দেশের স্বাস্থ্য খাতের সার্বিক অব্যবস্থাপনার চিত্র আবারও ফুটে উঠেছে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের নাজুক পরিস্থিতিতে। একটি হাসপাতালের এ রকম পরিস্থিতি কাম্য হতে পারে না।
গত শনিবার প্রথম আলোয় প্রকাশিত খবরে বলা হয়েছে, বৃষ্টির সময় হাসপাতালের নতুন ও পুরোনো ভবনের ছাদ চুইয়ে পানি পড়ে বিভিন্ন বিভাগে তা জমে থাকে। বিভিন্ন তলার শৌচাগারের পানি দেয়াল চুইয়ে নিচে পড়ছে। হাসপাতালের পুরোনো ভবনের সেপটিক ট্যাংক উপচে জরুরি বিভাগ, সার্জারি বিভাগ ও শিশু বিভাগের শৌচাগার বন্ধ হয়ে গেছে। এতে করে রোগীসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা ভোগান্তিতে পড়েছেন। এ ছাড়া হাসপাতালের নতুন ভবনে র্যাম্প (ট্রলি দিয়ে রোগী ওঠানামা করানোর উপযোগী ব্যবস্থা) নেই। কোনো কারণে লিফট বন্ধ হয়ে গেলে গুরুতর অসুস্থ রোগীদের নিয়ে মারাত্মক সমস্যায় পড়তে হয়।
যেকোনো হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। অথচ এই হাসপাতালের বর্জ্য ফেলার জায়গাও অপ্রতুল। অন্তর্বিভাগ ও বহির্বিভাগ পরিষ্কার করার পর যে বর্জ্য বের হয়, তা ১০০ শয্যার জন্য নির্মিত ডাস্টবিনে ফেলতে হয়। পৌর কর্তৃপক্ষ নিয়মিত বর্জ্য পরিষ্কার না করায় আশপাশে ময়লার স্তূপ জমে যায়। সব মিলিয়ে হাসপাতালটিতে দুরবস্থা বিরাজ করছে। অথচ দেখার যেন কেউ নেই।
রোগাক্রান্ত হওয়ার পর মানুষ চিকিৎসা নিতে হাসপাতালে আসে। বিশেষ করে দরিদ্র মানুষের ভরসাই হচ্ছে সরকারি হাসপাতাল। সেই হাসপাতালের পরিস্থিতি যদি এতটা খারাপ হয়, তাহলে সাধারণ মানুষ চিকিৎসা নেবে কীভাবে? তারা তখন যাবে কোথায়? প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, হাসপাতালের দুরবস্থার কথা বর্ণনা করে গত অক্টোবর মাসে স্বাস্থ্যমন্ত্রীকে লিখিতভাবে সবকিছু জানানো হয়েছে। কিন্তু সমস্যা সমাধানের ব্যাপারে এখনো যে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি, তা তো বোঝাই যাচ্ছে।
আমরা এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি। এই হাসপাতালে এসে রোগীরা যাতে যথাযথ চিকিৎসা পান এবং চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা যাতে স্বস্তিতে কাজ করতে পারেন, সে ব্যবস্থা করতে হবে।