দেশের খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্যদের হুমকি দেওয়ার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। পত্রপত্রিকার খবর অনুযায়ী, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে খ্রিষ্টান সম্প্রদায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ধর্মযাজকসহ ১২ জনকে মোবাইল ফোনে খুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিস্থিতি নষ্ট করা ও ধর্মীয়ভাবে সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক সৃষ্টিই যে এর উদ্দেশ্য, তা পরিষ্কার।
সাম্প্রতিক সময়ে দেশে একের পর এক যে ধরনের সন্ত্রাসী ঘটনা ঘটে চলেছে, তার সঙ্গে এর যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত ও প্রমাণসাপেক্ষ বিষয়। তবে যারাই এসব ঘটনা ঘটিয়ে থাক, তারা পরিকল্পিতভাবে দেশের নিরাপত্তাব্যবস্থাকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে। দুই বিদেশি নাগরিক হত্যা, প্রকাশক হত্যা ও হত্যাচেষ্টার ঘটনা এবং শিয়া সম্প্রদায়ের ধর্মীয় স্থানে হামলার ঘটনার পর ১৮ নভেম্বর দিনাজপুরে ইতালীয় ধর্মযাজক ও চিকিৎসক ফাদার পিয়েরো পিচমকে গুলি করে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। এর আগে ৫ অক্টোবর ঈশ্বরদীতে যাজক লুক সরকারকে গলা কেটে হত্যার চেষ্টা হয়েছে। এই পরিস্থিতিতে দেশের খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজনকে প্রাণনাশের হুমকিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।
এসব ঘটনা খুব স্বাভাবিকভাবেই দেশের খ্রিষ্টান সম্প্রদায়ের মধ্যে উৎকণ্ঠার সৃষ্টি করেছে। বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন এক মানববন্ধন করে এসব ঘটনার প্রতিবাদ জানিয়েছে এবং এর প্রতিকার দাবি করেছে। সন্ত্রাস ও ধর্মীয় অসহিষ্ণুতা দুনিয়াব্যাপী যেভাবে বিস্তার লাভ করছে, দুঃখজনকভাবে বাংলাদেশেও আমরা এর নানা আলামত দেখতে পাচ্ছি। শুরু থেকেই এই অপশক্তিকে রুখতে না পারলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে।
শিক্ষক ও যাজকসহ খ্রিষ্টান সম্প্রদায়ের যাঁদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তবে সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে, যারা এই হুমকি দিয়েছে, তাদের খুঁজে বের করে আইনের মুখোমুখি করা। আমরা আশা করব, সরকার এই শক্তিকে দমন করতে সর্বশক্তি নিয়ে মাঠে নামবে।