গত ২০১৭ সালের শেষ তিন মাসে হালদা নদী ও সংলগ্ন খালগুলোতে প্রায় ষোলোটি ডলফিনের মৃতদেহ ভেসে ওঠে। সেটা ছিল এক অশনিসংকেত। নদীতে বা প্রবহমান জলধারায় ডলফিন হচ্ছে শুদ্ধতার প্রতীক। যে নদী জীবন্ত, সেই নদীতেই ডলফিন থাকে। তাই ডলফিনের মৃত্যু বা চলে যাওয়া ছিল মাছের আসন্ন বিপদের আলামত।
একসময় হালদা ছিল ডলফিন আর নানা জাতের মাছসহ প্রায় ১৬৬টি প্রজাতির জলজ প্রাণীর এক চমৎকার আবাসস্থল। অনেক দূষণের পরও ডলফিন মোটামুটি মানিয়ে নিয়ে এযাবৎ বেঁচে ছিল। কিন্তু আমাদের নানা হঠকারিতায় দূষিত ও বিপর্যস্ত হালদায় ডলফিন শেষ পর্যন্ত আর তিষ্ঠাতে পারেনি। প্রথমে ধারণা করা হয়েছিল, অবৈধ বালু উত্তোলনের কাজে নিয়োজিত ড্রেজার চলাচলের সময় ডলফিনগুলো আঘাত পেয়ে মারা যাচ্ছে। কিন্তু গত এক সপ্তাহে মা মাছসহ নানা প্রজাতির ছোট-বড় মাছ ও জলজ প্রাণীর মৃত্যু এখন লাগামহীন দূষণের বিষয়টিকেই নিশ্চিত করছে।
সপ্তাহ কয়েক আগে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে রাউজান, ফটিকছড়ি ও হাটহাজারীতে বন্যা হয়। বন্যার পানি নেমে যাওয়ার পর কয়েক দিন ধরে হালদা নদীর বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রজাতির মাছসহ জলজ প্রাণীরা মরে ভেসে উঠতে থাকে। পাহাড়ি ঢল, ফ্ল্যাশ ফ্লাড বা ঝটকা বন্যা হালদার জন্য নতুন কিছু নয়। এ ধরনের ঢলে বা বন্যায় আগে কখনো মাছে মড়ক লাগেনি। তবে এবার কেন মাছ মরছে? গত বছর হাওরের বন্যায় হাঁস-মাছের মড়কের রহস্য আজও কাটেনি।
হালদায় মড়কের প্রকৃত কারণ খুঁজতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও পরিবেশ অধিদপ্তরের বিশেষজ্ঞ দল নদীর ১০টি পয়েন্টে সরেজমিনে পরীক্ষায় পানিদূষণের এক ভয়াবহ চিত্র পেয়েছে। বর্তমানে হালদা নদীর পানিতে প্রতি এক লিটারে অক্সিজেনের পরিমাণ দুই মিলিগ্রামেরও নিচে নেমে গেছে। অথচ নদীর পানিতে মাছ বেঁচে থাকার জন্য প্রতি লিটারে কমপক্ষে পাঁচ মিলিগ্রাম অক্সিজেন প্রয়োজন। বিশেষজ্ঞ দল বলেছে, হালদা নদীতে দূষণ ও মাছ মরে যাওয়ার ঘটনা এই নদীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিপর্যয়। বিশেষজ্ঞরা দেখেছেন, ভাটির চেয়ে উজানে দূষণের মাত্রা বেশি।
বিশেষজ্ঞ দল এ বিষয়ে একমত যে এবারের বর্ষণে চট্টগ্রাম মহানগরের অক্সিজেন থেকে কুলগাঁও এলাকার আবাসিক বর্জ্য, ভাটি এলাকার পোলট্রি খামার, ট্যানারিসহ বিভিন্ন শিল্পের বর্জ্য প্রায় ২০টি খালের পথ বেয়ে হালদায় পড়েছে। এর মধ্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) হালদার দিকে ঘুরিয়ে দেওয়া একটি খালও আছে। পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক সংবাদমাধ্যমের কাছে স্বীকার করেছেন, হাটহাজারী, অক্সিজেন বাইপাস এলাকায় অনন্যা আবাসিক এলাকার মাস্টার ড্রেন নির্মাণে বামনশাহী খালটি বন্ধ করায় ম্যাক পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডসহ বায়েজিদ এলাকার সব তরল বর্জ্য আগে কর্ণফুলী নদীতে পড়লেও এখন খন্দকিয়া খাল হয়ে হালদায় পড়ছে।
আশার কথা, অনেক দেরিতে হলেও শেষ পর্যন্ত পরিবেশ অধিদপ্তর একটু নড়েচড়ে বসেছে। পরিবেশ ছাড়পত্র ও ইটিপি ছাড়া কারখানা চালিয়ে হালদা নদী দূষিত করার অভিযোগে ২৪ জুন থেকে ম্যাক পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড ইটিপি নির্মাণ ও ছাড়পত্র না নেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণার নির্দেশ জারি করেছে। অন্য দূষণকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এখনই কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
কালক্ষেপণ না করে হালদাকে পরিবেশগতভাবে বিপদাপন্ন এলাকা বা ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া (ইসিএ) ঘোষণা করে এটা রক্ষণাবেক্ষণের বিশেষ ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি। ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় হালদার অন্তর্ভুক্তির পদক্ষেপগুলোকেও আমাদের এগিয়ে নেওয়া উচিত।