্যানারি চামড়াশিল্প নগরে চামড়া প্রক্রিয়াজাতকরণের প্রথম ধাপ ওয়েট ব্লুর কাজ শুরু করতে পেরেছে। অথচ সেখানে জমি পেয়েছে ১৫৪টি ট্যানারি। ৩১ জানুয়ারির ওই সময়সীমার ব্যাপারে সরকারের পক্ষ থেকে পুলিশকে নির্দেশনা দেওয়া হলেও হাজারীবাগ থানা সে বিষয়ে এখনো অবগত নয়।
গোলমাল সরকারি ব্যবস্থাপনার মধ্যেও। সাভারে চামড়াশিল্প নগর বাস্তবায়নের কাজ শুরু হয় ২০০৩ সালে। ১৩ বছর পর তা যখন চালু হলো, তখন দেখা গেল, বিদ্যুৎ-পানি-গ্যাস-সংযোগে সমস্যা রয়েছে। তারপর জানা গেল, ৬৩৯ কোটি টাকা ব্যয়ে যে চামড়ার বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি), মানসম্মতভাবে তা পরিশোধন করছে না। এবং এও দেখা গেল, পানি থেকে লবণ পরিশোধন না করেই তা পাশের ধলেশ্বরী নদীতে ছাড়া হচ্ছে। কারণ লবণ পরিশোধনের যন্ত্র বসানোর তহবিল ছিল না। এ কারণেই প্রশ্ন, শিল্প মন্ত্রণালয় যখন ডিসেম্বরের মধ্যেই হাজারীবাগের সব ট্যানারি কারখানাকে সাভারে স্থানান্তরের চূড়ান্ত নির্দেশ দিচ্ছিল, তখন কি তারা নিজেদের দায়িত্ব পালনের হিসাব মিলিয়েছিল?
এ অবস্থায় হাজারীবাগ সম্পূর্ণ ট্যানারিমুক্ত হয়নি। ট্যানারির মালিকদের অনুযোগ, সরকার চামড়াশিল্প নগরে তাঁদের জমির মালিকানা বুঝিয়ে দিলে ব্যাংকঋণ নিয়ে তাঁরা দ্রুত হাজারীবাগ ছাড়তে পারতেন। বিষয়টা শিল্প মন্ত্রণালয়ের আমলে আনা দরকার। আমরা আশা করি, নতুন সপ্তাহে হাজারীবাগে আর কোনো কাঁচা চামড়া যাতে না ঢোকে এবং উৎপাদনও অব্যাহত থাকে, তার ব্যবস্থা শিল্পের উদ্যোক্তা এবং সরকার যৌথভাবেই করবে।