হাজিদের লাগেজ বিড়ম্বনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত শুক্রবার দেশে ফেরা হাজিদের অনেকেরই লাগেজ আসেনি। কেউ কেউ অভিযোগ জানিয়ে বিমানবন্দর ছাড়লেও প্রায় ৬০ জন হাজিকে তিন দিন ধরে বিমানবন্দরে অপেক্ষা করতে হয়েছে। হজ শেষে দীর্ঘদিন পর দেশে ফিরে এক কাপড়ে বিমানবন্দরে তিন দিন অবস্থান করা কতটা যন্ত্রণাদায়ক, তা সহজেই অনুমেয়। হাজিদের অনেকেরই গন্তব্য ঢাকার বাইরে এবং ঢাকায় তাঁদের থাকার কোনো জায়গা নেই। একবার বাড়ি ফিরে গেলে শুধু লাগেজের জন্য আবার ফিরে আসা তাঁদের জন্য কঠিন। এমনকি অর্থসংকটের কারণে তাঁদের অনেকেই খেয়ে না–খেয়ে বিমানবন্দরে থেকেছেন।

বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী এই পরিস্থিতিতে বিমানবন্দর পরিদর্শন করে হাজিদের খাওয়ার ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। এই উদ্যোগ হয়তো দুর্ভোগ থেকে তাঁদের কিছুটা মুক্তি দিয়েছে, কিন্তু ফ্লাইটের সঙ্গে লাগেজ আসার বিষয়টি নিশ্চিত করাই আসল কাজ। হাজিরা প্রতিদিনই দেশে ফিরছেন এবং এখনো বহু হাজি দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। তাঁরা যাতে কোনো ধরনের দুর্ভোগের মধ্যে না পড়েন, সেটা নিশ্চিত করার দায়িত্ব বিমান মন্ত্রণালয়ের।

লাগেজের জন্য তিন দিন ধরে হাজিদের বিমানবন্দরে অবস্থানের ঘটনাটি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এ ব্যাপারে আগাম ব্যবস্থা নেওয়া। সৌদি আরব থেকে ফ্লাইট ছাড়ার সময়েই যাতে সব হাজির লাগেজ বিমানে ওঠে, তা নিশ্চিত করতে হবে। আমরা আশা করব, কর্তৃপক্ষ এ ব্যাপারে সক্রিয় ও তৎপর হবে।