ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) অগ্নিকাণ্ড ও চার রোগীর মৃত্যুর ঘটনাটি একই সঙ্গে দুঃখজনক ও অনভিপ্রেত।
প্রথমআলোয় প্রকাশিত খবর অনুযায়ী ময়মনসিংহ মেডিকেলের আইসিইউ-সংলগ্ন একটি কক্ষে গত মঙ্গলবার সকালে আগুন লাগে। কক্ষটিতে ওই বিভাগের প্রয়োজনীয় মূল্যবান চিকিৎসা-সরঞ্জাম রাখা হতো। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় আইসিইউতে চিকিৎসাধীন মোট ছয়জন রোগীকে একই ভবনের সিসিইউতে স্থানান্তর করা হয়। তবে তাঁরা কেউ দগ্ধ হননি। এরপর ওই দিন ও পরের দুই দিনে মোট চারজন রোগী মারা যান। মারা যাওয়া রোগীদের স্বজনদের অভিযোগ, সিসিইউতে স্থানান্তরের পর তাঁরা আগের মতো চিকিৎসাসেবা পাচ্ছিলেন না। তাই তাঁরা মারা গেছেন। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সিসিইউতেও রোগীরা ঠিকমতো চিকিৎসা পাচ্ছিলেন।
একটি হাসপাতালের আইসিইউতে মুমূর্ষু রোগীদের রাখা হয়, যাতে তাঁদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত হয়। সেখানেই যদি আগুন লাগে, তাহলে মুমূর্ষু রোগীরা যাবেন কোথায়? এ ব্যাপারে গঠিত তদন্ত কমিটির ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। কমিটির ধারণা যদি সত্যি হয়, তাহলে তা খুবই দুঃখজনক। তাহলে ধরে নিতে হবে, আইসিইউর পাশের ওই কক্ষের বৈদ্যুতিক রক্ষণাবেক্ষণব্যবস্থা ভালো ছিল না। সঠিকভাবে রক্ষণাবেক্ষণ হলে বৈদ্যুতিক শর্টসার্কিট হওয়ার কথা নয়।
প্রথমআলোর খবর অনুযায়ী হাসপাতালের নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে। তবে আগুন নেভানোর প্রশিক্ষিত লোক না থাকায় তা কাজে লাগানো সম্ভব হয়নি। প্রশ্ন হচ্ছে, কেন একটি হাসপাতালে আগুন নেভানোর প্রশিক্ষিত লোক থাকবে না? হাসপাতাল কর্তৃপক্ষের এ ধরনের গাফিলতির খেসারত দিতে হলো চারটি প্রাণের বিনিময়ে। এর দায় নেবে কে?
আজ রোববার তদন্ত কমিটির প্রতিবেদন পেশ করার কথা। আমরা আশা করছি, তদন্ত কমিটি অগ্নিকাণ্ডের সঠিক কারণ উদ্ঘাটন ও এ ক্ষেত্রে কারও গাফিলতি থাকলে তা চিহ্নিত করবে। এ ছাড়া সিসিইউতে নেওয়ার পর রোগীদের যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি বলে মারা যাওয়া রোগীদের স্বজনেরা যে অভিযোগ করেছেন, তা-ও খতিয়ে দেখা জরুরি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।