জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পর দেশে গৃহযুদ্ধ শুরু করার হুমকি দিয়েছিল। পাঁচ সপ্তাহ পরও তারা সারা দেশে ধ্বংসাত্মক তাণ্ডব চালিয়ে যাচ্ছে। জামায়াত-শিবির রাষ্ট্রকে চ্যালেঞ্জ জানানোর প্রাথমিক কৌশল হিসেবে বেছে নিয়েছে চোরাগোপ্তা আক্রমণের মাধ্যমে পুলিশ বাহিনীর সদস্যদের হত্যা। পুলিশ বাহিনীর মনোবল ও সাহস বিপর্যস্ত করাই এর উদ্দেশ্য। জামায়াত-শিবিরের ‘সিভিল আর্মির’ নৃশংসতার শিকার হয়ে ইতিমধ্যেই পুলিশের আটজন সদস্য নিহত হয়েছেন, আহত শতাধিক। অপরদিকে পুলিশের গুলিতে নিহতের সংখ্যাও শয়ের কোটা পেরিয়ে গেছে, যার মধ্যে জামায়াত-শিবিরের ৪২ জন ক্যাডার হিসেবে পত্রপত্রিকায় চিহ্নিত হয়েছে। বিএনপির নেত্রী সরকার পতনের জন্য আরও প্রাণ ঝরবে বলে ঘোষণা দিয়ে রেখেছেন। নিবন্ধটি লেখার পর্যায়ে সারা দেশে ‘হেফাজতে ইসলাম’-এর ঘোষিত ‘লংমার্চে’ জামায়াত-শিবির ও বিএনপির সক্রিয় সমর্থন ও কর্মীদের সরব উপস্থিতি জনমনে আতঙ্ক ও উত্তেজনা বাড়িয়ে দিয়েছিল। শেষ পর্যন্ত বড় ধরনের অঘটন ছাড়াই হেফাজতের সমাবেশ শেষ হলেও দেশ যে মহাসংকটের গিরিখাতে, তাতে সন্দেহ নেই। ক্ষমতাসীনেরা জালিয়াতির নির্বাচনের বদখাসলত থেকে বেরোতে চাইছে না—এটা বিএনপির শাসনামলের মাগুরা নির্বাচনে ঘোষণা দিয়েছিলেন খোদ তদানীন্তন প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ। (তিনি পরবর্তী সময়ে বিএনপি-জামায়াতপন্থী ‘থিংক ট্যাংক’)। এ কারণেই ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তন করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী গৃহীত হয়েছিল। ১৯৯৬ সালের মার্চে বিএনপির একদলীয় সংসদে পাস হওয়া ত্রয়োদশ সংশোধনী বিল নিয়ে বোধগম্য কারণেই সংসদের ফ্লোরে তেমন একটা আলোচনা ও যাচাই-বাছাই হয়নি। তাই সংশোধনী পাস হওয়ার পর দেখা গেল, বেশ কিছু মারাত্মক গলদ রেখে দেওয়া হয়েছে সংশোধনীতে। সবচেয়ে বড় গলদ হলো, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদে রাষ্ট্রপতিকে সশস্ত্র বাহিনীর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রদানের ব্যবস্থা। দ্বিতীয় গলদটা পরবর্তী সময়ে ২০০৭-০৮ সালে বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছিল, যেটা ছিল তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ অসীম হয়ে যাওয়ার আশঙ্কা। তৃতীয় গলদটা উপদেষ্টা পরিষদের সদস্য নিয়োগে রাষ্ট্রপতির বেলাগাম ক্ষমতা প্রয়োগ। চতুর্থ গলদ প্রধান উপদেষ্টা নিয়োগে রাজনৈতিক হিসাব-নিকাশ ও অঙ্ক কষার চাণক্য নীতি।১৯৯৬ সালের জুনে অনুষ্ঠিত নির্বাচনের আগেই সশস্ত্র বাহিনীর ওপর রাষ্ট্রপতির একচ্ছত্র নিয়ন্ত্রণের আসল মরতবা ধরা পড়ে গেল। তদানীন্তন রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস বিএনপির নেত্রীর ইঙ্গিতে তাঁর পছন্দমতো সেনাবাহিনীর বিভিন্ন পদে রদবদলের সিদ্ধান্ত নিয়ে ফেললেন তদানীন্তন সেনাপ্রধানের অগোচরে। সেনাপ্রধান ওই আদেশ মানতে অস্বীকৃতি জানালে একটা সামরিক অভ্যুত্থান-পরিস্থিতির সৃষ্টি হয়। তদানীন্তন প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের প্রজ্ঞা, সাহসিকতা এবং দূরদর্শিতার