হাতরানি, কাতরানি আর মুচরানির গণতন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতা আর ঘিয়ের মধ্যে একটা কোথাও মিল আছে, কোনোটাই সোজা আঙুলের ডাকে সাড়া দেয় না। জনপ্রিয় নেতা খুন হয়েছেন, পুলিশ কদিন উথাল-পাতাল চালাবে, অথচ ‘আসল’ অপরাধী চোখের সামনে ঘুরে বেড়ালেও খুঁজে পাবে না। প্রয়াত নেতার অনুসারীদের তখন আন্দোলন-অবরোধ-ট্রেন পোড়ানো-ব্যারিকেড ইত্যাদি করতেই হবে। যত বড় নেতা তত বড় ব্যথা, তত বড় বিক্ষোভ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা দেখে সতর্ক ও কৌশলী হবে, পুলিশ কিছুটা নড়েচড়ে বসবে, এখানে-সেখানে চিরুনি অভিযান চলবে, ধরপাকড়ের কারেন্ট জাল পাতা হবে। বলাবাহুল্য, জায়গামতো সেই চিরুনির বেশ কটা দাঁত ভাঙা থাকবে, জালের এখানে-সেখানে অবধারিতভাবে ফোকর মিলবে; সেপথ দিয়ে বড় কুতুবেরা পগারপার হবে, আর বুলু-কুলুরা ধৃত হয়ে অহেতুক জেলের শক্ত রুটি চিবুবে। একটা সময় ‘জনতার প্রতিরোধ’ ঝিমিয়ে আসবে, শোকের হুতাশনও নিভু নিভু হবে। যথারীতি আইনের চাকাও মহাকালের রথের মতো ধীরে গড়াবে। নাটোরের উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ বাবু কিংবা নরসিংদীর পৌরমেয়র লোকমান হোসেন হত্যার পরের গল্প এমনই। সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া কিংবা শ্রমিকনেতা নুরুল ইসলাম হত্যার বিচারের জন্যও স্বজনদের বারেবারে মানববন্ধন, মোমবাতি প্রজ্বলন ইত্যাদি করতে হচ্ছে। কিন্তু প্রাতিষ্ঠানিক ব্যর্থতা থাকলে সুবিচার কীভাবে আসবে? বাংলাদেশে এখন সবাই বোঝে, সোজা আঙুলে ঘি ওঠে না, সিধা পথে কাজ হয় না—বাঁকা পথে, বাঁকা আঙুলের হস্তক্ষেপ লাগবেই। পরাশক্তির পক্ষে বৈরী রাষ্ট্রকে বশ মানাতে সামরিক হস্তক্ষেপের নিরীহ নাম দিয়েছে জাতিসংঘ: হিউম্যানেটারিয়ান ইন্টারভেনশন বা মানবিক হস্তক্ষেপ। এর উল্টো উদাহরণ বাংলাদেশে সুলভ, একে বলা যায় পাবলিক হস্তক্ষেপ। পাবলিক প্রতিষ্ঠানের অন্যায়-অনিয়ম মোকাবিলায় পাবলিককে সেই হস্তক্ষেপ করতে হয়। শেয়ার মার্কেটের খুদে বিনিয়োগকারীরা প্রবঞ্চিত হচ্ছে। প্রতিকারের জন্য কোনো প্রতিষ্ঠানের দরজায় ধরনা তারা দেবে না, সড়ক অবরোধ করে বসবে, মিছিল-বিক্ষোভ চালাবে। কাজ কিছু হলে এভাবেই হবে। কোথাও পেশাজীবীদের বেতন-বোনাস বন্ধ। প্রাতিষ্ঠানিক সমাধানে তাদের আস্থা নেই, রাজপথ তাদের হাতছানি দেবেই। গত দুই দিনের প্রথম আলোর খবর: ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের নেতাকে গ্রেপ্তার করে মহা অপরাধ করেছে