লিমন হোসেন নামের সদ্য কৈশোর-উত্তীর্ণ ছেলেটি সংবাদমাধ্যমে কেন এত পরিচিত একটি মুখ হয়ে উঠেছে? ঝালকাঠি থেকে ঢাকা পর্যন্ত এত মানুষ কেন তার পাশে দাঁড়িয়েছে? প্রশ্ন দুটোর উত্তর সরল: একজন নাগরিকের বেঁচে থাকার অধিকার রক্ষার দায়িত্ব রাষ্ট্র যেন এড়িয়ে যেতে না পারে এবং দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো যেন আইন প্রয়োগ করতে গিয়ে আইন লঙ্ঘন করে পার পেয়ে না যায়, তা নিশ্চিত করতে।র্যাবের সঙ্গে লিমনের ‘এনকাউন্টারের’ পরবর্তী ঘটনাবলি সবার জন্য উদ্বেগের বিষয়। র্যাবের সদস্যরা লিমনের পায়ে গুলি করেছেন অভিযোগ করে তার মা হেনোয়ারা বেগম যে মামলা করেছিলেন, তাতে র্যাব সদস্যদের অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন পেশ করেছে। হেনোয়ারা বেগম গত ৩০ আগস্ট এর বিরুদ্ধে নারাজি আবেদন জমা দিয়েছেন। ‘সরকারি কাজে বাধা দেওয়ার’ অভিযোগে লিমনের বিরুদ্ধে র্যাবের করা মামলার শুনানি ছিল ২ সেপ্টেম্বর। এ দুটো তারিখের আগে থেকে লিমনের পরিবারের ওপর নতুন করে নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শন শুরু হয়। ২০ আগস্ট ঈদের দিন র্যাবের কথিত ‘সোর্স’ বলে পরিচিত ইব্রাহীম হাওলাদার রাস্তায় লিমনের পরিবারের ওপর আক্রমণ চালান। একই দিনে ইব্রাহীম তাঁর এক আত্মীয়ের মৃত্যুর ঘটনায় লিমনের পরিবারকে অভিযুক্ত করে নালিশি হত্যা মামলা করেন। এ ঘটনাগুলো ঘটছে গুলিবিদ্ধ হয়ে লিমন একটি পা হারানোর এক বছর পাঁচ মাস পর। অর্থাৎ এত দীর্ঘ সময়েও পরিবারটির ওপর নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শন বন্ধ হয়নি। হেনোয়ারা বেগম সন্তানদের নিয়ে টিকে থাকা ও ন্যায়বিচার পাওয়ার জন্য যে দীর্ঘ সংগ্রাম করে চলেছেন, তার প্রতি সমর্থন জোগানোর উদ্দেশ্যে আইনজীবী, সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের একটি দল ঢাকা থেকে ছুটে গিয়েছিল ঝালকাঠি। অনেকে মিছিল-সমাবেশ-মানববন্ধনে অংশ নিয়েছেন। সবার জন্য হেনোয়ারা বেগমের এই সংগ্রাম তাৎপর্যপূর্ণ, কারণ তিনি রাষ্ট্রীয় সংস্থার অন্যায়ের প্রতিকারহীনতাকে এবং ন্যায়বিচারের নামে মিথ্যা প্রচারের চেষ্টাকে চ্যালেঞ্জ করেছেন।হেনোয়ারা বেগমের সংগ্রাম প্রাণান্তকর। ২০১১ সালের ২৩ মার্চ ঝালকাঠি থানার রাজাপুরে র্যাবের সদস্যরা লিমনের পায়ে গুলি করেছেন—লিমনের এই অভিযোগ র্যাব অস্বীকার করেই ক্ষান্ত হয়নি, অবৈধ অস্ত্র রাখা ও সরকারি কাজে আইন প্রয়োগকারী সংস্থাকে বাধাদানের অভিযোগে র্যাব লিমনের বিরুদ্ধে দুটি মামলাও করেছে। উল্টো দিকে গুলিবিদ্ধ লিমনের মা যখন র্যাবের বিরুদ্ধে মামলা করতে যান, পুলিশ তাঁর মামলা নেয়নি। হেনোয়ারা তখন ছুটে গেছেন স্থানীয় আদালতে, সেখানে তাঁর মামলা গ্রহণ করে পরে থানায় স্থানান্তর করা হয়। লিমনের গুলিবিদ্ধ পায়ের চিকিৎসার জন্য আদালত সরকারকে যেভাবে নির্দেশ দিয়েছিলেন, পঙ্গু হাসপাতালে লিমন তেমন চিকিৎসা পায়নি। পরে তাকে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে চিকিৎসা করা হয়। ইতিমধ্যে একটি পা হারিয়ে সে পরিণত হয় একজন প্রতিবন্ধীতে। প্রায় দেড় বছর থেকে প্রতিবন্ধী লিমনকে তার বিরুদ্ধে করা মামলার শুনানিতে হাজিরা দিতে হচ্ছে। কোনো দিন সে গরহাজির থাকেনি। কিন্তু ২ সেপ্টেম্বরের শুনানিতে হাজিরা দিতে পারেনি, কারণ ইব্রাহীম হাওলাদারের আক্রমণে সে কানে আঘাত পেয়েছে।