সৈয়দ আবুল হোসেনের কাণ্ড নিয়েই লিখতে বসেছি, তবে তার আগে আমি আপনাদের দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মাইয়ুং-বাকের কথা বলতে চাই।জানি না, কজন পত্রিকায় বা টিভির পর্দায় দেখেছেন তাঁকে। কিছুদিন আগে প্রেসিডেন্ট লি তাঁর সরকারের ভেতরে ও বাইরে দুর্নীতির যে অভিযোগ উঠেছে, তার জন্য সর্বসমক্ষে মাথা হেঁট করে করজোড়ে ক্ষমা ভিক্ষা করেছেন। দুর্নীতির জন্য যাঁরা অভিযুক্ত হয়েছেন, যদিও কোনোটাই এখনো প্রমাণিত হয়নি, তাঁদের মধ্যে রয়েছেন প্রেসিডেন্টের এক বড় ভাই ও অন্য দুই আত্মীয়, চারজন সহকারী এবং ডজন খানেক সাবেক সরকারি কর্মচারী। অধিকাংশের বিরুদ্ধেই অভিযোগ, ব্যক্তিগত প্রভাব খাটানোর প্রতিশ্রুতির বিনিময়ে তাঁরা মোটা অঙ্কের উৎকোচ আদায় করেছেন। অভিযুক্তদের মধ্যে কয়েকজন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন, কারও কারও বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণও শুরু হয়েছে।২০০৮ সালে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার সময় প্রেসিডেন্ট লি প্রতিশ্রুতি দিয়েছিলেন, দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সবচেয়ে ‘পরিষ্কার, দুর্নীতিমুক্ত’ সরকার তিনি উপহার দেবেন। রাজধানী সিউলের মেয়র হিসেবে দক্ষতা ও পরিষ্কার ইমেজের জন্য তিনি প্রশংসিত হয়েছিলেন, তাঁর ভূমিধস বিজয়ের সেটি অন্যতম কারণ। চার বছরও যায়নি, দুর্নীতির দুর্গন্ধ এখন তাঁর সারা গায়ে। শুধু তাঁর একার নয়, তাঁর দলের ওপর-নিচ সর্বস্তরে। টিভির দর্শকদের চোখের দিকে তাকানোর সাহস তাঁর ছিল না। মাথা নিচু করে প্রায় অস্ফুট স্বরে তিনি বললেন, ‘আমি এতটা লজ্জিত যে আপনাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস আমার নেই। ব্যাপারটা নিয়ে যত ভাবি, আমি ততই ব্যথিত হই। কিন্তু এ জন্য তো অন্য কাউকে আমি দুষতে পারি না। সব দোষ তো আমার।’সরকারি পর্যায়ে দুর্নীতি দক্ষিণ কোরিয়ার একটা প্রধান সমস্যা। গত অর্ধশতকে যতগুলো সরকার ক্ষমতায় এসেছে, তার প্রায় প্রতিটি কোনো না কোনোভাবে দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে ক্ষমতা থেকে সরে দাঁড়িয়েছে। এর আগের এক প্রেসিডেন্ট উৎকোচ গ্রহণের অভিযোগ মাথায় নিয়ে ক্ষমতা থেকে সরে দাঁড়িয়েছেন। আগের এক প্রেসিডেন্ট উৎকোচ গ্রহণের অভিযোগে অভিযুক্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নেন। আরেক প্রেসিডেন্টের তিন ছেলেকে জেলে ঢোকানো হয়েছিল ক্ষমতার অপব্যবহার ও উৎকোচ গ্রহণের অপরাধে। ক্ষমতা গ্রহণের সময় তাঁরা প্রত্যেকেই প্রতিশ্রুতি দিয়েছিলেন—জান দেবেন, কিন্তু দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না। বাস্তবে দেখা গেছে, হয় প্রেসিডেন্ট বা তাঁর মন্ত্রিসভার সদস্যরা দুর্নীতিতে জড়িয়ে গেছেন, অনেক সময় তাঁদের নিকট আত্মীয়স্বজনের অতি লোভ, স্বজনপ্রীতি বা ব্যক্তিগত ঔদ্ধত্যের কারণে।