হাসপাতালে বৈকালিক বহির্বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টঙ্গীর ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সরকারি নয়টি চিকিৎসাপ্রতিষ্ঠানে বিকেলে বহির্বিভাগ চালু করা হয়েছে, যেখানে রাত আটটা পর্যন্ত মানুষ চিকিৎসাসেবা পাবে। এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি, অর্থোপেডিক ও নাক কান গলা বিভাগে নিয়মিত অস্ত্রোপচার করা হবে রাত আটটা পর্যন্ত। স্বাস্থ্যসেবা খাতে সরকারের এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।
মঙ্গলবার প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, এই হাসপাতালগুলোতে বিকেলে বহির্বিভাগ চালু করা হয়েছে মূলত শ্রমজীবী মানুষের কথা বিবেচনা করে। তাঁরা সকাল থেকে দুপুর পর্যন্ত কাজে ব্যস্ত থাকেন। যখন ছুটি পান, তখন হাসপাতাল বন্ধ হয়ে যায়। ফলে তাঁরা সরকারি হাসপাতাল থেকে কোনো সেবা নিতে পারেন না। তাই যেসব এলাকায় শ্রমিক বেশি, সেখানে হাসপাতালে বৈকালিক সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই নয়টি হাসপাতালের বহির্বিভাগ বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত চালু থাকবে।
অবশ্য এ দেশে প্রায় ক্ষেত্রেই দেখা যায়, প্রথম প্রথম কোনো কিছু বেশ ভালোভাবে চললেও কিছুদিন পরেই তা ভেঙে পড়ে। এ ক্ষেত্রে যাতে এমনটা না ঘটে, সে ব্যাপারে এই নয়টি হাসপাতালের কর্তৃপক্ষকে সুব্যবস্থাপনার দিকে দৃষ্টি রাখতে হবে। বিকেলে হাসপাতালগুলোর বহির্বিভাগে যাতে সার্বক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসকেরা উপস্থিত থাকেন, তা নিশ্চিত করতে হবে। সেবা নিতে এসে রোগীদের যাতে ফিরে যেতে না হয় এবং চিকিৎসার নামে যাতে হয়রানির শিকার না হতে হয়, সে খেয়ালও রাখতে হবে।
আমাদের প্রত্যাশা, সরকার পর্যায়ক্রমে দেশের সব সরকারি হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করবে। কেননা, দেশের মানুষের বড় একটি অংশ এখনো প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। এভাবে সব সরকারি হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু হলে আরও বহু মানুষ স্বাস্থ্যসেবার আওতায় আসবে, বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠী উপকৃত হবে।