কারণে জাতি ওই মহাবিপদ থেকে রক্ষা পেলেও ওই ঘটনায় বেশ কয়েকজন মেধাবী সেনা কর্মকর্তাকে চাকরি হারাতে হয়েছিল। এরপর ১৯৯৬ সালের ১২ জুনে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ সর্বাধিক আসন পেলেও সংখ্যাগরিষ্ঠতা পেল না। আবার শুরু হয়ে গেল রাষ্ট্রপতির মাধ্যমে বিএনপির খেলা। কয়েকজন নির্বাচিত সাংসদ আওয়ামী লীগকে সমর্থন দেবেন মর্মে রাষ্ট্রপতিকে লিখিতভাবে জানানোর পরও তিনি বেশ কয়েক দিন শেখ হাসিনাকে ক্ষমতা গ্রহণের জন্য ডাকলেন না। খালেদা জিয়া নির্বাচনে কারচুপির অভিযোগ তুললেন প্রকাশ্যে। আর, পর্দার অন্তরালে চালানো হলো নির্বাচনের রায় ভন্ডুল করার অপতৎপরতা। অবশেষে বিদেশি কূটনীতিকদের হস্তক্ষেপে বিএনপির নেত্রী নির্বাচনী ফল মেনে নিতে রাজি হন। এবার আসি ২০০১ সালের নির্বাচন প্রসঙ্গে। ১৯৯৬ সালে শেখ হাসিনা বিচারপতি সাহাবুদ্দীনকে রাষ্ট্রপতি হওয়ার জন্য রাজি করিয়ে সারা জাতিকে আনন্দে ভাসিয়েছিলেন। ‘মাজার জিয়ারত করা ছাড়া আর কোনো ক্ষমতা নেই’। তবু তিনি ওই পদটি গ্রহণ করে একটি দরিদ্র দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে অতুলনীয় সততা, কৃচ্ছ্র, সাদাসিধে জীবনযাপন এবং বিভিন্ন ইস্যুতে সাহসী ও সময়োপযোগী বক্তব্য প্রদানের বিরল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। কিন্তু, ২০০১ সালের নির্বাচনের আগের-পরের ঘটনাক্রমে আওয়ামী লীগ সরকার যেভাবে তাঁকে নির্বাচনী-বিপর্যয়ের জন্য দায়ী করল, তা ছিল শিষ্টাচারবহির্ভূত। ২০০১ সালের ফেব্রুয়ারিতে শেখ হাসিনা পারিষদ দল সমভিব্যাহারে হজ করতে গিয়ে পবিত্র মদিনা নগরেই ঘোষণা দিয়ে দিয়েছিলেন, তিনি দেশে ফেরার পর মার্চ মাসেই সংসদ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করবেন। তখনো তাঁর মেয়াদের ছয় মাস বাকি, কিন্তু আগাম নির্বাচনের সিদ্ধান্তটি বিএনপিকে বেকায়দায় ফেলত। দেশে ফেরার পর শেখ হাসিনা তাঁর ওই সিদ্ধান্ত থেকে পিছিয়ে গিয়েছিলেন। পত্রপত্রিকায় ও রাজনৈতিক বিশ্লেষণে কারণ উদ্ঘাটিত হলো: মার্চে নির্বাচন হলে বিচারপতি মোস্তাফা কামাল প্রধান উপদেষ্টা হয়ে যেতেন। অত্যন্ত স্বাধীনচেতা বিচারপতি কামালের পরিবর্তে তুলনামূলকভাবে নিরীহ ও কোমল স্বভাবের বিচারপতি লতিফুর রহমানের জন্য অপেক্ষা করাকেই নাকি আওয়ামী লীগের ‘থিংক ট্যাংক’ নিরাপদ বিকল্প হিসেবে বেছে নিয়েছে। ওদিকে বিচারপতি লতিফুর রহমান যখন নিশ্চিত হয়ে গেলেন যে তিনিই পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হতে চলেছেন, তখন আগেভাগেই হোমওয়ার্ক শুরু করে দিলেন তাঁর নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের সদস্য বাছাইয়ে। এসব সদস্যের মধ্যে অন্তর্ভুক্ত অবসরপ্রাপ্ত আমলা ও জেনারেলদের কারও কারও প্রচণ্ড ক্ষোভ ছিল আওয়ামী লীগের ওপর, চাকরিজীবনে বঞ্চনার কারণে। তাঁদের সঙ্গে লিয়াজোঁ গড়ে উঠল বিএনপি-জামায়াতপন্থী বেশ কয়েকজন আমলা নিয়ে গঠিত হাওয়া ভবনভিত্তিক একটি গ্রুপের। উপদেষ্টা পরিষদের তিনজন সদস্যের সমন্বয়ে গঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস কমিটির মাধ্যমে ওই হাওয়া ভবনভিত্তিক আমলা গ্রুপটির হোমওয়ার্কে শেখ হাসিনা