পুলিশ। পরের খবর: চাঁদপুরে ছাত্রলীগের নতুন কমিটিতে এক নেতার ঠাঁই হয়নি। ঘটনা দুটিকে প্রতিবাদযোগ্য মনে করেছে নেতাদের অনুসারীরা। দল ক্ষমতায়, তবু আদালত বা দলীয় কমিটির ওপর তাদের ভরসা নেই। তাদের ভরসা কেবল গায়ের জোরে। নেতাদ্বয়ের লোকেরা তাই প্রতিপক্ষের ঘরবাড়িতে হামলা চালিয়েছে, শহরজুড়ে যানবাহন, ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরাও মামলা-মোকদ্দমার পিছল পথে না গিয়ে পাল্টা ধর্মঘট-সমাবেশ করেছে। পুলিশি শক্তি কিংবা দলীয় শীর্ষের বিরুদ্ধে ‘গণশক্তি’র এহেন শক্তিপরীক্ষার কোনো ষান্মাসিক বা বার্ষিক মেয়াদ নেই, ইহা সাংবাৎসরিক, অর্থাৎ সারা বছর চলবে। নিজের দল বা পরের দল যে-ই ক্ষমতায় থাকুক, তার সঙ্গেই পাঞ্জা লড়বে। গণশক্তির এই জঙ্গিপনা সব সময় দল ধরে হবে তা নয়, সাধারণ মানুষও এতে সোৎসাহে সামিল হয়। ছিনতাইকারী পাকড়াও হলে বা ঘাতক গাড়িকে আটকানো গেলে এবং অতিব্যস্ত না থাকলে দুই ঘা দিতে থামবেই যথেষ্ঠসংখ্যক পথচারী। আমিনবাজারের কেবলার চরে এমন জনরোষের রক্তপিপাসু চেহারা আমরা দেখেছি। জনরোষের আগুন এভাবে দিকে দিকে যতই জ্বলে উঠুক, যতই বাস পুড়ুক, এসব দেখে আজকাল ‘বিপ্লব স্পন্দিত বুকে’ অতিবড় বিপ্লবীরও মনে হবে না ‘আমিই লেনিন’। জনবিক্ষোভ ও আইন অমান্য মানেই তাই প্রগতিশীল গণতান্ত্রিক গল্প নয়। ব্রিটিশ আমলে ১৮৫০-এর দশকের গোড়ায় কলকাতার দেয়ালে প্রস্রাব করা নিষিদ্ধ করে ‘commit no nuisance’ আইন চালু হলে তার বিরুদ্ধে গর্জে উঠেছিল সংবাদ প্রভাকর। সে সময়ের প্রসিদ্ধ কবি ঈশ্বরগুপ্ত এক অগ্নিবর্ষী সম্পাদকীয়তে ‘মূত্রসূত্র ধরিয়া’ পুলিশের ‘বাঙালির উপর অত্যাচার’ রুখে দাঁড়াতে বলেছিলেন। অনেক বাঙালি পুরুষই আজ অবধি সেই ডাকে দাঁড়িয়ে পড়ে এবং দেয়ালে মূত্রপাত করে প্রথাগত অধিকার প্রতিষ্ঠা করে। গত রোজার ঈদের পরপরই দক্ষিণাঞ্চলের পরিবহন শ্রমিক ও মালিকেরা নৌপরিবহনমন্ত্রী কাম শ্রমিকনেতা শাজাহান খানের নেতৃত্বে ধর্মঘট ডাকে। খবরটি শুনি দৌলতদিয়া ফেরিঘাটের কিছু আগে ঈদকালীন অনিবার্য যানজটে আটক দশায়। তখন রাত দুইটা কি তিনটা। আমাদের বাস ফেরিতে যদিও বা ওঠে, সকালে ঢাকায় ঢুকতে পারবে কি না অনিশ্চিত। একই রকম অনিশ্চিত দশায় বিভিন্ন সড়কে প্রহর গুনছিল আরও লাখো যাত্রী। ধর্মঘট ডাকা গণতান্ত্রিক অধিকার নিশ্চয়, কিন্তু ঈদের সময় মানুষকে জিম্মি করে সরকারের হাত মুচড়ে দাবি আদায়কে কী বলা যাবে? দাবিটা কি আইনানুগ, পন্থাটা কি গণতান্ত্রিক? চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং সাংবাদিক ও সিনেমাটোগ্রাফার মিশুক মুনীরসহ যে পাঁচজন বাসের ধাক্কায় মর্মান্তিকভাবে নিহত হয়েছিলেন, সেই বাসের চালকের মুক্তি এবং সড়ক দুর্ঘটায় মৃত্যুকে হত্যা না বলার দুর্মর দাবি ছিল ধর্মঘটীদের। আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে হওয়ায় দাবিটাকে বেআইনি বলা যেত। কিন্তু চালকের সহযোদ্ধা হাজার হাজার চালক এবং তাদের নিয়োগদাতা শত শত মালিক মনে করে, দাবিটা গণতান্ত্রিক। যেহেতু দেশের কয়েক লাখ মালিক-চালক এর পক্ষে আর ধর্মঘট তো গণতান্ত্রিক অধিকার! অতএব, আইন ও গণতন্ত্র এখানে মুখোমুখি। অন্যদিকে, চালকটির কঠোর শাস্তির দাবি নিয়ে হাজির ছিল মধ্যবিত্ত সমাজের বড় অংশ। সাধারণত সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিচার হয় না, হলেও হয় দীর্ঘমেয়াদে। কিন্তু দুজন জনপ্রিয় ব্যক্তি নিহত হওয়ায় এবং গণমাধ্যমসহ সুশীল সমাজের চাপে মামলাটি গতি পায়। আইন ও গণতন্ত্র এখানে সহযোগী।ফেরিঘাটে চালক-শ্রমিকদের আলাপ শুনে বুঝলাম, বেশির ভাগই মনে করে, বিচার নিরপেক্ষ হচ্ছে না; সরকার গণরোষের ভয়ে ওই চালককে বলি করছে। সুতরাং তারা শোকসূত্র ধরিয়া চালকপীড়নের প্রতিবাদী হলো। অন্যদিকে, মধ্যবিত্তপাড়ার মনোভাব, সংঘসূত্র ধরে আইনের বরখেলাপ চলবে না। তবে উভয় পক্ষের কথাতেই যুক্তি আছে এবং দুটি দাবির পেছনেই জনসমর্থন রয়েছে। কিন্তু শোকের হুতাশন দেখা বা সংঘের গর্জন শোনা আইনের কাজ নয়। আইন ও গণতন্ত্র সোনায় সোহাগা হবে তাহলে কোন দাবিতে? (শেষ খবর হলো, আদালত সেই চালককে জামিন দিয়েছে। এতে কি গণতন্ত্র জয়ী হলো?)অভিজ্ঞতা সাক্ষী, চাপের মুখে আইনের গতি বাড়ে, গণচাপে নির্দোষকেও ফাঁসানো যায়। চাপে বা রাষ্ট্রপতির ক্ষমায় অপরাধীকে রেয়াত দেওয়ার নজিরও কম না। তাহলে কি গণতন্ত্র ও আইনের শাসন একসঙ্গে চলতে পারে না? জনগণ আইন প্রণয়নের সিদ্ধান্ত দিতে পারে, তবে জনগণের নামে ব্যক্তি বা গোষ্ঠী আইনের পক্ষপাত দাবি করতে পারে না। এগুলো তো আদর্শ কথা। বাস্তবে মানুষ বিশ্বাস করে, আইন ক্ষমতাবানের অস্ত্র। তারা দেখে ও ঠেকে শেখে যে, না কাঁদলে কোলের শিশুও দুধ পায় না। তাই অন্যায়ের প্রতিবাদে অথবা অন্যায় আবদারে রাজপথে শক্তি প্রদর্শন চলে। গণতন্ত্রের ছুতোয় এটা এখন দলবদ্ধ নাগরিকদের প্রথাগত অধিকার। গণতন্ত্রের সহনশীলতা নয়, কোন্দলমুখরতাই আমরা নিয়েছি। ভোটের অধিকার মানেই জীবনের অধিকার নয়। প্রশ্ন এখানে দুটি: প্রথমত, কেন ন্যায্য দাবি জানাতেও মানুষকে রাজপথে নামতে