হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত কয়েক দিনে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও উপাসনালয়ে নানা অজুহাতে হামলা হয়েছে। খেলার মাঠের বাগ্বিতণ্ডা, ফেসবুকে ছবি পোস্ট বা জমি-সম্পদ দখলের চেষ্টা—যা-ই হোক না কেন, এসবের ফল হচ্ছে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা। এ পরিস্থিতি খুবই উদ্বেগজনক।
ফুটবল খেলা নিয়ে গত বুধবার নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ধন্যপুর গ্রামের দুই বাড়ির ছেলেদের মধ্যে ঝগড়া হয়েছে এবং তা মিটমাটও হয়েছে। কিন্তু এর পরও হিন্দুবাড়িটিতে হামলা করা হয়েছে; বাসাবাড়ি, মন্দির ও প্রতিমা ভাঙচুর করা হয়েছে। অভিযোগ রয়েছে, এই হামলার কারণ জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ। খেলা নিয়ে বাগ্বিতণ্ডা অছিলা মাত্র। কয়েক মাস আগে বরিশালেও খেলাকে কেন্দ্র করে অনুরূপ ঘটনা ঘটেছিল।
পটুয়াখালীর বাউফলে নকুল চন্দ্রের বাড়িতে হামলার ঘটনায় অবশ্য হামলাকারীরা কোনো অছিলার ধার ধারেনি। তাদের লক্ষ্য ছিল বাড়ি দখল। হামলা চালিয়ে তারা নকুল চন্দ্রের পরিবারের লোকজনকে তাড়িয়ে দিয়ে বাড়ি দখল করে নেয়। থানায় অভিযোগ করার পর পুলিশ গিয়ে বাড়ি দখলমুক্ত করে তাদের বুঝিয়ে দিয়েছে। কিন্তু তাতেই আক্রান্ত পরিবারটি নিশ্চিন্ত হতে পারছে না। আক্রমণকারীরা তাদের দেশছাড়া করার হুমকি দিচ্ছে। ঈদের আগে ফেসবুকে ছবি পোস্ট করার ঘটনায় ফটিকছড়িতে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে ভোররাতে হামলা হয়েছে।
দৃশ্যত এ ধরনের হামলা বিভিন্ন স্থানে ও ভিন্ন ভিন্ন ঘটনাকে কেন্দ্র করে হলেও সব ঘটনা কার্যত একই সূত্রে বাঁধা। সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনকে দুর্বল ভেবে স্বার্থান্বেষী লোকজন সম্পদ দখলসহ নানা কারণে এবং কোনো কোনো মহল রাজনৈতিক কারণে এ ধরনের অপকর্ম ঘটায় ও উসকানি দেয়। এই সংবেদনশীল বিষয়ে সব সময়ই সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে হবে। সম্প্রতি যে তিনটি ঘটনা ঘটেছে, এসবের সঙ্গে জড়িত লোকজনকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করা জরুরি।