রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরের যে বেহাল চিত্র গতকাল মঙ্গলবার প্রথম আলোয় প্রকাশিত হয়েছে, তা সত্যিই দুঃখজনক। একটি হাসপাতাল চত্বরের এ রকম চিত্র একেবারেই অনভিপ্রেত। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, ওই হাসপাতাল চত্বরে প্রতিদিন যেন হাট বসে। অর্ধশত দোকানে প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত চলে শীতবস্ত্র থেকে শুরু করে নানা পণ্যের বেচাকেনা। রোগীদের স্বজন ও পথচারীরা এসব দোকান থেকে পণ্য কেনে। কিন্তু বিষয়টি একটি স্থায়ী ব্যবস্থার রূপ নিতে চলেছিল।
প্রতিবেদন অনুযায়ী, হাসপাতালেরই কিছু কর্মকর্তা-কর্মচারী অর্থের বিনিময়ে এ হাট বসতে দেন। এসব দোকানের পেছনে এলাকার প্রভাবশালী ব্যক্তি, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশের যোগসাজশ কাজ করেছে। এমনকি তারা হাসপাতালের উত্তর-পশ্চিম দিকে গিয়ে পাকা ঘর তুলে বড় একটি ওষুধের দোকানও তুলেছিল। হাসপাতালের ভেতরে একটি কক্ষে বহিরাগত একজন ফটোকপির ব্যবসাও করেছেন। এ অবস্থা সত্যিই বেদনাদায়ক।
মানুষ হাসপাতালে আসে চিকিৎসা নিতে। এর চারপাশের পরিবেশ থাকবে কোলাহলমুক্ত। অথচ অনেক হাসপাতালেই ঠিক এর উল্টো চিত্র বিরাজ করে। হাসপাতালগুলোর সামনের ফুটপাতও থাকে হকারদের দখলে। দোকানগুলোকে কেন্দ্র করেও বহু লোকের সমাগম ঘটে। ফলে রোগী ও চিকিৎসাসেবায় নিয়োজিত ব্যক্তিদের নানা ধরনের বিড়ম্বনার মুখে পড়তে হয়। দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে নানা ধরনের দুর্নীতি, অনিয়ম ও বিশৃঙ্খলার খবর আমাদের অজানা নয়। তবে হাসপাতালের মাঠে হাট বসানো সম্ভবত এক অনন্য নজির!
প্রথম আলোয় সংবাদ প্রকাশের পর গতকাল হাসপাতাল চত্বর থেকে হাটটি উচ্ছেদ হয়েছে, এটি আশার কথা। এ জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ। তবে অপরাধের চিহ্ন মুছে ফেলে অপরাধীদের শাস্তি না দিলে এ ধরনের কাজ আবারও ঘটতে পারে। যেসব কর্মকর্তা বা কর্মচারী টাকার বিনিময়ে এই হাট বসানোর সুবিধা দিয়েছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সেটাই প্রত্যাশা।