হাসিনা-খালেদা পত্রবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আপনি আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে ১৯৯১ সালে নির্বাচিত জাতীয় সংসদের মেয়াদ খুব শিগগির শেষ হতে যাচ্ছে। স্বাভাবিকভাবেই সংবিধান অনুযায়ী অদূর ভবিষ্যতে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। বলার অপেক্ষা রাখে না যে, দেশ ও জনগণের স্বার্থে আগামী নির্বাচনের আগেই চলমান রাজনৈতিক সংকটের সমাধান হওয়া প্রয়োজন।আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আলোচনার মাধ্যমে সব সমস্যারই সমাধান সম্ভব।দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে আগামী নির্বাচন-সংক্রান্ত সব সমস্যার সমাধানে আমি আপনাকে অবিলম্বে খোলা মন নিয়ে আলোচনায় বসার আমন্ত্রণ জানাচ্ছি। আপনার সুবিধাজনক যেকোনো সময়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অথবা জাতীয় সংসদে সংসদ নেতার কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হতে পারে।আশা করি, আমার আমন্ত্রণ গ্রহণ করে আপনি আমাকে বাধিত করবেন।’এই আন্তরিকতাপূর্ণ চিঠিটি শেখ হাসিনাকে লিখেছিলেন খালেদা জিয়া। ১৯৯৫ সালের অক্টোবর-ডিসেম্বরে তাঁদের মধ্যে তিন দফা চিঠি বিনিময় হয়। প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রথম চিঠিটি লেখেন ২৮ অক্টোবর। এর আগেই অবশ্য জি-৫ নামে পরিচিত নাগরিকদের একটি দল দুই নেত্রীর সঙ্গে আলোচনা শুরু করে। জি-৫-এর সদস্যরা ছিলেন যথাক্রমে বিচারপতি কামালউদ্দিন হোসেন, ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ, রেহমান সোবহান, ফখরুদ্দীন আহমদ ও ফয়েজ আহ্মদ। আশির দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁদের অনেকে সক্রিয় ছিলেন এবং ফয়েজ আহ্মদের উদ্যোগেই ১৯৮৭ সালে দুই নেত্রীর বৈঠক হয়েছিল।১৯৯৪-৯৫ সালে শেখ হাসিনার নেতৃত্বে সব বিরোধী দল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করে। তার আগেই অবশ্য মাগুরা উপনির্বাচনে ব্যাপক কারচুপি ও ভোট জালিয়াতির অভিযোগ ওঠে। দুই নেত্রীর মধ্যে এই পত্রবিনিময়ের আগে ১৯৯৪ সালের নভেম্বরে দুই উপনেতা অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী ও আবদুস সামাদ আজাদও আরেক দফা চিঠি চালাচালি করেছিলেন। সে সময় নির্বাচন নিয়ে সৃষ্ট ঝগড়া মেটাতে কমনওয়েলথ প্রতিনিধি স্যার নিনিয়ান আসেন। তিনি সরকার ও বিরোধী দলের নেতাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেও সমঝোতায় আনতে পারেননি। বর্তমানে যেমন বিরোধী দল শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখে নির্বাচনকালীন সরকার করতে রাজি নয়, তৎকালীন বিরোধী দল খালেদা জিয়াকে রেখে কোনো সমাধানে যেতে চায়নি। আর সরকারি দলও খালেদা জিয়ার ব্যাপারে ছিল অনড়। গত বৃহস্পতিবার বিরোধী দলের নেতার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের লিখিত প্রস্তাব দেওয়ার কথায় ১৮ বছর আগের রাজনৈতিক দৃশ্যপট ভেসে ওঠে। সে সময়ে আওয়ামী লীগ ছিল বিরোধী দলে আর এখন বিএনপি। দুই দলের নেতাদের যুক্তি ও ভাষাশৈলী প্রায় অভিন্ন। বিরোধী দলে থাকতে যেটি তাঁদের জন্য অপরিহার্য হয়ে ওঠে, ক্ষমতায় গেলে তা-ই ত্যাজ্য বিবেচিত হয়। তিন দিন পর ১৯৯৫ সালের ৩১ অক্টোবর শেখ হাসিনা খালেদা জিয়ার প্রথম চিঠির জবাব দেন। এতে তিনি দেশে যে রাজনৈতিক সংকট চলছে, তা স্বীকার করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তাঁরা যে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য (এরশাদের আমলে) ঐক্যবদ্ধ আন্দোলন করেছিলেন, সে কথাও প্রধানমন্ত্রীকে স্মরণ করিয়ে দেন। শেখ হাসিনা তাঁর চিঠিতে আলোচনার এজেন্ডা ঠিক করার ওপর জোর দেন এবং আলোচনার পরিবেশ সৃষ্টির জন্য তত্ত্বাবধায়ক সরকারের ধারণা মেনে নেওয়ার আহ্বান জানান।