দেশের একমাত্র সংরক্ষিত প্রাকৃতিক মাছ প্রজননকেন্দ্র চট্টগ্রামের হালদা নদীর সামগ্রিক বিপন্নতা নিয়ে অনেক লেখালেখি, আলোচনা, সেমিনার-সিম্পোজিয়াম হয়, কিন্তু সেসবের সুফল তেমন ফলে না। কারণ, এই নদীতে মাছের পরিমাণ ও প্রজাতির সংখ্যা কমে যাওয়া অব্যাহত আছে। ফলে মাছের ডিম ও তা থেকে রেণু উৎপাদনের পরিমাণও কমে যাচ্ছে।
গত শনিবার চট্টগ্রামে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ) নামের এক বেসরকারি সংস্থার আয়োজিত সেমিনারে জানানো হয়েছে, ২০১৫ সালে হালদা নদী থেকে সংগৃহীত মাছের ডিম থেকে রেণু উৎপাদিত হয়েছে মাত্র ১২ কেজি। অথচ ১৯৪৫ সালে উৎপাদিত হয়েছিল ৫ হাজার কেজি। নদীটির বিপন্নতার মাত্রা অনুধাবনের জন্য এই একটি তথ্যই যথেষ্ট। এটা একটা ‘সংরক্ষিত’ প্রাকৃতিক প্রজননকেন্দ্র, কিন্তু এর সংরক্ষণের দায়িত্ব কেউ সঠিকভাবে পালন করে বলে মনে হয় না।
হালদা নদীর আশপাশের বিভিন্ন বাজারে বড় বড় মাছ বিক্রি হয়; সেগুলো আসলে হালদা নদীর মা মাছ। নদীটি পাহারার কোনো ব্যবস্থা নেই বলেই প্রতিনিয়ত মা মাছ ধরা হচ্ছে। শুধু তা-ই নয়, মাছ ধরতে গিয়ে নদীর পানিতে বিষও ঢেলে দেওয়া হয়। এই সর্বনাশ ঠেকানোর কেউ নেই। মৎস্য অধিদপ্তর এক প্রকল্পে ১৫ কোটি টাকা খরচ করেছে হালদা নদীর জন্য; কিন্তু নদীটির দুর্দশা কমেনি। বিরামহীনভাবে চলছে দখল ও দূষণ। কিন্তু মৎস্য বিভাগ সেদিকে দৃষ্টি দেয় না। সেদিনের সেমিনারে জেলা মৎস্য কর্মকর্তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু তিনি উপস্থিত হননি বলে সেমিনারের সভাপতি ও প্রধান অতিথি ক্ষোভ প্রকাশ করেন।
এ পর্যন্ত হালদা নদীর যে ক্ষতি হয়েছে, তা অপূরণীয়। পাঁচ হাজার কেজি রেণু উৎপাদনের মতো অবস্থায় হয়তো এ নদীকে আর ফেরানো যাবে না। কিন্তু এর আরও দখল, আরও দূষণ অবিলম্বে বন্ধ করতে হবে। এখন যে ১২ কেজি রেণু পাওয়া যাচ্ছে, অচিরেই হয়তো সেটুকুও আর পাওয়া যাবে না। এ নদীতে নিয়মিত পাহারার ব্যবস্থা করতে হবে।