হাজারীবাগের ট্যানারিশিল্প স্থানান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরীর জনবহুল হাজারীবাগ এলাকা থেকে ৫৫ বছরের পুরোনো চামড়া প্রক্রিয়াকরণের কারখানাগুলো সাভারের হেমায়েতপুরে সরিয়ে নেওয়ার উদ্যোগ চলছে প্রায় দেড় দশক ধরে। এ জন্য সরকার হেমায়েতপুরে চামড়াশিল্পনগরী গড়ে তুলতে ১৫৮টি শিল্প প্লট অতি স্বল্পমূল্যে দিয়েছে। তা ছাড়া কারখানা স্থানান্তরের ক্ষতিপূরণ বাবদ ২৫০ কোটি টাকা বরাদ্দ করেছে এবং অনেক কারখানার মালিক ক্ষতিপূরণের টাকা গ্রহণও করেছেন। সরকারের পক্ষ থেকে কারখানার মালিকদের আরও নানা ধরনের সুযোগ-সুবিধা ও সহযোগিতার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, এত কিছুর পরও হাজারীবাগ থেকে ট্যানারি কারখানাগুলো সরিয়ে নেওয়া হয়নি; মালিকদের অনেকেই এ ব্যাপারে দোটানায় ভুগছেন বলে খবর বেরিয়েছে। এই পরিপ্রেক্ষিতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু গত রোববার ৭২ ঘণ্টার মধ্যে এগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। চামড়াশিল্পের মালিকেরা হাজারীবাগে কত অর্থ লগ্নি করেছেন, সেই যুক্তি দেখিয়ে কারখানা স্থানান্তরে অনির্দিষ্টকাল ধরে টালবাহানা আর গ্রহণযোগ্য হতে পারে না।
ট্যানারি সরানো নিয়ে দোটানায় অনেক মালিকঅবশ্য মালিকদের একটি বড় অংশের কারখানা স্থানান্তরে আপত্তি নেই—এমন খবর পাওয়া গেল মঙ্গলবার প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদন থেকে। কিন্তু তাঁরা বলেছেন, ৭২ ঘণ্টার মধ্যে এটা করা ‘অসম্ভব’। তাঁদের স্মরণ করা উচিত, এর আগে তাঁরা দীর্ঘ সময় পেয়েছেন। খোদ হাইকোর্ট দুই বছরের মধ্যে হাজারীবাগ ট্যানারি স্থানান্তরের নির্দেশ দিয়েছিলেন আজ থেকে ১৫ বছর আগে, ২০০১ সালে। কিন্তু এত দীর্ঘ সময়েও তাঁরা তা করেননি। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ট্যানারিশিল্প
স্থানান্তরে ব্যর্থতার অভিযোগে হাইকোর্ট গত বছর এপ্রিলে শিল্প মন্ত্রণালয়ের আট সচিব ও পরিবেশ অধিদপ্তরের দায়িত্বরত ছয় মহাপরিচালকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছিলেন।
অর্ধশতকের বেশি সময় ধরে হাজারীবাগের চামড়া কারখানাগুলো চলছে বর্জ্য শোধনাগার ছাড়াই। ফলে বুড়িগঙ্গা নদীর দূষণ এবং হাজারীবাগ ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোর মানুষের স্বাস্থ্যগত ক্ষতি বিরাট। আর কালক্ষেপণ নয়। অবিলম্বে কারখানাগুলো সম্পূর্ণভাবে স্থানান্তর করা হোক।