হাসপাতালে 'রোগী আটক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসা নেওয়ার পর বিল পরিশোধ না করতে পারার কারণে একজন রোগী ২৬ দিন ও অন্যজন দেড় মাস হাসপাতালে আটকে থাকার ঘটনাটি কেবল অমানবিক নয়, নির্মমও। প্রথম আলোর খবর অনুযায়ী, ঘটনাটি ঘটেছে সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরিস্থিতির শিকার হয়েছেন মানিকগঞ্জের একজন দরিদ্র গৃহবধূ ও নড়াইলের একজন রিকশাচালক। তাঁরা দুজনই হাসপাতালে ভর্তি হয়েছিলেন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে।
এর মধ্যে রিকশাচালক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হতে গেলেও দালালের খপ্পরে পড়ে এনাম হাসপাতালে আসতে বাধ্য হন। দুজনের কাছে হাসপাতাল কর্তৃপক্ষ যথাক্রমে ২ লাখ ৩৭ হাজার ৬৯৮ টাকা ও ৭ লাখ টাকা বিল দাবি করেছে। যদিও সেই অর্থ দেওয়ার সামর্থ্য তাঁদের নেই।
চিকিৎসার বিল দিতে না পারায় দুই রোগী আটকা!এই ঘটনা কয়েকটি নির্মম সত্যকেই সামনে নিয়ে এসেছে। দুজনই হাসপাতালে ভর্তি হয়েছেন সড়ক দুর্ঘটনার শিকার হয়ে। একজনকে অটোরিকশা ধাক্কা দেয়, অন্যজন বাস থেকে পড়ে আহত হন। যে দালাল রোগীকে ঢাকা মেডিকেল থেকে বেসরকারি হাসপাতালে নিয়ে আসার জন্য চাপ দিয়েছিলেন, তঁাকেও খুঁজে বের করার দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষেরই। রোগীকে হাসপাতালে ভাগিয়ে আনা শাস্তিযোগ্য অপরাধ, যার দায় ওই হাসপাতাল কর্তৃপক্ষ এড়াতে পারে না।
হাসপাতালের চেয়ারম্যান, যিনি স্থানীয় সাংসদও, বলেছেন, বিল পরিশোধ করেই রোগীদের যেতে হবে। প্রতিটি হাসপাতালেই দরিদ্র রোগীদের জন্য বিনা পয়সায় চিকিৎসা করার বিধান আছে। চিকিৎসা করানোর পর রোগীকে আটকে
রেখে তিনি টাকা আদায় করতে পারেন না। এখন জমিজমা বিক্রি করেও যদি এই দুই রোগী হাসপাতালের বিল শোধ করতে না পারেন, তাহলে কি সারা জীবন আটকে রাখবেন?
যে হাসপাতালটি রানা প্লাজা দুর্ঘটনার পর মানবিক আহ্বানে সাড়া দিয়ে আহত ব্যক্তিদের চিকিৎসা করেছে, সেই হাসপাতাল কর্তৃপক্ষ এতটা নিষ্ঠুর হবে, ভাবা যায় না। মানবিক কারণে এই দুই রোগীকে হাসপাতাল থেকে মুক্ত করা হোক। এ ব্যাপারে সরকারের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপ দাবি করছি।