হয়, কেন সরকার আপসে অধিকার দেয় না? আর রাষ্ট্রশক্তিই বা কেন কারণে-অকারণে ‘গণশক্তির’ সঙ্গে পাঞ্জা লড়তে নামে? মীমাংসার সংঘাতহীন উপায় কেন মেলে না? দ্বিতীয়ত, রাজপথে দলবদ্ধ প্রতিবাদ-অবরোধ মানেই প্রতিবাদের গণতান্ত্রিক অধিকারের চর্চা হবে কেন? প্রথম প্রশ্নের উত্তর সম্ভবত এই যে, আইন-আদালত, আপস-মীমাংসা, যুক্তি-বুদ্ধি বাদ, আপন স্বার্থে শক্তি প্রদর্শন কিংবা দেন-দরবার ও ঘুষ-দুর্নীতিই বেশি কার্যকর; এমন বিশ্বাস সর্বস্তরে ভিত গেড়েছে। অর্থাৎ, যেসব যুক্তি ও নীতির ভিত্তিতে সমাজ চলবে বলা হয়, সেসব কর্পূরের মতো উবে যাচ্ছে। তার জায়গা নিয়েছে বলপ্রয়োগ ও দুর্নীতির অস্ত্র। রাষ্ট্রের মাধ্যমে ক্ষমতাবান গোষ্ঠী সংগঠিতভাবে এই বল প্রয়োগ করছে। অন্যদিকে, যেসব প্রতিষ্ঠানকে মানুষ তাদের অধিকার ও সুযোগের সরবরাহকারী ভাবতে চায়, সেই প্রশাসন, আদালত, পুলিশ থেকে শুরু করে সরকার ও সংসদ প্রায়ই উল্টোটা করছে। ফলত অনাস্থা মাহামারির মতো বাড়ছে। যাকে বলে রেগুলেটরি বা নিয়ন্ত্রক সংস্থা, যারা রাষ্ট্রীয় মধ্যস্থতাকারী, তারা আরো নগ্নভাবে দলীয়, গোষ্ঠীগত বা ব্যক্তিস্বার্থের হাতিয়ার হচ্ছে। প্রতিবাদের গণতান্ত্রিক অধিকার যতটা বড় দুটি দলের বা তাদের সহযোগী সংগঠনের, সাধারণের মানুষের সেই সুযোগ কোথায়? যেমন, গার্মেন্ট শ্রমিকদের কথা বলা যায়। গণতন্ত্র এবং আইন যখন জনগণের বাইরে কোথাও ঘাঁটি গাড়ে, তখনই অগণতান্ত্রিক শক্তি গণতন্ত্র ও সুশাসনের নামে গণতন্ত্র ও আইনকে জিম্মি করে ফেলে। একদল মানুষ যখন গণতন্ত্রকে সংঘবদ্ধ স্বেচ্ছাচারিতা বানিয়ে ফেলে, তখন জনগণের প্রতিবাদের পথে অনেক দেওয়াল উঠে যায়। ক্ষতিগ্রস্তরা তখন বাধ্য হয় আইন নিজের হাতে তুলে নিতে। দ্বিতীয় প্রশ্নের এটাই হয়তো উত্তর। এখন উপায় কী? উপায় গণতন্ত্র ও আইনকে জনগণের হাতে নিয়ে আসা। দলবদ্ধ অগণতান্ত্রিক শক্তির বিপরীতে গণতান্ত্রিক সামাজিক শক্তির উত্থান ঘটানো। না হলে, ভারতীয় ইতিহাসবিদ ইতিহাসবিদ দীপেশ চক্রবর্তীর ভাষা ধার করে বলতে হয়, সরকারি প্রশাসনে ও প্রতিষ্ঠানগুলিতে গণতান্ত্রিক প্রাণসঞ্চার করতে না পারলে আমাদের গণতন্ত্র কেবল ভোট, সংসদীয় কোলাহল ও রাস্তায় প্রতিবাদের বিষ্ফোরণেই সীমাবদ্ধ থাকবে। একই রাস্তায়বারবার ড্রিলমার্চ করা নতুন সেপাইদের প্রশিক্ষণের অংশ। চল্লিশ বছর বয়সীবাংলাদেশকে কতবার একই ড্রিলমার্চ করে যেতে হবে? চলবে কাতরাতে কাতরাতে পথ হাতরানো; পারলে একে অন্যের কব্জি মুচরানো?ফারুক ওয়াসিফ: সাংবাদিক।[email protected]