যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দেওয়া বিবৃতি যে তিক্ততা সৃষ্টি করেছিল, তা পেছনে ফেলে ঢাকা-আঙ্কারা সম্পর্কের এক নতুন যাত্রার বিষয়টিই স্পষ্ট হতে চলেছে।
তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদ্রিমের বাংলাদেশ সফর এমন একটি পরিস্থিতিতে সম্পন্ন হচ্ছে যখন রোহিঙ্গা ও জেরুজালেম দুই জ্বলন্ত ইস্যুতে দুই দেশের অবস্থান অভিন্ন। এ ছাড়া বিশ্বব্যাংক ও আইএমএফের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর শর্তাবলি চ্যালেঞ্জ করা, ওআইসিকে শক্তিশালী মঞ্চ হিসেবে গড়ে তোলা, ধর্মীয় উগ্রতাকে নাকচ করে উদারনৈতিক ইসলামকে রাষ্ট্র ও সমাজজীবনে প্রতিষ্ঠা করার মতো বহু গুরুত্বপূর্ণ মৌলিক বিষয় দুই দেশকে কাছাকাছি এনে দিয়েছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠের দেশ হিসেবে সংবিধানে ধর্মনিরপেক্ষতা আঁকড়ে ধরতেও দুই দেশের মিল লক্ষণীয়।
অন্যদিকে অর্থনৈতিক ক্ষেত্রে তুরস্ক বিদ্যমান দ্বিপক্ষীয় ১০০ কোটি ডলারের কম বাণিজ্যের পরিমাণকে দ্বিগুণ করা, ভারী যন্ত্রপাতিসংবলিত তৈরি পোশাক ও বস্ত্রশিল্প কারখানা বাংলাদেশে স্থানান্তর এবং বিশেষ তুর্কি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় যেভাবে আগ্রহ দেখাচ্ছে, তাকে আমরা স্বাগত জানাই। তুরস্ক ইতিমধ্যে তাদের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি ছাত্রছাত্রীদের জন্য ব্যাপকভিত্তিক বৃত্তি প্রদানের কর্মসূচি বাস্তবায়ন করছে। শিক্ষাঙ্গনে দুই দেশের সহযোগিতা তিন দশক ধরেই ধীরে ধীরে বিকশিত হয়েছে। এসবই নির্দেশ করে যে বিশ্বের ১৭তম বৃহত্তম অর্থনীতি এবং বার্ষিক ১১ শতাংশ প্রবৃদ্ধির বিস্ময়কর রেকর্ড নিয়ে দেশটি যেভাবে বাংলাদেশের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়েছে, তাকে বেগবান করতে আমাদের সরকারের উচিত হবে সম্ভব সব ধরনের উদ্যোগই জারি রাখা। অবশ্য উভয় দেশের মধ্যে চলমান উচ্চপর্যায়ের ঘন ঘন সফরই বলে দিচ্ছে যে দ্বিপক্ষীয় সম্পর্ক ইতিমধ্যে যথেষ্ট গতিময়তা লাভ করেছে।
আরাকান-তুর্কি ঐতিহাসিক সম্পর্ক ছাড়াও মানবতার নিরিখে তুরস্ক দুর্গত রোহিঙ্গাদের পাশে যেভাবে দাঁড়িয়েছে, তা অনন্যসাধারণ। রোহিঙ্গা ইস্যুকে আন্তর্জাতিক অঙ্গনে জোরালোভাবে তুলে ধরার ক্ষেত্রেও তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আন্তর্জাতিক কূটনীতির অঙ্গনে তুরস্কের ক্রমবর্ধমান মর্যাদাপূর্ণ অবস্থানকে তা আরও এগিয়ে নিয়ে গেছে।
আমরা বিশ্বাস করি, তুরস্ক এটা উপলব্ধি করেছে যে ধর্মের নামে যারা মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদের পাশে দাঁড়ানোর কোনো নৈতিক বা রাজনৈতিক দায় তার বিদেশনীতির অংশ হতে পারে না। যেটুকু ভুল–বোঝাবুঝি ঘটেছিল, তাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার অবকাশ আছে। বাংলাদেশে বিনালি ইলদ্রিমের ফলপ্রসূ সফরের পর তুরস্কের প্রেসিডেন্ট এবং সমকালীন বিশ্বের অন্যতম আলোচিত নেতা এরদোয়ানের একটি আশু সফর আমরা আশা করতেই পারি।