সরকারের সাজানো মাঠপর্যায়ের প্রশাসনকে তছনছ করে দেওয়া হলো। অভূতপূর্ব দ্রুততায় ও দক্ষ তৎপরতায় এক হাজার ৫২৬ জন কর্মকর্তা ওই রদবদলের মাধ্যমে মাঠপর্যায়ে বদলি হয়ে পদায়িত হলেন, যাঁদের বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশ ছিল বিএনপি-জামায়াতপন্থী। এরপর বিএনপির পক্ষ থেকে দাবি তোলা হলো বিচারিক ক্ষমতা দিয়ে মাঠপর্যায়ে সেনাবাহিনী মোতায়েনের, উপদেষ্টা পরিষদ এবং নির্বাচন কমিশনের যৌথ প্রস্তাবে সম্মতি দিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দীন। আওয়ামী লীগ বারবার প্রশাসনিক পরিবর্তন এবং সেনা মোতায়েনের ব্যাপারে আপত্তি জানালেও নির্বাচন কমিশন কিংবা উপদেষ্টা পরিষদ তা আমলে নিল না। আওয়ামী লীগের অনেক বীরপুরুষ পালিয়ে আত্মরক্ষা করলেন। বিচারপতি লতিফুর রহমান মিডিয়ায় সন্তোষ প্রকাশ করলেন, ‘দুষ্টু লোকেরা সব পালিয়েছে।’ আওয়ামী লীগের মাস্তানদের জায়গা যে বিএনপি-জামায়াতের মাস্তানদের দখল করে নেওয়াটাই স্বাভাবিক, ওটা তিনি বুঝতে চাইলেন না। ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের পরাজয় যে বিএনপি-জামায়াত জোটের জন্য বিস্ময়করভাবে ভূমিধস বিজয়ে পরিণত হয়েছিল, তার জন্য ওপরে বর্ণিত ঘটনাপরম্পরাই প্রধানত দায়ী ছিল। এ ক্ষেত্রে রাষ্ট্রপতি সাহাবুদ্দীনের দোষ কোথায়? উপদেষ্টা পরিষদের কাজে হস্তক্ষেপ না করাটা যদি অপরাধ হয়ে থাকে, তাহলে তিনি দোষী। সেনাবাহিনীর নিম্নস্তরের কর্মকর্তা-সিপাহিদের মধ্যে বিএনপি-জামায়াত-সমর্থক তুলনামূলকভাবে বেশি বলে ধারণা করা হয়। নির্বাচন-পরবর্তী বিএনপি-জামায়াতের সহিংস তাণ্ডব দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে যেভাবে অমানুষিক নির্যাতন, ধর্ষণ, লুটপাটের শিকার করেছিল এবং ঘরবাড়ি-গ্রামছাড়া করেছিল, তা নিয়ন্ত্রণের দায়িত্ব ছিল তত্ত্বাবধায়ক সরকারের। অথচ ওই ব্যর্থতার জন্যও ‘ভিলেন’ বানানো হয়েছে রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকেই! এই অভিমানী মানুষটি এখন লোকচক্ষুর অন্তরালে নিজেকে গুটিয়ে নিয়েছেন। এটাই কি তাঁর প্রাপ্য ছিল?২০০১-০৬ মেয়াদে বিএনপি-জামায়াত জোট সরকার অত্যন্ত সুপরিকল্পিত হোমওয়ার্কের মাধ্যমে সিভিল প্রশাসন এবং পুলিশ বাহিনীকে নির্বিচারে দলীয়করণের শিকার করেছে। মুক্তিযুদ্ধ কিংবা আওয়ামী লীগের গন্ধ পাওয়া গেলেই বিতাড়িত হয়েছেন কর্মকর্তারা। সেনাবাহিনী এবং বিচার বিভাগকেও তারা নির্বিচারে দলীয়করণের শিকার করেছে তাদের সম্প্রসারিত উইচ হান্টিংয়ের খেলায়। এটা করতে গিয়ে তাদের প্রিয়পাত্র বিচারপতি কে এম হাসানকে ২০০৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করার উদ্দেশ্যে যখন সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স বাড়িয়ে ৬৭ বছর করার সিদ্ধান্ত নিল বিএনপি-জামায়াত সরকার, তখনই তারা ধরা খেয়ে গেল। কারণ, বিচারপতি হাসান বিএনপির জন্মলগ্নে ওই দলের আন্তর্জাতিক সম্পাদকের দায়িত্ব পালনের পুরস্কার হিসেবেই সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন। যৌক্তিক কারণেই বিরোধী দলগুলো রুখে দাঁড়াল। দেশ এগিয়ে চলল ১৯৯৬ সালের ২৮ অক্টোবরের