প্রেসিডেন্ট লি অনায়াসেই বলতে পারতেন, ‘আমার নামে তো কোনো অভিযোগ নেই, ভাই বা অন্য সরকারি কর্মচারীর অপরাধের জন্য আমাকে কেন ক্ষমা চাইতে হবে? তা ছাড়া যাঁরা অভিযুক্ত হয়েছেন, তাঁদের বিরুদ্ধে তো মামলা চলছে। আগে সেই মামলা শেষ হোক, তারপর দেখা যাবে।’ কিন্তু না, প্রেসিডেন্ট লি সে পথে না গিয়ে সব দায়দায়িত্ব নিজের কাঁধে নিয়ে বলেছেন, ‘যে অনিয়ম হয়েছে, তার সব দায়দায়িত্ব আমার। শিয়াল যাতে মুরগি খেয়ে না ফেলে, তার জন্য পাহারাদার হিসেবে আপনারা আমাকে নিযুক্ত করেছিলেন। আমি সে দায়িত্ব পালন করতে পারিনি। অতএব, ব্যর্থতার সব দায়ভার আমার।’প্রেসিডেন্ট লি ক্ষমা চাইলেন, আর অমনি সবাই সবকিছু ভুলে গেল? তা হয়তো নয়, কিন্তু নিজের সরকারের ব্যর্থতা স্বীকার করে দায়ভার গ্রহণের মাধ্যমে দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট নিজের ও নিজের সরকারের জন্য খানিকটা সম্মানজনক স্থান অর্জন করলেন—এ কথা বলা যায়। যাঁরা টিভিতে তাঁর আন্তরিক অনুশোচনার দৃশ্য দেখেছেন, তাঁদের অনেকে বলেছেন যে লোকটি সত্যি কথা বলছে। তাঁকে মাফ করা যায়।ক্ষমতার অপব্যবহারের ঘটনা পৃথিবীর সব দেশেই ঘটে। রাজনৈতিকভাবে বুদ্ধিমান নেতারা বরাবর নিজেদের সব দুর্নীতির ঊর্ধ্বে রাখার লক্ষ্যে অভিযোগ ওঠামাত্র দুর্নীতিবাজ বলে চিহ্নিত ব্যক্তিবর্গকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছেন। বড় ধরনের অনিয়ম প্রমাণিত হলে সরকারপ্রধান নিজেই ভুল ও ব্যর্থতার জন্য ক্ষমা প্রার্থনা করেন, সেটাও কোনো বিরল ব্যাপার নয়। ‘আমি দুঃখিত, আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী’—এমন কথা বলা প্রকৃত রাষ্ট্রনায়কের জন্য মোটেই দুর্বলতার লক্ষণ নয়। বরং সেই দুঃখ প্রার্থনা যদি আন্তরিক হয়, সাধারণ নাগরিক তাঁকে ভালো মনেই গ্রহণ করে। ফলে তাঁর হাত শক্ত হয়, নাগরিক মনে তাঁর ব্যাপারে আস্থা বাড়ে।আমাদের দেশে ব্যাপারটা ঠিক উল্টো। রাজনীতিকেরা তথা ক্ষমতাধর ব্যক্তিরা কখনোই নিজেদের ব্যর্থতার জন্য দোষ স্বীকার করেন না। সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের কথাটা ধরুন। তাঁর ব্যাপারে সন্দেহের কথা ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেছিলেন দুই বছর আগে। উইকিলিকসের কল্যাণে আমরা জানি, আবুল হোসেন রাষ্ট্রদূতের কাছে গিয়েছিলেন অবকাঠামো খাতের গুরুত্ব বুঝিয়ে বলতে। সেই সাক্ষাতের পর মার্কিন পররাষ্ট্র বিভাগে পাঠানো এক ‘গোপন’ বার্তায় মরিয়ার্টি বলেছিলেন, এই লোকটি (অর্থাৎ আবুল হোসেন) ‘লেস দ্যান অনেস্ট’। সোজা কথায়, এর ভেতর ঘাপলা আছে, একে নিয়ে কোনো কাজ করার আগে ভেবে দেখা দরকার। পত্রিকায় সে খবর ছাপা হলে মন্ত্রী মহোদয় খেপে কাঁই, ‘হতেই পারে না, আমার চেয়ে শুদ্ধ ও পরিষ্কার লোক আর নেই, চাও তো আমার সব কাগজপত্র পরীক্ষা করে দেখতে পার’, ইত্যাদি ইত্যাদি। এরশাদ আমলে এক জেনারেল ঢাকায় মেয়র হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আগে দেয়ালে পোস্টার ছেপেছিলেন, তাঁর চরিত্র নাকি ফুলের মতো পবিত্র। আবুল হোসেনের ‘না না’ শুনে আমার সেই পোস্টারের কথা মনে পড়েছিল।