হাতিরঝিল দেখতে যেতেই হয়।প্রথমে কবি নির্মলেন্দু গুণের ফেসবুক স্ট্যাটাস পড়ে উদ্বুদ্ধবোধ করছিলাম, ‘তিন-চার শ বছর ধরে হাতিরঝিল ও বেগুনবাড়ির বর্জ্যস্তূপের ভিতরে আড়ালে ঢাকা পড়েছিল যে-ঢাকা, সেই ঢাকা আজ কী অপরূপ রূপের আলোতেই না উদ্ভাসিত হলো, উন্মোচিত হলো, আবিষ্কৃত হলো। আমি মুগ্ধ। আমি গর্বিত। আমি আনন্দিত। অবশেষে সিঙ্গাপুর, সিডনি, লন্ডন বা প্যারিসের পাশে দাঁড়ানোর মতো একটা ল্যান্ডমার্ক তৈরি হলো আমাদের প্রিয় নগরী ঢাকার ভিতরে।’তারপর আরেক কবি ও সহকর্মী সাজ্জাদ শরিফের নাছোড় তাগিদ, ‘আনিস, দেখতে গেছেন। যান না, প্লিজ। আমি গিয়ে কী বলব, আমার কেমন একটা অনুভূতি হলো। আনিস, বিদেশে তো আপনিও গেছেন, আমিও গেছি। এত সুন্দর জায়গা খুব কম আছে। যান না?’অবশেষে গত সপ্তাহে হাতিরঝিলে একটা চক্কর দিতেই হলো। রাতের বেলা, গাড়িতে। আমার প্রতিক্রিয়া কী? আমি বলব, হাতিরঝিল আমাদের স্পর্ধা বাড়িয়ে দিয়েছে। এত সুন্দর। এত সুন্দর।আমার মনে আছে, কয়েক বছর আগে আমি অস্ট্রেলিয়ার মেলবোর্নে গিয়েছিলাম। বিমানবন্দর থেকে গাড়ি করে প্রকৌশলী অধ্যাপক লুৎফর রহমানের পাশে বসে যেতে যেতে মেলবোর্নের ঝুলন্ত সেতু দেখে ফোন করেছিলাম ঢাকায়। মেরিনাকে প্রথম যে-কথাটা বলেছিলাম, তা ছিল, ‘খুব সুন্দর। খুব সুন্দর এদের রাস্তাঘাট আর শহরটা!’আজকে হাতিরঝিল দেখে প্রথমেই যা মনে আসে, তা হলো, বাহ্, কী সুন্দর! সেই যে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় গানটি, তা যেন গুনগুন করে গেয়েই ফেলতে হয়: ‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে।’ সম্ভবত অশিক্ষিত চলচ্চিত্রের গান। ওই গানে একটা ফুটওভারব্রিজ দেখানো হয়েছিল—মনে পড়ছে। আর এখানে, এই হাতিরঝিল প্রকল্প এলাকায়, লেকের পানি টলমল করছে, রাস্তা চলে যাচ্ছে বাধাহীন, কোথাও কোনো রাস্তা আরেকটা রাস্তাকে ক্রস করছে না, ফ্লাইওভার উঠে গেছে রাস্তার ওপরে, কোনটা যে কোন দিকে যাচ্ছে, সাইন না পড়তে জানলে সে এক বিপদ। কতজন পথ হারিয়ে মগবাজার যাওয়ার জন্য বেরিয়ে পৌঁছে যাচ্ছেন বাড্ডায়। রঙিন বাতি দেওয়া হয়েছে সেতুর রেলিংয়ে, পথের দুধারে ফুলের বাগান। আহ্, এই তো আমার ঢাকা শহর! বুক গর্বে ভরে যায়, মাথা উঁচু হয়ে আসে।মেলবোর্নের রাস্তাঘাট, সেতু দেখে মুগ্ধ হয়েছিলাম। কিন্তু অস্ট্রেলিয়া কি বুঝবে বাংলাদেশের মর্মবেদনা? অস্ট্রেলিয়া আয়তনে বাংলাদেশের চেয়ে ৬০ গুণ বড়, জনসংখ্যা মাত্র সোয়া দুই কোটি। বাংলাদেশে কোনো উন্নয়নকাজ করা, বিশেষ করে ঢাকা শহরে উন্নয়নকাজ করা কত কঠিন। আমাদের আর্থিক সামর্থ্য কম, সেটাই একমাত্র বাধা নয়, ঘনবসতিপূর্ণ এলাকায় উন্নয়নকাজ করতে হলে প্রথমেই যে কাজটা করতে হয়, মানুষের জায়গা অধিগ্রহণ করতে হয়, আর তাতে ক্ষতিপূরণের অঙ্কটাই হয়ে দাঁড়ায় মূল প্রকল্পের খরচের চেয়ে বেশি। হাতিরঝিলেও তা করতে হয়েছে।