পোষ মানানোর জন্য প্রশিক্ষণের নামে হাতির ওপর চালানো নিষ্ঠুর আচরণ অবিলম্বে বন্ধ করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি নির্দেশ দিয়েছেন আদালত। গত সোমবার জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও জাস্টিস অব দ্য পিস মুহম্মদ আলী আহসান এই নির্দেশ দেন। পোষ মানানোর নামে তথাকথিত প্রশিক্ষণ স্পষ্টত বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২-এর লঙ্ঘন বলে মন্তব্য করে আদালত হাতির প্রতি পরিবেশগত ন্যায্যতা নিশ্চিত করার নির্দেশ দেন।
গত ২৮ জানুয়ারি ডেইলি স্টার পত্রিকায় এ–সংক্রান্ত এক প্রতিবেদনে জানানো হয়, সিলেট ও পার্বত্য চট্টগ্রামে পাহাড় থেকে গাছ ওঠানো-নামানো এবং সার্কাস ও নানা কাজে পোষ মানানো হাতি ব্যবহার করা হয়। পোষ মানানোর সময় মা থেকে শাবককে আলাদা করা, পেটানোসহ নানা ধরনের নিপীড়ন করা হয়। প্রশিক্ষক এক মাহুত বলেন, হাতিরও অনুভূতি আছে। আমরা যখন ওদের বেঁধে রাখি, তখন ওরা রাগে গজরাতে থাকে। মাঝেমধ্যেই ওদের বশে আনার জন্য পেটানোর প্রয়োজন হয়। আমরা মা থেকে শাবকদের আলাদা করে রাখি।
‘হাদানি’ হচ্ছে হাতি পোষ মানানোর একটি প্রাচীন পদ্ধতি। এই পদ্ধতিতে হস্তীশাবককে মায়ের কাছ থেকে আলাদা রাখা হয়। প্রায় এক থেকে দুই মাস শাবককে চার পা বেঁধে রেখে নির্মমভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। বড় বড় গাছ টানানোসহ বিভিন্ন শারীরিক কসরত শেখানো হয়। বন্য প্রাণী নিয়ে কাজ করেন এমন অধিকারকর্মীরা মনে করেন, হাতি আমাদের দেশে বিলুপ্তপ্রায় প্রাণী। বর্তমানে হস্তীশাবক প্রশিক্ষণের জন্য ‘হাদানি’ পদ্ধতি অনুসরণের কোনো প্রয়োজন নেই। প্রযুক্তির দিক থেকে আমরা অনেক দূর এগিয়েছি এবং আমাদের কাছে আধুনিক যন্ত্রপাতি রয়েছে। এ অবস্থায় গাছ টানানোর মতো এমন নির্মম ও যন্ত্রণাদায়ক কাজে হাতিকে ব্যবহারের কোনো যৌক্তিকতা নেই।
পোষ মানানোর নামে হাতির ওপর নিষ্ঠুরতা বন্ধে আদালতের নির্দেশ বন্য প্রাণী রক্ষার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। বন্য প্রাণীর ওপর যা খুশি তা-ই যে করা যায় না, মানুষের মধ্যে এ নিয়ে সচেতনতা তৈরি হবে। বন্য প্রাণী আমাদের পরিবেশ-প্রতিবেশের অংশ, মানুষের মতো তাদেরও প্রকৃতিতে বেঁচে থাকার অধিকার আছে—মানুষের মধ্যে এই ধারণা পোক্ত হবে। তথাকথিত এই নিষ্ঠুর প্রশিক্ষণ বন্ধে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যে নির্দেশ দিয়েছে, তা অবশ্যই পরিপালন করত হবে। হাতির প্রতি ন্যায্যতা নিশ্চিত করতে হবে।