প্রথম আলোর শেষ পৃষ্ঠায় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে নিয়মিত আয়োজন ‘তোমাদের এ ঋণ শোধ হবে না’ শিরোনামে প্রতিবেদনের আমি মনোযোগী পাঠক। ৬ ডিসেম্বর, ২০১২ হেমায়েত উদ্দিন বীর বিক্রমের প্রতিবেদন ছাপা হয়েছে। এ প্রতিবেদন আমাকে বেদনাহত ও ক্ষুব্ধ করেছে। কারণ, তিনি আমার বাবা কমলেশ বেদজ্ঞ, ওয়ালিউর রহমানসহ চারজন মুক্তিযোদ্ধাকে হত্যার দায়ে অভিযুক্ত। ৩৯ বছরেও বাবার হত্যার বিচার না পেয়ে আমি গভীর ব্যথা নিয়ে জীবন কাটাচ্ছি। প্রথম আলোর এ প্রতিবেদন আমার সেই বেদনাকে আরও বাড়িয়ে দিয়েছে। বিচার না পেয়ে চোখের জলে বুক ভাসিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন ওয়ালিউর রহমানের মা। আর আমার মা আশা করেছিলেন, তাঁর জীবদ্দশায় এ বিচার হবে। কিন্তু তিনিও বিচার না পাওয়ার কষ্ট নিয়ে এ বছরের সেপ্টেম্বর মাসে চিরবিদায় নিয়েছেন। অবশ্য চার মুক্তিযোদ্ধা হত্যার বিচারকাজ দীর্ঘ ১১ বছর পর নতুন করে গোপালগঞ্জ কোর্টে শুরু হয়েছে। আমার বাবা কমলেশ বেদজ্ঞ মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রেখেছেন। হেমায়েত উদ্দিন আহত হওয়ার পর আমার বাবাই এই বাহিনী দক্ষতার সঙ্গে পরিচালনা করেন। তিনি ১৯৭৩ সালে অনুষ্ঠিত প্রথম জাতীয় সংসদ নির্বাচনে কোটালীপাড়া আসন থেকে ন্যাপ-কমিউনিস্ট পার্টির প্রার্থী ছিলেন। ওয়ালিউর রহমান ছিলেন ৮ ও ৯ নম্বর সেক্টরের মুক্তিযুদ্ধের সমন্বয়কারী। বিষ্ণুপদ কর্মকার ও শ্যামাপদ ভট্টাচার্য মানিক ছিলেন গোপালগঞ্জের ছাত্র ইউনিয়নের নেতা। মুক্তিযুদ্ধে তাদেরও গুরুত্বপূর্ণ অবদান ছিল। ১৯৭৩ সালের ১০ মার্চ হেমায়েত তার সহযোগীদের নিয়ে এই চার মহান মুক্তিযোদ্ধাকে হত্যা করেন। গুরুতরভাবে আহত হয়েও প্রাণে বেঁচে যান লুৎফর রহমান গঞ্জর। সোভিয়েত ইউনিয়নে তার চিকিৎসা হয়। তিনি এখনো বেঁচে আছেন। এই জঘন্য হত্যাকাণ্ডের পর গণবিক্ষোভ ও বিচারের হাত থেকে বাঁচতে হেমায়েত উদ্দিন পরবর্তীকালে বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রচ্ছায়ায় আশ্রয় নেন। রাজনৈতিক জার্সি পাল্টিয়েছেন বারবার। এ প্রতিবেদন নিয়ে আমার আপত্তির কারণ হচ্ছে: (ক) বিচারাধীন মামলার একজন অভিযুক্তকে নিয়ে ইতিবাচক কোনো প্রতিবেদন ছাপা হলে তা মামলাকে প্রভাবিত করতে পারে। (খ) প্রতিবেদনে প্রকাশিত তথ্য খণ্ডিত ও আংশিক। মুক্তিযুদ্ধকালে হেমায়েতের বড় বড় অনেক কুকীর্তির কথা প্রতিবেদনে নেই। (গ) প্রতিবেদনের কোথাও হেমায়েত কর্তৃক চার মুক্তিযোদ্ধাকে খুন করার কথা উল্লেখ করা হয়নি। (ঘ) মাহফুজা খানম ও তপন কুমার দে সম্পাদিত গণমানুষের মুক্তির আন্দোলন গ্রন্থের ১৪০ পৃষ্ঠায় শহীদ কমরেড ওয়ালিউর রহমান ও ১৫২ পৃষ্ঠায় শহীদ কমরেড কমলেশ বেদজ্ঞ শিরোনামে রচনায় খুনি হেমায়েত কর্তৃক এ হত্যাকাণ্ডের বর্ণনা আছে। (ঙ) ১৯৭৩ সালের ১০ মার্চ হেমায়েত কর্তৃক সংঘটিত এই হত্যাকাণ্ডের পরে সাপ্তাহিক একতা, দৈনিক সংবাদসহ আরও কয়েকটি পত্রিকায় এ সম্পর্কে সংবাদ প্রকাশিত হয়েছিল। সুতপা বেদজ্ঞআহসান আহমেদ রোড, খুলনা।