প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগদানের প্রাক্কালে মিয়ানমারের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চির সঙ্গে তাঁর বৈঠকটি গুরুত্বপূর্ণ বলেই প্রতীয়মান হয়। মিয়ানমারের নেত্রী রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পর এই প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করেছেন।
বাংলাদেশ বরাবরই মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নিপীড়ন বন্ধ এবং রোহিঙ্গা শরণার্থীদের স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলে আসছে। দীর্ঘ সামরিক শাসন শেষে গণতান্ত্রিক রূপান্তরের যাত্রায় এখন মিয়ানমারের উচিত সামরিক শাসকদের রক্ষণশীলতা থেকে বেরিয়ে বাংলাদেশের সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়ানো। অং সান সু চি বর্তমানে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী ও স্টেট কাউন্সিলর। তাঁর দল বিজয়ী হওয়ায় দলটির শীর্ষ ব্যক্তি হিসেবে তিনিই কার্যত সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকায়। সুতরাং, দ্বিপক্ষীয় সমস্যাগুলো সমাধানে সু চির অঙ্গীকার বাংলাদেশের দিক থেকে খুবই প্রত্যাশিত। সু চি মিয়ানমারের সরকারে যোগ দেওয়ার সময়ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কাছে পাঠানো চিঠিতে এমন আশাবাদ ব্যক্ত করেছিলেন।
আশার কথা, মিয়ানমার সরকার রাখাইন প্রদেশের রোহিঙ্গা–বিরোধী সাম্প্রদায়িক সমস্যা সমাধানের লক্ষ্যে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে রাষ্ট্রীয় উপদেষ্টা পরিষদ গঠন করেছে এবং কফি আনান গত মাসে রাখাইন প্রদেশ সফরও করেছেন। এটি দৃশ্যত রোহিঙ্গাদের প্রতি তাদের পূর্বতন অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত।
মিয়ানমারের প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা মুসলিম নাগরিক বাংলাদেশে অবস্থান করছেন: ২ লাখ ৯০ হাজার সরকারি শরণার্থী শিবিরে, আরও প্রায় দুই লাখ তার বাইরে। মিয়ানমার তাঁদের ফিরিয়ে নিতে অনাগ্রহ দেখিয়ে এসেছে। এখন তাদের উচিত অবস্থান বদলানো, তাদের ফিরিয়ে নেওয়া। শুধু মানবিক কারণেই নয়, দুই দেশের সীমান্ত সমস্যা, জঙ্গিবাদ মোকাবিলা, মাদক চোরাচালান বন্ধসহ ভূ-রাজনৈতিক কারণেও এর সুষ্ঠু বিহিত হওয়া গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিউইয়র্কে সু চির বৈঠকের সূত্র ধরে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের উচিত এ ব্যাপারে মিয়ানমারের সঙ্গে আলোচনা অব্যাহত রাখা।
বিশ্বব্যাপী শরণার্থী সমস্যা যেভাবে আলোচিত হচ্ছে, তাতে বাংলাদেশে আটকে পড়া রোহিঙ্গা শরণার্থীদের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরার এই দায় অবশ্য প্রথমত বাংলাদেশেরই।