হার না মানা জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছর লাখ লাখ প্রতিযোগীর মধ্যে যাঁরা বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন, তাঁরা নিঃসন্দেহে মেধাবী, কিন্তু এই পাঁচ তরুণের এ পর্যায়ে আসার পেছনে যে শ্রম, সাধনা ও কষ্ট আছে, অন্যদের সঙ্গে তা কোনোভাবে মেলানো যাবে না। নিরন্তর অধ্যবসায় যে অসম্ভবকে সম্ভব এবং অজেয়কে জয় করা যায়, তাঁরা তা জীবনের প্রতিটি ক্ষণে প্রমাণ করেছেন।

প্রথম আলোর শনিবারের ক্রোড়পত্র ‘ছুটির দিনে’ প্রকাশিত এই পাঁচ তরুণের জীবনকাহিনি গল্প-উপন্যাসকেও হার মানায়। তাঁদের শৈশব ও কৈশোর কেটেছে চরম দুঃখ ও দারিদ্র্যের মধ্যে। তাঁদের কেউ ট্রাকের হেলপার হিসেবে কাজ করেছেন, কেউ ছোলা–মুড়ি বিক্রি করে জীবিকা নির্বাহ করেছেন। আবার কাউকে দিনমজুরি করতে হয়েছে কিংবা কেউ বেছে নিয়েছেন খেতমজুর ও কাঠমিস্ত্রির কাজ। আবার কারওবা মা কাঁথা সেলাই করে সন্তানকে পড়িয়েছেন। এসব করেও তাঁরা পড়াশোনা চালিয়ে গেছেন, বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাঁদের এই শ্রম ও সাধনা গোটা সমাজের জন্য প্রেরণা হয়ে থাকবে।

তবে জীবনসাধনায় এই পাঁচ তরুণই একমাত্র ব্যতিক্রম নন। দারিদ্র্যপীড়িত এই দেশে এ রকম হাজার হাজার অদম্য তরুণ আছেন। আমাদের দায়িত্ব তাঁদের পাশে দাঁড়ানো, তাঁদের প্রতি সহায়তার হাত বাড়ানো। সে ক্ষেত্রে প্রতিটি জীবনই প্রস্ফুটিত হয়ে সমাজকে সুরভিত ও আলোকিত করবে।

জীবনযুদ্ধে সফল এই পাঁচ তরুণকে পরামর্শ দেওয়ার কোনো অভিলাষ আমাদের নেই। তারপরও যে কথাটি বলতে চাই তা হলো, দেশের প্রথম শ্রেণির কর্মকর্তা হওয়ার পর তাঁরা যেন তাঁদের মতো জীবনসংগ্রামে নিয়োজিত অন্য মানুষদের ভুলে না যান। তাঁদের পাশে থাকেন।

আমরা এই পাঁচ তরুণের সঙ্গে বাংলাদেশের হাজারো তরুণকে অভিনন্দন জানাই, যাঁরা সব সামাজিক বাধা ও অর্থনৈতিক সীমাবদ্ধতা অতিক্রম করে জীবনকে সফল ও সুন্দর করেছেন। তাঁদের শ্রমসাধনায়ই বাংলাদেশ এগিয়ে যাবে।