নারকীয় সংঘাতের গিরিখাতে। ২৮ অক্টোবর দুপুরেই বিচারপতি হাসান রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনকে জানিয়ে দিয়েছিলেন, বিদ্যমান পরিস্থিতিতে তিনি প্রধান উপদেষ্টার পদ গ্রহণ করবেন না। ওই সিদ্ধান্তটি যদি তাৎক্ষণিকভাবে বঙ্গভবন থেকে জাতিকে জানিয়ে দেওয়া হতো, তাহলে ওই দিন বিকেলের প্রাণঘাতী পৈশাচিক ঘটনাগুলো এড়ানো যেত। কিন্তু রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন তা আর কাউকে না জানিয়ে মুঠোফোনে তা জানিয়ে দিলেন শুধু খালেদা জিয়াকে। তখন খালেদা জিয়া ছিলেন নয়াপল্টনে বিএনপির সমাবেশের মঞ্চে। তাঁকে আমরাও দেখছিলাম টেলিভিশনের পর্দায়। ওই ফোন পাওয়ামাত্রই আমরা দেখলাম, বক্তৃতা না দিয়েই মঞ্চ থেকে তড়িঘড়ি করে গাড়িতে উঠে তিনি রওনা দিলেন বঙ্গভবনের উদ্দেশে। বঙ্গভবনের ওই বৈঠকেই রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনেরই প্রধান উপদেষ্টা হওয়ার সিদ্ধান্তটি গৃহীত হয়েছিল, আর বিচারপতি হাসানের সিদ্ধান্তটি বঙ্গভবন থেকে মিডিয়াকে জানানো হলো রাত সাড়ে ১১টায়। ততক্ষণে ঢাকাসহ সারা দেশে খুনোখুনি-হানাহানিতে ঝরে গেছে ৫২টি প্রাণ। পরবর্তী ২৮ অক্টোবর-১১ জানুয়ারি ২০০৭ পর্বে বিএনপি-জামায়াত জোট রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন এবং নির্বাচন কমিশন এবং উপদেষ্টা পরিষদ নিয়ে যে ষড়যন্ত্রে মেতে উঠেছিল, তা নিশ্চয়ই জনগণ ভুলে যায়নি। ১/১১ তো এভাবেই এসেছিল।আমার দুঃখ হচ্ছে, ১৯৯১-২০০৮ পর্বের চারটি নির্বাচন থেকে এ দেশের প্রধান দুটো রাজনৈতিক দল শিক্ষা গ্রহণ তো করলই না, বরং কারসাজির নির্বাচনের খায়েশ এখনো দুই দলের মূল নেতৃত্বকে আচ্ছন্ন করে রেখেছে। ওই চারটি নির্বাচনের প্রতিটিতেই জনগণ নির্বাচন-পূর্ববর্তী ক্ষমতাসীন দল বা জোটকে প্রবলভাবে প্রত্যাখ্যান করেছে। ১৯৯১ সালের ফেব্রুয়ারির নির্বাচনে অপ্রত্যাশিতভাবে হেরে যাওয়ার পর শেখ হাসিনা সূক্ষ্ম কারচুপির অভিযোগ তুললেও দেশে-বিদেশে ওই নির্বাচন গ্রহণযোগ্যতা পেয়েছিল। ১৯৯৬ সালে খালেদা জিয়া নির্বাচনের ভোট গ্রহণের শেষে নির্বাচনকে সুষ্ঠু বলে সার্টিফিকেট দিলেও ফলাফল ঘোষণার পর কারচুপির অভিযোগ তুললেন। কিন্তু ১৯৯১ ও ১৯৯৬-এর নির্বাচনে অন্তর্বর্তী সরকার/তত্ত্বাবধায়ক সরকারকে কোনো পক্ষই পক্ষপাতদুষ্ট বলতে পারেনি। ২০০১ সালের নির্বাচন এবং ২০০৬-০৭ পর্বের সংঘাতের পর্বে ক্ষমতাসীন দল বা জোট কথিত ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে কারচুপির নির্বাচনের যাবতীয় ব্যবস্থা করেও নির্বাচনী বিপর্যয় এড়াতে পারেনি। তাদের জালিয়াতির নীলনকশা ভন্ডুল হয়ে গেছে। এমতাবস্থায়, বর্তমানে আবারও তত্ত্বাবধায়ক সরকার কিংবা নির্দলীয়, নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের দাবিতে যখন ১৮-দলীয় জোট মহাজোট সরকারকে তাদের মেয়াদ পূর্তির আট মাস আগেই বিতাড়নের জিহাদ চালিয়ে যাচ্ছে, তখন দুই পক্ষকেই বলি, জনপ্রিয়তা ধরে রাখতে না পারলে নির্বাচনে হারার জন্য প্রস্তুত থাকতে হবে।ড. মইনুল ইসলাম: অধ্যাপক, অর্থনীতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও সাবেক সভাপতি, বাংলাদেশ অর্থনীতি সমিতি।