র্যাবের যে সদস্যরা লিমনকে গুলি করে প্রতিবন্ধী করেছেন, তাঁদের অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে পুলিশের পেশ করা চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে হেনোয়ারা বেগম নারাজি আবেদন জমা দিয়েছেন এ কারণে যে তিনি অন্যায়ের প্রতিকার পেতে চান। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) আইনজীবী ও ঝালকাঠির মানবাধিকার রক্ষা আন্দোলনের কর্মীদের সহযোগিতায় তাঁর নারাজি বিচারক নুসরাত জাহান গ্রহণ করে শুনানির তারিখ নির্ধারণ করেছেন আগামী ১৭ অক্টোবর।লিমনের ঘটনার মধ্য দিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়িয়েছে: এক. রাষ্ট্রীয় সংস্থাগুলো আইন প্রয়োগ করতে গিয়ে আইন লঙ্ঘন করবে, অথচ তারা থেকে যাবে বিচার ও শাস্তির ঊর্ধ্বে? দুই. রাষ্ট্রীয় সংস্থাগুলো কি ন্যায়বিচারের নামে বিচার-প্রক্রিয়ায় নানা রকমের কারসাজি চালিয়ে যাবে? এবং তিন. নিরীহ সাধারণ নাগরিকেরা কি স্থানীয় শক্তিশালী দুর্বৃত্তদের দাপট ও ভয়ভীতির শিকার হতেই থাকবে? লিমন পা হারানোর পর থেকে এই দীর্ঘ ১৭-১৮ মাস ধরে চলমান আইনি লড়াইয়ের দিনপঞ্জির দিকে তাকালে দেখতে পাওয়া যাবে, বাংলাদেশে ‘আইনের শাসন’কে কীভাবে কলুষিত করা যায়।ঘটনাটির ব্যাপারে র্যাবের প্রতিক্রিয়ার বিষয়টি বিবেচনা করে দেখা যাক। ওই ঘটনার জন্য র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান দুঃখ প্রকাশ করেছিলেন। কিন্তু র্যাব ‘এলিট ফোর্স’, এ বাহিনী স্বীকার করতে চায় না যে তাদের কোনো সদস্যের ভুলত্রুটি হতে পারে। তাই তারা পাল্টা লিমনের বিরুদ্ধেই দুটো মামলা করেছে: একটি অবৈধ অস্ত্র রাখা, অন্যটি সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে। র্যাবের জ্যেষ্ঠ কর্মকর্তারা, এমনকি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টাও ঢাকার বাইরে, ঝালকাঠির ঘটনার কথা উল্লেখ না করে পরোক্ষভাবে বোঝাতে চেয়েছেন যে লিমন একজন ‘সন্ত্রাসী’। যদিও র্যাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নয়; স্বরাষ্ট্রমন্ত্রীও প্রতিরক্ষা উপদেষ্টার কণ্ঠে সুর মিলিয়েছেন। কাউকে শাস্তি দেওয়ার জন্য অভিযোগ উত্থাপনই যথেষ্ট নয়। লিমন যদি সন্ত্রাসী কর্মকাণ্ড বা অন্য কোনো অপরাধের সঙ্গে জড়িত হয়েও থাকে, সে জন্য তাকে গুলি না করে আদালতের মাধ্যমে তার অপরাধ প্রমাণের পরে শাস্তি দেওয়াই কি আইনানুগ ছিল না?