এর পরেও মেলবোর্নের কিং স্ট্রিট সেতু নির্মাণের দুই বছরের মধ্যে ১৯৬২ সালে ভেঙে পড়েছিল। আমাদের সেতুগুলো ভেঙে পড়বে না, যদি উপযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয় কাজের।বলছিলাম, হাতিরঝিল আমাদের স্পর্ধা বাড়িয়ে দিয়েছে। এই প্রকল্প প্রথমে হাতে নেয় ফখরুদ্দীন আহমদের তত্ত্বাবধায়ক সরকার। এরপর শেখ হাসিনার সরকার কাজটাকে এগিয়ে নিয়েছে। শুধু এগিয়ে নেয়নি, প্রকল্পটিকে সুন্দর করা, এর সঙ্গে সাধারণ মানুষের বিনোদন ও ব্যবহারের সুযোগ-সুবিধা যোগ করার কাজটি হয়েছে এই সরকারের আগ্রহে ও নির্দেশে। প্রথম দফার কাজ সুসম্পন্ন হয়েছে। যতটা বাকি আছে, তাও ভালোভাবে শেষ করা হবে, তা আমরা চাইব। হাতিরঝিল সত্যি এখন আমাদের এক গর্ব, আমাদের স্বপ্ন আর সাধ্যের এক আশ্চর্য বাস্তবায়ন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এই কাজের মাস্টারপ্ল্যান করেছে। পানি বিশুদ্ধকরণের কাজটা তাদের। আর স্থপতি ইকবাল হাবিব, ইশতিয়াক জহির আর এহসান খান তাঁদের ভিত্তি স্থপতি লিমিটেডের হয়ে স্থাপত্য নকশা করেছেন। ডিপিএম ও এআইএ নামের দুটো সংস্থা করেছে এর প্রকৌশল-নকশা ও পরামর্শদান। সেনাবাহিনীর এসডব্লিউও পুরো কাজটা তত্ত্বাবধান করেছে, সমন্বয় করেছে, নির্বাহ করেছে। আর প্রকল্পটা আসলে রাজউক, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের। এদের সবাইকে অভিনন্দন জানাই।এই প্রকল্পের পেছনে আবদুল্লাহ আবু সায়ীদদের মতো পরিবেশবাদীদের ক্রমাগত জনমত সৃষ্টির কথাও হয়তো মনে রাখতে হবে। আমার মনে আছে, বেশ কয়েক বছর আগে, সোনারগাঁও হোটেলের বিপরীতে পান্থকুঞ্জের পাশে বাংলাদেশ পরিবেশ আন্দোলন মানববন্ধন করেছিল, ‘হাতিরঝিল বাঁচাও’ স্লোগান নিয়ে। তখন তাতে আবদুল্লাহ আবু সায়ীদ স্যার দাঁড়িয়েছিলেন।হাতিরঝিলের প্রকৌশলগত চ্যালেঞ্জ অনেক ছিল, এখনো আছে। একটা চ্যালেঞ্জ হলো, এর পানি বিশুদ্ধ করা। এই কলামে এর আগে আমি লিখেছিলাম, হাতিরঝিলে কেবল রাস্তাধোয়া বৃষ্টির পানি এসে পড়ে না, এতে মনুষ্যবর্জ্য এসে মেশে। মনুষ্যবর্জ্য মেশা বন্ধ করা, যে পানি ধানমন্ডি, কলাবাগান, পরীবাগ, গ্রিন রোড এলাকা থেকে এসে এই ঝিলে পড়ে, তা শোধন করা—সবটা মিলিয়ে এই ঝিলের পানি পরিষ্কার রাখা একটা বড় চ্যালেঞ্জ। এই পানি শোধনের ব্যবস্থাটা এখনো শেষ হয়নি, কাজটা চলছে, আরও বছর দুয়েক লাগবে—সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানতে পারলাম।