হেফাজতে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিম্মায় থাকা অবস্থায় মৃত্যু ঠেকাতে আইন প্রণয়ন করা হলেও বাংলাদেশে এ ধরনের ঘটনা থেমে নেই। তবে ওই আইনটি অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়েছে। গত দুই সপ্তাহের ব্যবধানে ঢাকা, সিলেট ও বাগেরহাটে পুলিশ হেফাজতে চারটি মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রতিটি মৃত্যুর ঘটনায় পরিবার নির্যাতন করে মেরে ফেলার অভিযোগ তুলেছে।

নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন–২০১৩ অনুযায়ী, এ ধরনের মৃত্যুর ঘটনায় মামলা করার সুযোগ আছে, কিন্তু পরিবারগুলো মামলা করেনি। এর কারণ যে ভয় অথবা চাপ, তা আর বলার অপেক্ষা রাখে না। আইন থাকলেও এর প্রয়োগ না থাকার বড় দৃষ্টান্ত এসব ঘটনা।

এখানেই কিন্তু মানবাধিকার সংগঠনের ভূমিকা, যা দিন দিন ম্লান হয়ে যাচ্ছে। প্রশ্ন ওঠা স্বাভাবিক, এ ধরনের ঘটনায় ভুক্তভোগীর পাশে না দাঁড়ালে মানবাধিকার সংগঠনগুলোর কাজ কী? জাতীয় মানবাধিকার কমিশন থাকলেও এমন অমানবিক ঘটনায় তাদের সেই অর্থে কিছু করণীয় নেই। কারণ, আইন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে তদন্ত করার এখতিয়ার মানবাধিকার কমিশনকে দেওয়া হয়নি। লম্বা প্রক্রিয়া শেষে কমিশন হাইকোর্টে রিট আবেদন করতে পারে, তবে সেই মামলা চালানোর মতো সক্ষমতাও কমিশনের নেই।

আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত গ্রেপ্তারের আগে ও পরে ১২ আসামির মৃত্যু হয়েছে। বাগেরহাটে রাজা ফকিরের (২২) নির্যাতনে মারা যাওয়ার অভিযোগ তুললেও তাঁর পরিবার মামলা করেনি। কারণ, রাজা ফকির ছিলেন হত্যা মামলার আসামি। মানসিকভাবেই পরিবারটি দুর্বল অবস্থানে। হত্যা মামলার আসামি হলেও বিচার ছাড়া তাঁকে সাজা দেওয়ার সুযোগ নেই।

রাজা ফকির মারা যাওয়ার পরদিন রাজধানীর পল্টন থানায় মাসুদ রানা (৩৩) নামের এক যুবকের মৃত্যু হয়। নিহত যুবকের স্বজনদের দাবি, তাঁকে নির্যাতন করে মারা হয়েছে, পুলিশ যথারীতি অস্বীকার করেছে। এ ছাড়া গত রোববার ভোররাতে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ফ্লোর ইনচার্জ আবু বক্কর সিদ্দিক তেজগাঁও শিল্পাঞ্চল থানার হেফাজতে এবং একই দিন সিলেটের কোতোয়ালি থানার বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান আহমেদের (৩৫) মৃত্যু হয়েছে। প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিচার দাবি করা হয়েছে।

নির্যাতন এবং অমানবিক ও লাঞ্ছনাকর ব্যবহারকে অপরাধ হিসেবে বিবেচনা করে আইন করার সনদে বাংলাদেশ সই করে ১৯৯৮ সালের ৫ অক্টোবর। ২০১৩ সালে বাংলাদেশে আইনটি পাস হয়, যার মূল কথা গ্রেপ্তারের পর কোনো আসামির মৃত্যু হলে মামলা করা যাবে এবং ঘটনার দায়দায়িত্ব সংশ্লিষ্ট কর্মকর্তার ওপর বর্তাবে।

আইনটি হওয়ার পর ২০১৪ সালে একটি মামলা হয়েছিল। গত ৯ সেপ্টেম্বর এই আইনের প্রথম রায়ে ইশতিয়াক হোসেন নামের এক গাড়িচালককে থানায় নিয়ে নির্যাতন করে হত্যার অভিযোগে পল্লবী থানার তৎকালীন পুলিশের তিন কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। অন্য দুই আসামির সাত বছর করে জেল হয়।

দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মৃত্যু খুব সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। পুলিশের হিসাবে গত সাত বছরে হেফাজতে মৃত্যুর অভিযোগে পুলিশের বিরুদ্ধে ১৯টি মামলা হয়েছে। তার মানে হেফাজতে মৃত্যু ঘটলেও এই আইনে মামলা হচ্ছে কম।

যেকোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসহিষ্ণু আচরণ কাম্য নয়। আইনের মধ্যে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে দায়িত্ব পালন করে, সে জন্য সরকারকেও কড়া বার্তা দিতে হবে। পুলিশের ‘চেইন অব কমান্ডে’ বিদ্যমান ত্রুটি-বিচ্যুতি বা দুর্বলতা দূর করতে হবে। নিজেকে আইনের ঊর্ধ্বে ভাবার মানসিকতা বন্ধ করলেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পেশাদারির সঙ্গে দায়িত্ব পালনে সক্ষম হবে।