একজন লোকের নাম ছিল ফজর আলী। ফজর আলী যে কারও নাম হতে পারে, এটা আমি প্রথমে বিশ্বাসই করতে পারতাম না। পরে আমলাগিরির চাকরিতে প্রবিষ্ট হওয়ার পর জানলাম ও দেখলাম, আমাদের অফিসের ক্যানটিনে যে যুবকটি চা ও তৎসঙ্গে এটা-ওটা পরিবেশন করে থাকে, তার নাম ফজর আলী। অতঃপর আমার চক্ষু-কর্ণ ও বিশ্বাসের বিবাদ ভঞ্জন হলো। ঠিক তদ্রূপ বিলেতে বাংলাদেশ মিশনে কন্ট্রোলার সেকশনের কাজ দেখাশোনা করতে গিয়ে আমাগো এক দেশি ভাইয়ের পাসপোর্ট নবায়নকালে তাঁর নাম দেখলাম মটর উল্লাহ। তিনি পাসপোর্ট ডেলিভারি নিতে এলে পর আমি তাঁর সঙ্গে সখ্যের ভাব জমিয়ে তাঁকে জিজ্ঞেস করলাম, দুনিয়ায় এত নাম থাকতে তাঁর নাম মটর উল্লাহ রাখা হলো কেন? তদুত্তরে তিনি বললেন, ‘স্যার, আমরা ১১ ভাইবোন, এবং আমি সবার ছোট। আমার বাবা বলেছেন, আমি যখন জন্ম নিলাম তখন তাৎক্ষণিকভাবে নাম খুঁজে পাচ্ছিলেন না, হঠাৎ বাড়ির পাশের রাস্তা দিয়ে মোটরগাড়ি ছুটে যেতে দেখে নাকি আমার নাম রেখে দিলেন মটর উল্লাহ।’তা সে যা হোক, ফজর আলীর একটা বৈশিষ্ট্য ছিল, সে অর্ডার সরবরাহ করতে অবশ্যই অনেক দেরি করে ফেলত। হোটেল-রেস্টুরেন্টে অবশ্য এ রকম হয়ে থাকে। যে কারণে গল্প আছে যে পাশ্চাত্য এক রেস্টুরেন্টে এক ব্যক্তি খাবারের অর্ডার দিয়ে অনেকক্ষণ অপেক্ষা করার পর রেস্টুরেন্টটির একজন ওয়েটারকে কাছে ডেকে নিয়ে বলেছিল, আমাকে একটু কাগজ-কলম দাও তো হে, আমি যে খাবারটা অর্ডার করেছি, সেটা আমার একজন ওয়ারিশকে উইল করে দিয়ে যেতে চাই। ফজর আলী অবশ্য অতটা দেরি করবে না, তবে দেরি সে করতই। তাই তাকে উদ্দেশ করে কাউকে কাউকে বলতে শুনতাম, তোমার নাম ফজর আলী, আর তুমি অর্ডার সরবরাহ করতে জোহরের ওয়াক্ত পর্যন্ত লাগাও কেন?গোড়াতেই ফজর আলীর গল্প বিস্তারিত বলার কারণ হচ্ছে এই, আমি মনে করি আমার মধ্যেও ফজর আলী সিনড্রোম আছে; যে জন্য অতীতজীবনে অনেকবার মার খেয়েছি, এবারও খেলাম। নইলে দেশনন্দিত লেখক হুমায়ূন আহমেদের ইন্তেকাল (এই আরবি শব্দটির অর্থ হচ্ছে ‘স্থানান্তর’, তথা ইহকাল থেকে পরকালে গমন) হওয়ার পর সবাই ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কমবেশি বক্তব্য দিলেন, আমি আসরের ওয়াক্ত পর্যন্ত বসে রইলাম, অথচ আমার এই কলামের শিরোনাম দুই দু’গুণে পাঁচ হুমায়ূন আহমেদ সাহেবের সৌজন্যেই প্রাপ্ত। অবশ্য এবার এই দেরিটা ইচ্ছাকৃত নয়—আমি নিজেই ‘স্লিপস ডিস্ক হেতু মাসখানেক যাবৎ শয্যাশায়ী, এখনো অবধি নিজের পায়ের ওপর ভর করে সোজা হয়ে দাঁড়াতে পারিনি (পাঠকদের কাছে অবশ্যই দোয়াপ্রার্থী)।তা বলছিলাম দুই দু’গুণে পাঁচ শিরোনামটির কথা। হুমায়ূন আহমেদ সাহেবের প্রথম দুটি বই নন্দিত নরকে ও শঙ্খনীল কারাগার-এর নামকরণে বেশ একটু চমক ছিল। আমি যখন তাঁকে আমার এই কলামের জন্য একটি শিরোনাম বাছাইয়ের অনুরোধ জানালাম, তখন তিনি বিন্দুমাত্র ইতস্তত না করে আমাকে বললেন, আতাউর রহমান সাহেব, আমি দুই দু’গুণে পাঁচ শিরোনামে দুটি আর্টিকেল লিখেছিলাম, আর লিখছি না, আপনি ওটা নিয়ে নেন। আমি সানন্দচিত্তে সেটা গ্রহণপূর্বক এক যুগেরও অধিক চালিয়ে যাচ্ছি। তবে আমার এক বন্ধুর পৌত্রী বোধ করি যথার্থই বলেছে, এই লোকটা অঙ্কের কিছুই জানে না। দুই দু’গুণে চার হয়, সে লিখেছে পাঁচ।