এই আবুল হোসেনকে নিয়ে এবার যে সমস্যা, তা আরও জটিল। পদ্মা সেতু নিয়ে দুর্নীতি আঁচ করতে পেরে বিশ্বব্যাংক এই খাতে ঋণ বরাদ্দ বাতিল করেছে। ভাবা হচ্ছে, আবুল হোসেন এখানেও ‘লেস দ্যান অনেস্ট’। দু-দুটো তদন্ত শেষে কী দুর্নীতি হয়েছে, তার প্রমাণ হিসেবে নানা কাগজপত্র বিশ্বব্যাংক বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করেছে। পদ্মা সেতুর কাজ পেতে আগ্রহী এসএনসি-লাভালিন নামে একটি কানাডীয় ব্যবসাপ্রতিষ্ঠানের কাছ থেকে বাংলাদেশ সরকারের লোকজন মোটা উৎকোচ চেয়েছেন, এমন কথা বলেছে বিশ্বব্যাংক। তার কিছু প্রমাণপত্র কানাডীয় সরকারকেও দেওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই কোম্পানি বিশ্বব্যাংকের কোনো প্রকল্পে অংশগ্রহণ করতে পারবে না, আপাতত বিশ্বব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে। পদ্মা সেতু নিয়ে এই অভিযোগের প্রতিক্রিয়া হয়েছে দুই রকম। ‘কোনো দুর্নীতি হয়নি’ বলে অনবরত এক ভাঙা রেকর্ড বাজিয়ে চলেছে বাংলাদেশ সরকার। প্রথম দিকে স্বর বেশ উচ্চগ্রামে ছিল, ক্রমান্বয়ে তা মিনমিনে হয়েছে। অন্যদিকে, বিশ্বব্যাংকের অভিযোগের ভিত্তিতে কানাডা সরকার লাভালিনের সদর দপ্তরে তল্লাশি চালিয়ে বিস্তর দলিল-দস্তাবেজ উদ্ধার করেছে। লাভালিনও অভিযোগ পাওয়ার পর কানাডীয় সরকার ও বিশ্বব্যাংকের তদন্তকাজে সব রকমের সহযোগিতা দিয়ে আসছে। তদন্তকাজে যাতে কোনো ব্যাঘাত না ঘটে, সে জন্য কোম্পানির প্রধান নির্বাহী পিয়েল দুহাইমকে সব দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কোম্পানির শেয়ারহোল্ডারদের দাবি মেনে দুহাইমকে পদত্যাগ করতে হয়েছে।বাংলাদেশকে যদি একটি কোম্পানির সঙ্গে তুলনা করি, তো দেশের সাধারণ নাগরিকেরা সেই কোম্পানির শেয়ারহোল্ডার। কিন্তু সরকার নামক এই কোম্পানি তার শেয়ারহোল্ডারদের সঙ্গে খুব সদাচরণ করছে, সে কথা বলা যাবে না। পদ্মা সেতু প্রকল্প নিয়ে সরকার গত কয়েক সপ্তাহে নানা বক্তব্য দিয়েছে, যার একটার সঙ্গে অন্যটার মিল নেই। আমরা দুর্নীতি করিনি—এই দাবি করে প্রধানমন্ত্রী বলেছেন, ভিক্ষার পয়সায় নয়, নিজের অর্থেই পদ্মা সেতু হবে। তিনি এমন কথাও বললেন, বিশ্বব্যাংকই দুর্নীতিবাজ, তাদের দুর্নীতির তদন্ত করতে হবে। কী দুর্নীতি, তা জানার জন্য ওয়াল স্ট্রিট জার্নাল পড়ে দেখার পরামর্শ দিয়েছেন তিনি। পদ্মা সেতুর পুরো বিষয়টি যে রকম কাঁচা হাতে সামলানোর চেষ্টা হয়েছে, তাতে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। দেশের স্বার্থ অগ্রাধিকার পেলে আবুল হোসেনকে নিয়ে এমন একগুঁয়েমি করার কথা নয়। অর্থমন্ত্রীর প্রতি ব্যক্তিগত শ্রদ্ধা পোষণ করে এমন লোকজন বিশ্বব্যাংককে ঢালাওভাবে দুর্নীতিপরায়ণ হিসেবে অভিযুক্ত করায় বিস্মিত হয়েছেন। বিশ্বব্যাংকের সাবেক প্রধান রবার্ট জোয়েলিক বিদায় নেওয়ার আগে বলেছিলেন, পদ্মা সেতুর ব্যাপারে ব্যাংকের সিদ্ধান্ত বদলাবে না। অর্থমন্ত্রী সেই বক্তব্য জোয়েলিকের নিজস্ব বলে তথ্যমাধ্যমকে বলেছিলেন। সে কথা শুনেও বক্র হাসি দিয়েছিলেন দু-একজন।