মিঠা পানির মাছের প্রজননক্ষেত্র হিসেবে চট্টগ্রামের হালদা নদী বিশ্বেই অনন্য। কিন্তু দখল-দূষণ ও বাঁধের জন্য নদী তার বৈশিষ্ট্য হারাতে বসেছে। মাছের দেশে যেখানে প্রাকৃতিক উৎসের মাছ কমে যাচ্ছে, সেখানে হালদা নদীকে দেশীয় মাছের প্রজননক্ষেত্র হিসেবে রক্ষা করা খুবই জরুরি।
সম্প্রতি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে পরিচালিত গবেষণা হালদা নদীর বিপদগুলো চিহ্নিত করেছে। কারণগুলো সবই মানবসৃষ্ট এবং সরকারি প্রতিষ্ঠানও এর বাইরে নয়। মৎস্য বিভাগের সঙ্গে কোনো পরামর্শ ছাড়াই কৃষি বিভাগ ও এলজিইডি হালদায় দুটি রাবার বাঁধ তৈরি করেছে। বাঁধ দেওয়ায় উজানের পানি সেচের কাজে লাগলেও, ভাটিতে শুকনা মৌসুমে নদীপ্রবাহের মৃত্যু ঘটছে। তা ছাড়া, হালদা নদীর উৎসমুখের দুই পারের তামাক চাষের দূষণ, আরও ভাটিতে অজস্র শিল্পকারখানার বর্জ্য বড় হুমকি। এই কারখানাগুলোর বেশির ভাগেরই ইটিপি (তরল বর্জ্য শোধনাগার) নেই। ট্যানারির দূষিত বর্জ্যও সরাসরি নদীতে গিয়ে পড়ছে। নদীর মাটি ও পানি ব্যবহার করে চলেছে ২২টি ইটভাটা। চট্টগ্রামের কিছু এলাকার বর্জ্যও খাল দিয়ে এই নদীকে নিরন্তর দূষিত করে চলেছে।
ক্ষতির মাত্রাটি আরও বেড়ে গেছে নদীর বাঁকগুলো কেটে সোজা করায়। এই সব বাঁকের স্রোতস্বিনী পানিতেই মাছেরা ডিম ছেড়ে থাকে। সরকার নদীর উল্লেখযোগ্য একটা অংশকে মাছের রেণুর অভয়ারণ্য ঘোষণা করলেও তদারকির অভাবে তা-ও তেমন উপকারী হয়নি। এসবেরই ফল হলো, ২০১২ সালে যেখানে হালদা থেকে সংগৃহীত রেণুর পরিমাণ ছিল ৩৫৪ কেজি, সেখানে কমতে কমতে ২০১৬ সালে হয়েছে ১২ কেজি। আরও অতীতে এই নদী থেকে হাজার কেজি মাছের রেণু সংগ্রহ করা হতো।
হালদার সেচনির্ভর এলাকায় বোরো ধানের চাষ কমিয়ে শাকসবজি ও কম সেচের ধান চাষের ব্যবস্থা নিতে হবে। রাবার বাঁধ দুটি অচিরেই অপসারণ করা জরুরি। নদীপারের কারখানাগুলোকে পরিবেশ আইন সম্পূর্ণ মেনে চলায় বাধ্য করতে হবে। মিঠা পানির মাছের প্রজননক্ষেত্র হালদা অর্থনৈতিক ও প্রাকৃতিক সম্পদ। এর সুরক্ষায় অবহেলা নয়।