আর যদি কোনো ব্যক্তি ‘সন্ত্রাসী’ হয়, তা হলে তাকে গুলি করে হত্যা বা পঙ্গু করা অথবা গুম করে দেওয়াই কি সমাধান? বিচারবহির্ভূত হত্যাকাণ্ডগুলোর ঘটনায় র্যাব সাধারণত এই অজুহাত দেখানোর চেষ্টা করে যে নিহত ব্যক্তি প্রাণ হারিয়েছেন ‘ক্রসফায়ারে’। র্যাবের জন্য সংশ্লিষ্ট আইনে র্যাব সদস্যদের আত্মরক্ষার প্রয়োজনে গুলি করার অধিকার আছে। কিন্তু লিমনের ক্ষেত্রে কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি, সেখানে র্যাবের সদস্যদের আত্মরক্ষার প্রয়োজন হয়নি। র্যাবের কয়েকজন ‘ট্রিগার-হ্যাপি’ সদস্যের খামখেয়ালির শিকার হয়ে ১৬ বছরের লিমন একটি পা হারিয়ে আজ প্রতিবন্ধী।র্যাবের সদস্যদের হাতে অস্ত্রের যথেচ্ছ ব্যবহার বন্ধ করতে হবে। নাগরিকদের সাংবিধানিক অধিকারগুলো পুনঃপ্রতিষ্ঠা এবং নিরাপত্তা বাহিনীগুলোর শাস্তির বিধানের ঊর্ধ্বে থেকে অবাধে বেআইনি কর্মকাণ্ড চালিয়ে যাওয়া বন্ধ করতে আসক, ব্লাস্ট ও কর্মজীবী নারী আন্দোলন একটি রিট আবেদন করেছে। ‘ক্রসফায়ার’ বা ‘এনকাউন্টারের’ নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডগুলো কেন অবৈধ বলে ঘোষিত হবে না, সে বিষয়ে কারণ দর্শাতে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি রুল জারি করেন। অ্যাটর্নি জেনারেল বিচারবহির্ভূত হত্যাকাণ্ডগুলোর বিরুদ্ধে বক্তব্য দেওয়ার পরও ক্রসফায়ার-এনকাউন্টার অব্যাহত আছে।লিমনের বিরুদ্ধে র্যাবের মামলা নেওয়া হয়েছে ঘটনা ঘটার পরপরই। অথচ লিমনের মাকে অনেক হয়রানি করার পর আদালতের নির্দেশে অবশেষে পুলিশ মামলা নথিভুক্ত করতে বাধ্য হয়েছে, আর এক বছরের বেশি সময় পার করে দিয়ে র্যাব সদস্যদের অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে। পুলিশের এই প্রতিবেদন কি বিশ্বাসযোগ্য? ঘটনার সময় শুধু লিমন আর র্যাব সদস্যরা ছাড়া আর কোনো মানুষ ঘটনাস্থলে ছিল না। র্যাব সদস্যরা যদি তাকে গুলি না করে থাকেন, তা হলে কে করেছিল? লিমন কি নিজেই নিজের পায়ে গুলি করেছিল?রাষ্ট্রীয় সংস্থা যখন আইনের ঊর্ধ্বে থেকে বেআইনি আচরণ করে, তখন ব্যক্তির পক্ষে সেটাকে চ্যালেঞ্জ করা অত্যন্ত কঠিন কাজ। সে কারণেই আইনজীবীরা লিমন ও তার মায়ের পাশে দাঁড়িয়েছেন, সাংবাদিকেরা এগিয়ে এসেছেন। এখন রাষ্ট্রের সামনে কয়েকটি দায়িত্ব রয়েছে। এক. লিমনের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি তদন্তের জন্য একটি নিরপেক্ষ বিচার বিভাগীয় কমিশন গঠন। দুই. লিমন ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, যেন তাদের ওপর আর আক্রমণ না হয়, যেন তাদের ভয়ভীতি দেখানো না হয়। তিন. লিমনের পা হারানোর জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা, এবং যেন পড়াশোনা শেষ করতে পারে, তা নিশ্চিত করা। চার. সব নাগরিকের (এমনকি, কারও বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ থাকলেও) জীবনের অধিকার নিশ্চিত করতে এবং বেআইনি পন্থায় আইন প্রয়োগ করার পরও শাস্তির ঊর্ধ্বে থাকার এই চর্চার অবসান ঘটাতে দেশের সাংবিধানিক ও আন্তর্জাতিক আইনকানুনের বাধ্যবাধকতা মেনে চলা।ইংরেজি থেকে অনূদিত হামিদা হোসেন: মানবাধিকারকর্মী। আইন ও সালিশ কেন্দ্রের সভাপতি।