হিমালয় শিখরে বাংলাদেশি তরুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিমালয়ের সর্বোচ্চ শিখর মাউন্ট এভারেস্ট যতটা উঁচু, তাকে জয় করার সম্মানও ততটাই উঁচু। ইতিহাসে এই প্রথম কোনো বাংলাদেশি নাগরিক সেই সম্মান ও সাফল্য অর্জন করলেন। পৃথিবীর শীর্ষে হিমালয়, হিমালয়ের শীর্ষ এভারেস্ট, তার শীর্ষে বাংলাদেশের পতাকা হাতে এক বাংলাদেশি বাঙালির পা ফেলা পৃথিবীতে একবারই ঘটার কথা ছিল এবং সেই অসামান্য ঘটনাটি ঘটল। বাংলাদেশের সব মানুষের পক্ষ থেকে এভারেস্ট বিজয়ী পর্বতারোহী মুসা ইব্রাহীমকে প্রাণঢালা অভিনন্দন। যে বাঙালির ‘ঘর হইতে আঙিনা বৈদেশ’ সেই বাঙালি বহু বছর হলো আটলান্টিক পাড়ি দিয়ে দেশ-মহাদেশে ছড়িয়ে পড়ছে। সেই সাফল্য কম নয়, কিন্তু এভারেস্ট বিজয় ছিল স্বপ্নের মতো। সেই স্বপ্ন বুকে নিয়ে একজন তরুণ দিনের পর দিন চেষ্টা করেছেন, স্বপ্ন সম্ভব করার জন্য খুঁজেছেন সহযোগিতা। কেউ আস্থা পেয়েছে, কেউ পায়নি। দরকার ছিল অনেক টাকা, অনেক সাহস আর বিপুল সংকল্পের। টাকা তাঁর ছিল না, কিন্তু সাহস ও সংকল্প ছিল অফুরান। তাতে ভর করেই দেশকে তিনি নিয়ে গেলেন দুর্গম এভারেস্টের গর্বিত চূড়ায়। গর্বিত এভারেস্টকে পদানত করার গর্বের তাই কোনো তুলনা নেই। তুলনা নেই মুসা ইব্রাহীমের।এই বিজয় একই সঙ্গে তারুণ্যেরও বিজয়। তরুণেরাই এ দেশকে সংগ্রাম ও যুদ্ধ করে স্বাধীন করেছে। আজও তরুণেরাই দেশে-বিদেশে শ্রম, উদ্ভাবনা ও নিষ্ঠা দিয়ে নানা ক্ষেত্রে অবদান রেখে যাচ্ছে। দেশের নানা পেশায় আর নানা অবস্থানে থেকে জীবনের চাকা ও অর্থনীতির গতি চালিয়ে যাওয়া কোটি কোটি তরুণ-তরুণীর অবদান আর পর্বত শিখরে একা দাঁড়িয়ে থাকা অভিযাত্রীর অবদান হয়তো এক পাল্লায় পরিমাপের নয়; কিন্তু উভয়ই একই অগ্রযাত্রার কাহিনি। অবদানের সেই ছায়াপথে এভারেস্ট বিজয়ী এই তরুণ নতুন নক্ষত্র। এমন সাফল্যে কেবল তার নায়কই উজ্জ্বল হন না, উজ্জ্বল হয় দেশ ও দেশের মানুষের ভাবমূর্তি। এই ঘটনা আজকের ও আগামী দিনের তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। এ ধরনের ঘটনা জাতির আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়।কোনো সফলতাই একক নয়। তার পেছনে থাকে অনেক মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ অবদান। আবার সাফল্যের চূড়া লক্ষ্য করে অনেকেই অভিযাত্রা করলেও নিজস্ব বা পারিপার্শ্বিক অসুবিধার জন্য কেউ তা ছুঁতে পারে, কেউ তা পারে না। এভাবেই অনেকের প্রচেষ্টায় পথ তৈরি হয়। কিন্তু চূড়ান্ত অর্জনের কঠিন পথের শেষ অংশটুকু কাউকে কাউকে একাই পেরোতে হয়। ব্যক্তি-নায়কের সেটাই যোগ্যতা। মুসা ইব্রাহীমকেও ভয়, বিপদ এমনকি মৃত্যুর সঙ্গে বাজি লড়ে এভারেস্টের চূড়ায় ওঠার আগের দুর্গমতাকে পাড়ি দিতে হয়েছে। সঙ্গী ছিলেন কেবল দুই নেপালি শেরপা। আবার এ রকম একা একাই তাঁকে নেমে আসতে হবে। এই পুরো পথে তাঁর সাফল্য ও সুস্থতার ধারা বজায় থাকুক, ঘরের ছেলে নিরাপদে ঘরে ফিরে আসুক, এটাই আজ সবার প্রত্যাশা।