বিশ্বব্যাংক ঠিক বাণিজ্যিক ব্যাংক নয়, যেমনটা প্রধানমন্ত্রী দাবি করেছেন। জাতিসংঘ ব্যবস্থার অঙ্গীভূত একটি বহুজাতিক সংস্থা, যার অন্যতম সদস্য বাংলাদেশ। এই ব্যাংকের নির্বাহী পরিষদ ‘বোর্ড অব গভর্নরস’-এর অন্যতম সদস্য হিসেবে অর্থমন্ত্রী অথবা বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদাধিকারবলে ব্যাংকের নীতিনির্ধারণী কর্মকাণ্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। ফলে ব্যাংকের ভেতরে যদি কোনো দুর্নীতি হয়, এবং সে ব্যাপারে আমাদের হাতে কোনো প্রমাণ থেকে থাকে, তা তুলে ধরার দায়িত্ব এই দুজনের। বিশ্বব্যাংক ধোয়া তুলসী পাতা নয়, তা আমরা জানি। কর্মচারী নিয়োগের ক্ষেত্রে অনিয়মের জন্য এই ব্যাংকের এক সাবেক প্রধান পল উলফোভিৎস চাকরি খুইয়েছেন। দুর্নীতি প্রতিরোধে ব্যাংকের প্রধান অস্ত্র, ডিপার্টমেন্ট অব ইনস্টিটিউশনাল ইন্টেগ্রিটি, কতটা দুর্নীতিমুক্ত তা অনুসন্ধানের জন্য কিছুদিন আগে মার্কিন ফেডারেল রিজার্ভ বোর্ডের সাবেক প্রধান পল ভলকারকে নিয়ে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছিল। পরে জানা গেল, সেই তদন্ত কমিটিতেও অনিয়ম হয়েছে। অন্য কথায়, বিশ্বব্যাংক নিয়ে সমস্যা আছে, কিন্তু দেশের সরকারপ্রধান কোনো প্রমাণপত্র ছাড়া বলে বসবেন যে বিশ্বব্যাংকে দুর্নীতি আছে, আর তার প্রমাণ হিসেবে আমাদের ওয়াল স্ট্রিট জার্নাল পড়ে দেখতে হবে, সেটাও খুব বাস্তবসম্মত কথা নয়। তার চেয়েও বড় কথা, বিশ্বব্যাংক যদি দুর্নীতিগ্রস্তই হবে, তাহলে সেখানে আবার অর্থের জন্য হাত পাতা কেন? মন্ত্রী আবুল হোসেন, যাঁর বিরুদ্ধে তাবৎ অভিযোগ মিথ্যা, সে ব্যাপারে আমরা যখন এতটা নিশ্চিত, তাহলে দুর্নীতিগ্রস্ত বিশ্বব্যাংকের চাপে পড়ে তাঁকেই বা গাড়ির নিচে ফেলা কেন? দুর্নীতির অভিযোগ উঠলে তা নিয়ে তদন্তের সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়াই নিয়ম। নীতিবান ও বিবেকবান যাঁরা, তাঁরা নিজেরাই সরে দাঁড়ান। কিন্তু এই নিয়মের এক ব্যতিক্রম মনে হয় বাংলাদেশ। চাপের মুখে সৈয়দ আবুল হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে বটে, অথচ তাঁর দেশপ্রেম নিয়ে সরকারের সর্বোচ্চ মহল থেকে সার্টিফিকেট দেওয়া বন্ধ হয়নি। তদন্ত শেষের আগেই যদি রায় ঘোষিত হয়, তাহলে লোক দেখানো সেই তদন্তে কী লাভ? পদ্মা সেতু আমাদের জাতীয় স্বার্থের সঙ্গে জড়িত। বিশ্বব্যাংকের অর্থায়ন ছাড়া এই প্রকল্প বাস্তবায়ন সহজ নয়, এ তো সোজা হিসাব। তার পরও ‘লেস দ্যান অনেস্ট’ এই লোকটিকে কোটের বুকপকেটের রুমাল করে কেন রাখতে হবে, সে কথা আমার মাথায় ঢোকে না।হায় হোসেন, হায় হোসেন না করে আমরা কি একবারের জন্য শুধু বাংলাদেশ কথাটা মাথায় রাখতে পারি না?হাসান ফেরদৌস: প্রাবন্ধিক ও কলাম লেখক।