প্রধানমন্ত্রিত্বের আঠারো মাসের মাথায় বড় ধরনের ধাক্কা খেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিহারের রাজ্যসভা নির্বাচনে বিজেপি বড় ব্যবধানে হেরেছে। ‘সবার সঙ্গে, সবার উন্নয়নে’ স্লোগানে জয়ী প্রধানমন্ত্রী যে সবার নেতা হয়ে উঠতে পারছেন না, সেটাই তুলে ধরল বিহার নির্বাচনের ফল।
মোদিমন্ত্রেই বিজেপি ভোটযুদ্ধ ও মন দখল করার অভিলাষ করেছিল। তাই জাতীয় নির্বাচনের মতো প্রাদেশিক নির্বাচনেও মোদি-কার্ড খেলেছিলেন দলের সভাপতি অমিত শাহ। কিন্তু মোদি-শাহর রথযাত্রার ফল আগের মতো হলো না। অর্থনীতিতে বিজেপি সরকার যতটা অসফল, ততই সফল সাম্প্রদায়িক মেরুকরণ সৃষ্টি করায়। বিহারের ভোটাররা এই প্রতিশ্রুতি ভঙ্গের জবাব দিয়েছেন বিজেপির প্রার্থীদের ভোট না দিয়ে।
মুসলিম ও পাকিস্তানবিদ্বেষী প্রচারণা এবং গো-রক্ষার আওয়াজে ভোলেননি বিহারের গরিষ্ঠসংখ্যক ভোটার। এটাই গণতন্ত্রের বিস্ময়কর ক্ষমতা। এই নির্বাচনের মধ্য দিয়ে জনসাধারণ সাম্প্রদায়িকতার চেয়ে সম্প্রীতিকে, ধর্ম নিয়ে বাড়াবাড়ির চেয়ে উন্নয়নের দাবিকে জোরালো করে তুলে ধরেছে। মোদি তাঁর অগ্রাধিকার ও কর্মপন্থা বদলান কি না, সেটাই এখন দেখার বিষয়। গরুর মাংস খাওয়া নিয়ে হিংসা, বিজেপি নেতাদের বিদ্বেষ সৃষ্টিকারী মন্তব্য, লেখক হত্যা এবং মুসলিম ও দলিত পীড়নের মতো কর্মকাণ্ড প্রত্যাখ্যান করে বিহারের জনগণ অসাম্প্রদায়িকতার পক্ষেই রায় দিয়েছে।
বিহার নির্বাচনকে বিজেপি ও এর বিরোধীরা আগামীর দরজা হিসেবে দেখেছিলেন। সেই দরজা দিয়ে প্রবেশে বিজেপির ব্যর্থতা কংগ্রেস, বাম ও আঞ্চলিক দলগুলোকে উৎসাহিত করে তুলছে। বিশেষত, ২০১৬ সালে আসাম, পশ্চিমবঙ্গ, কেরালা ও তামিলনাড়ুরও রাজ্যসভা নির্বাচন। এই চার প্রদেশে আসাম ছাড়া আর কোথাও বিজেপির পক্ষে জয়ের আশা করা কঠিন। তারপরই আসবে বিজেপির ঘাঁটি উত্তর প্রদেশের নির্বাচন এবং ২০১৯-এর জাতীয় নির্বাচন।
গণতন্ত্রের শিক্ষাই এই, জনগণকে সাময়িকভাবে ভোলানো যায়, কিন্তু দিনের শেষে সরকারের কাছে মানুষ শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তাই দেখতে চায়। বিভাজন ও হিংসার রাজনীতি গণতন্ত্রে বেশি দিন চলতে পারে না।