চিঠিতে শেখ হাসিনা দেশের আর্থসামাজিক সংকটের পাশাপাশি আইনশৃঙ্খলার অবনতি, নারী নির্যাতন, সন্ত্রাস, জনগণের জানমালের নিরাপত্তাহীনতা, ব্যাপক দুর্নীতি, খাদ্যঘাটতি, দুর্ভিক্ষাবস্থা ও নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে থাকার কথাও উল্লেখ করেছেন। এজেন্ডা ছাড়া আলোচনা ফলপ্রসূ হওয়ার কোনো সম্ভাবনা নেই—এ কথা জানিয়ে তিনি বলেন, ‘একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমি আপনাকে নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ধারণা মেনে নেওয়ার অনুরোধ জানাচ্ছি এবং তাতে আলোচনার পরিবেশ সৃষ্টি হবে এবং আমরা যেকোনো স্থানে যেকোনো সময়ে বসতে পারব।’দ্বিতীয় চিঠিতে প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতাকে আন্তরিক ধন্যবাদ জানান। তবে তিনি সরকারের বিরুদ্ধে তাঁর উত্থাপিত সব অভিযোগ খণ্ডন করে বলেন, তাঁর সরকার একটি নির্বাচিত সরকার। গণতন্ত্র হত্যা করে ক্ষমতায় অধিষ্ঠিত পূর্ববর্তী সরকারের সঙ্গে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কোনো তুলনা হতে পারে না। আলোচনার এজেন্ডা প্রসঙ্গে তিনি আবারও বলেন, ‘আসন্ন সংসদ নির্বাচন-সংশ্লিষ্ট সব সমস্যা নিয়েই আলোচনা হতে পারে। আলোচনার টেবিলে উভয় পক্ষ যেকোনো বিষয়ই উত্থাপন করতে পারবে।’ চিঠির শেষে তাঁর আহ্বান ছিল: ‘আসুন, অর্থপূর্ণ আলোচনার জন্য সদিচ্ছা ও আন্তরিকতা নিয়ে বসি। আমার আন্তরিক আহ্বানে আপনার ইতিবাচক সাড়া পাব বলেই আশা করি।’বৃহস্পতিবার ঝালকাঠি জেলার নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষাভঙ্গির সঙ্গে অদ্ভুত মিল লক্ষ করা যায় সে সময়ে খালেদা জিয়ার ভাষাভঙ্গির। সে সময়ে বিরোধী দল আলোচনার জন্য এজেন্ডা ঠিক করতে বলেছিল। এখনো বিরোধী দল তা-ই বলছে এবং প্রধানমন্ত্রী ব্যতিক্রমী নমনীয়তা দেখিয়ে বললেন, ‘আসুন, যেখানে খুশি বসি। আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করি। যেকোনো স্থানে যেকোনো সময়ে সংলাপ হতে পারে। আপনারা যেখানেই আলোচনায় বসতে চান, আমরা সেখানে বসতে রাজি আছি। তবে আমি মনে করি, আলোচনার স্থান হিসেবে পার্লামেন্ট সবচেয়ে উপযুক্ত, নিরপেক্ষ ও নিরাপদ জায়গা। এ কারণে এখানে বসলে সবচেয়ে ভালো হয়। আলোচনায় বসে আপনাদের দাবিদাওয়া শুনি। আমাদের পক্ষ থেকে যেটুকু করার করব।’ (ইত্তেফাক, ৩ মে, ২০১৩)এদিকে হাসিনা-খালেদার পত্রালাপ চলতে থাকে। দুজনই বাংলায় চিঠি লিখেছিলেন। কিন্তু আমরা ডেইলি স্টার-এ প্রকাশিত ইংরেজি ভাষান্তর সংগ্রহ করেছি লেখক-গবেষক জালাল ফিরোজের ডেমোক্রেসি ইন বাংলাদেশ: কনফ্লিকটিং ইস্যুজ অ্যান্ড কনফ্লিক্ট রেজুলেশন বই থেকে। শেখ হাসিনা দ্বিতীয় চিঠি লেখেন ৪ নভেম্বর। দীর্ঘ এই চিঠিতে তিনি বিএনপির সরকারের বিভিন্ন দুর্বলতা ও ব্যর্থতা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ২০ বছর আগে দেশে হত্যা ও ক্যু এবং অবৈধভাবে শাসনক্ষমতা দখলের রাজনীতি শুরু হয়েছে। এবারও তিনি আলোচনার জন্য এজেন্ডার ওপর জোর দেন এবং নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ধারণা মেনে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান।প্রধানমন্ত্রী তৃতীয় চিঠি দেন ১২ নভেম্বর। এই চিঠিতেও তিনি বিরোধী দলের নেতার মূল দাবির বিষয়ে সরাসরি কিছু বলেননি; বরং আলোচনার জন্য কোনো পূর্বশর্ত না দেওয়ার আহ্বান জানান। তিনি এ-ও বলেন, ‘সন্ত্রাস ও কারচুপিমুক্ত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে ইতিমধ্যে নির্বাচনী আইনের সংশোধনসহ বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে।’ তাঁর চিঠির শেষ বাক্য ছিল: ‘আল্লাহ আমাদের সহায় হোন।’শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রীর তৃতীয় চিঠির জবাব দেন, তখন রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছেন। চিঠিতে তিনি রাষ্ট্রপতির পদক্ষেপকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান। ২৬ নভেম্বর শেখ হাসিনা প্রধানমন্ত্রীকে টেলিফোন করেও একই দাবির কথা পুনর্ব্যক্ত করেন। দুই মাস স্থায়ী এই পত্রবিনিময় সম্পর্কে রাজনৈতিক ও সাংবাদিক মহলের প্রতিক্রিয়া ছিল মিশ্র। ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহ্ফুজ আনাম একে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা’ বলে অভিহিত করেছিলেন। অন্যদিকে সাংবাদিক আতিকুল আলম মর্নিং সান-এ মন্তব্য করেছিলেন, ‘এসব চিঠির খেলা’।কমনওয়েলথের মহাসচিব স্যার নিনিয়ানের উদ্যোগ ব্যর্থ হওয়ার পর ১৯৯৪ সালের ২৮ ডিসেম্বর বিরোধী দলের সাংসদেরা একযোগে পদত্যাগ করেন। রাত নয়টায় পদত্যাগপত্র জমা দেওয়ার আগে বিকেল পাঁচটায় শেখ হাসিনা সংসদ ভবনে এক সংবাদ সম্মেলনে সংকট সমাধানে একটি ফর্মুলা ঘোষণা করেন। সেই ফর্মুলামতে, নির্বাচনের তারিখ ঘোষণার পর প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন এবং রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেবেন ও আপিল বিভাগে কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারপতি বা নির্দলীয় কোনো ব্যক্তির নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করবেন। সরকার ও বিরোধী দলের মনোনীত ব্যক্তিরা উপদেষ্টা পরিষদের সদস্য হবেন। সে সময় শেখ হাসিনার সঙ্গে অন্যান্যের মধ্যে বর্তমান বিএনপির নেতা ব্যারিস্টার মওদুদ আহমদও ছিলেন। এমনকি সে সময় জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব দিলে মওদুদ তার বিরোধিতা করে বলেছিলেন, বিএনপি তাঁর প্রস্তাব ভুলভাবে পাঠ করেছে। একই দিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির নেতারা অভিযোগ করেন, বিরোধী দল তাঁদের প্রস্তাবে রাজি হয়েও পরবর্তী সময়ে পিছু হটে। কী ছিল সেই প্রস্তাব? প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভা নির্বাচনের তারিখের এক মাস আগে পদত্যাগ করবেন এবং বিরোধী দলের সাংসদেরা পদত্যাগ করবেন না এবং হরতাল-অবরোধের কর্মসূচি স্থগিত রাখবেন।পরবর্তী ঘটনাপ্রবাহ সরকারের নিয়ন্ত্রণে ছিল না। খালেদা জিয়ার অধীনে নির্বাচনের তফসিল ঘোষণা করলে সব বিরোধী দল তা বর্জন ও প্রতিরোধের ডাক দেয়। ১৫ ফেব্রুয়ারির প্রহসনমূলক ও ভোটারবিহীন নির্বাচনে যে সংসদ গঠিত হয়, তার একমাত্র কাজ ছিল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালু করা। এরপর ১২ জুন প্রথম সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হলেও বিএনপি ১১৩টি আসন পায়। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নতুন বিতর্ক শুরু হয়। ২০০১ সালের নির্বাচনের রায়কে যেমন আওয়ামী লীগ প্রত্যাখ্যান করে, তেমনি বিএনপি ২০০৬-০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাটি নিজের মতো সাজাতে গিয়ে ১/১১-এর ঘটনাকে অনিবার্য করে তোলে। এখন বিএনপি তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করছে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বহাল থাকতেও তারা সে সময়ে একটি নির্বাচন করতে পারেনি বিরোধী দলের অনাস্থার কারণে। এখন আওয়ামী লীগ সেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ছাড়াই অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চাইছে। সেটি সম্ভব হবে কি না, তা নির্ভর করবে তাদের প্রস্তাবিত সংলাপের ফলাফলের ওপর। বিএনপি ১৯৯৪-৯৫ সালে এবং ২০০৬-০৭ সালে যে ভুল করেছিল, আওয়ামী লীগ এবার সেই ভুল করবে না বলেই আমাদের বিশ্বাস। খালেদা জিয়া সমঝোতা চাননি বলেই তাঁর পত্রালাপ কিংবা ২০০৬ সালে মান্নান ভূঁইয়া-আব্দুল জলিলের বৈঠক সফল হয়নি। এবার শেখ হাসিনার পালা। তাঁর হাতেই সংকট উত্তরণের চাবিকাঠি। তিনি সেই চাবিটি দিয়ে নির্বাচনের বন্ধ দুয়ার খোলার ব্যবস্থা করবেন, নাকি তালাটি ভেঙে ফেলবেন, সেটি দেখার জন্য হয়তো আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। সোহরাব হাসান: কবি, সাংবাদিক। [email protected]