দুটো বিষয়ে সাধারণ মানুষেরা কথা বলাবলি করছেন, শুনেছি। এক. এটাকে রক্ষা করা যাবে তো? নাকি ময়লা ফেলে আমরা এটাকে নোংরা করে ফেলব, বছর না ঘুরতেই এর বাতিগুলো নষ্ট হয়ে যাবে? দুই. এই প্রকল্পে বৃক্ষায়ণটা নিসর্গপ্রেমী বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে করা যাবে কি না। ওই মরা পামগাছ দেখতে খারাপই লাগছে। তার বদলে কৃষ্ণচূড়া, কদম, দেবদারু বা বাংলার নিজস্ব বৃক্ষরাজি দিয়ে জায়গাটাকে কি সুশোভিত করে তোলা যাবে না? দ্বিজেন শর্মার মতো মানুষেরা নিশ্চয়ই সুপরামর্শ দিতে পারবেন।আমরা যে ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ নিতে জানি, আমাদের যে সামর্থ্য হয়েছে, আমাদের যে সক্ষমতা হয়েছে, হাতিরঝিল তারই প্রমাণ। এখন সময় হয়েছে, স্পর্ধা দেখানোর, পুরো ঢাকা শহরের গণপরিবহনকে আমরা ঠিক করে ফেলব। ঢাকা শহরে যানজটের একটা বড় কারণ রাস্তাগুলোর ক্রসিং, ডান দিকে মোড় নিতে চাওয়া যানবাহনের সারি। সরকার চাইলে আমাদের প্রকৌশলীরা, আমাদের স্থপতিরা এই নকশা করে দিতে পারবেন, যাতে পুরো ঢাকা শহরে যানজটের কুখ্যাত পয়েন্টগুলোকে ছোট ছোট ফ্লাইওভার দিয়ে মসৃণ গতিময় প্রতিবন্ধকতাহীন করে তোলা যাবে চার বছরের মধ্যেই। সরকার চাইলেই এটা সম্ভব। আমাদের ইঞ্জিনিয়াররা, আমাদের স্থপতিরা এই কাজ করে দিতে প্রস্তুত।শুধু কয়েকটা কথা মনে রাখতে হবে। পুরো কাজটা হওয়া উচিত সমন্বিতভাবে। সরকারের হাতে একটা ইন্টিগ্রেটেড মাস্টারপ্ল্যান আছে, যেটাকে উপেক্ষা করে বিচ্ছিন্নভাবে এখানে-ওখানে ফ্লাইওভার করা হচ্ছে। যা যানজট না কমিয়ে বাড়াতে পারে। দুই. আমাদের ফুটপাতগুলোকে চালু করতে হবে। কারণ, ঢাকা শহরে এখনো বেশির ভাগ মানুষ চলাচল করে হেঁটে। ফুটপাত থাকলে এক কিলোমিটার-দুই কিলোমিটার হাঁটতে আমাদের আপত্তি থাকার কথা নয়। তিন. আমাদের মনে রাখতে হবে, রাস্তা যতই বড় করা হোক, যতই ফ্লাইওভার বানানো হোক, গাড়ির সংখ্যা রাস্তার পরিমাণের চেয়ে বেশি হবেই। সান ফ্রানসিসকোতেও যানজট হয়। এর সমাধান রেলওয়ে। আর ব্যবহার করতে হবে আমাদের নৌপথকে।আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করতে চাই। হাতিরঝিলের টলমলে পানিতে পড়া লাল-নীল আলোয় যখন উদ্ভাসিত আমাদের মুখ, তখনই ঢাকার যানজট সমস্যা সমাধানের জন্য একটা সমন্বিত পরিকল্পনা প্রণয়ন ও কাজে নেমে পড়ার উপযুক্ত সময়। অনেকগুলো পরিকল্পনা আগে থেকেই নেওয়া আছে। অনেক গবেষণা আগে থেকেই করা আছে। সুপারিশ চূড়ান্ত করা আছে। আছে পরিবহন কৌশলপত্র। ২০০৫ সালে প্রণীত এই কৌশলপত্রে ২০২৫ সাল পর্যন্ত সময়কালে কী করা উচিত, না উচিত, তা স্পষ্ট করে বলা আছে।এখন আমাদের কাজে নেমে পড়ার সময়।আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।