শুধু কি তাই? আমার এই কলামের প্রতিটি লেখা তিনি মনোযোগসহকারে পড়তেন এবং উৎসাহিতও করতেন। স্মরণ পড়ে, একবার দেখা হলে পর তিনি হঠাৎ বলে বসলেন, আপনার ওই ‘চিকেন’-এর গল্পটা আমি সবাইর কাছে বলে বেড়াচ্ছি। আমি প্রথমে তিনি কোন গল্পটার কথা বলছেন বুঝতে না পারলেও পরে মনে পড়ল, এর আগের সপ্তাহেই এই কলামে আমি সৈয়দ মুজতবা আলীর স্বামী-স্ত্রীসংক্রান্ত গল্পটির আধুনিক সংস্করণ পরিবেশন করেছিলাম, যেটা নিঃসন্দেহে পুনঃপুন পরিবেশনযোগ্য: একজন অদ্ভুত খামখেয়ালি আমেরিকান কোটিপতি তাঁর এক প্রতিনিধিকে শহরতলিতে পাঠালেন এই নির্দেশসহকারে যে, যে পরিবারে দেখা যাবে স্বামীই ‘বস’, সেই পরিবারকে একটি ঘোড়া আর যে পরিবারে দেখা যাবে স্ত্রী ‘বস’, সে পরিবারকে একটি চিকেন তথা মোরগ দেওয়া হবে। তো সর্বত্রই মোরগ দিতে হলো, ঘোড়া পাওয়ার মতো পরিবার পাওয়া গেল না। অবশেষে একটি ফার্ম-হাউসে মধ্যবয়সী পেশিবহুল এক কৃষককে দণ্ডায়মান ও অদূরে তাঁর ক্ষীণকায়া স্ত্রীকে কর্মব্যস্ত দেখতে পেয়ে প্রতিনিধি এগিয়ে গিয়ে কৃষককে তাঁর ফ্যামিলিতে ‘বস কে’ জিজ্ঞেস করতেই কৃষক তাঁর এক বাহুর পেশি প্রদর্শনপূর্বক অনুচ্চ কণ্ঠে বললেন, ‘আমার ফ্যামিলিতে আমিই বস’। প্রতিনিধি তখন তাঁকে বললেন, ‘আমি আপনার কথা মেনে নিলাম। আপনাকে আমরা একটা ঘোড়া দেব। কিন্তু আমার কাছে দুই রঙের ঘোড়া আছে, সাদা ও কালো। আপনাকে বলে দিতে হবে, আপনি কোনটা চান? এটা বলতেই কৃষকটি গলার স্বর একটু বাড়িয়ে যথাসম্ভব মোলায়েম করে অদূরে কর্মব্যস্ত স্ত্রীকে উল্লেখ করে বললেন, মার্থা, এই ভদ্রলোক আমাদের একটি ঘোড়া দিতে চান। আমি সাদা না কালো কোন রঙের নেব, তুমি বলে দাও!তাহলে আপনি একটি চিকেন পাচ্ছেন, প্রতিনিধি এবারে বললেন।আমি যখন ডাক বিভাগের ডিজি, তখন তিনি চাইতেই তাঁর পৈতৃক নিবাস নেত্রকোনার কুতুবপুরে পোস্ট অফিস স্থাপন করে দিয়েছি। তাঁর অনুরোধে সেটি আমাকেই উদ্বোধন করতে হলো। মাজহারুল ইসলামের পাজেরো গাড়িতে করে গেলাম আমরা চার-পাঁচজন কুতুবপুর গ্রামে। সেখানে গিয়ে দেখি এলাহি কাণ্ড। মহার্ঘ দক্ষিণ হস্তের ব্যাপার তো আছেই, উপরন্তু তাঁর প্রিয় বয়াতিকে সাঙ্গপাঙ্গসহ খবর দিয়ে নিয়ে এসেছেন, যাঁরা আমাদের উপস্থিতি ও আসন গ্রহণের সঙ্গে সঙ্গে স্বরচিত গান ধরলেন, যেটার মুখড়ার প্রথম দুই লাইন এখনো মনে আছে:ঢাকা হতে আইলা রে মেহমান,নাম তাঁর আতাউর রহমান।এটাই হচ্ছে হুমায়ূনীয় স্টাইল এবং এটা আর কোথাও কারোর বেলায়ই খুঁজে পাওয়া যাবে না। আতাউর রহমান: রম্য লেখক। ডাক বিভাগের সাবেক মহাপরিচালক।