রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যাকাণ্ডে জেএমবির পাঁচ জঙ্গির মৃত্যুদণ্ডের রায়ের ঘটনায় আইন প্রয়োগকারী সংস্থা, প্রসিকিউশন এবং বিচার বিভাগের দক্ষতা ও ঐকান্তিকতার বহিঃপ্রকাশ ঘটেছে। কুনিও হত্যাকাণ্ডের নানামুখী তাৎপর্য রয়েছে। দেশে জঙ্গিদের হাতে কোনো বিদেশি হত্যায় এটাই প্রথম রায়। কথিত মতে, এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছিল আইএস। কুনিও হত্যাকাণ্ডের কারণ হিসেবে বিচারক নরেশ চন্দ্র সরকারের পর্যবেক্ষণ তথ্য ও ঘটনার পারিপার্শ্বিকতা দ্বারা প্রমাণিত হয়েছে বলেই প্রতীয়মান হয়। বিচারক মন্তব্য করেছেন যে বাংলাদেশের ভাবমূর্তি নস্যাৎ করাই ছিল এই হত্যার লক্ষ্য।
এ বিষয়ে সন্দেহের অবকাশ কম যে ৬৬ বছর বয়সী একজন নিরীহ ব্যক্তি, যিনি বাংলাদেশে এসে গবাদিপশুর খাদ্য হিসেবে উন্নত মানের ঘাস ফলাতেন, তাঁকে শুধু বিদেশি এবং অমুসলিম বিবেচনা করেই খুন করা হলো। অথচ কী নির্মম পরিহাস, অমুসলিম বিবেচনায় যে কুনিওকে হত্যা করা হলো, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। বিষয়টি জানার পর এ নিয়ে অনুশোচনা হয়েছিল বলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন তাঁর জবানবন্দিতে বলেছেন। আদালত তাই তাঁর পর্যবেক্ষণে বলেছেন, এর মধ্য দিয়ে হত্যাকারীরা কার্যত ইসলামকে বিশ্বের কাছে জঙ্গিবাদের ধর্ম হিসেবে প্রমাণ করতে চেয়েছে। আমরা আশা করব, এই মামলার দ্রুত পাওয়া রায় কুনিওর আত্মীয়স্বজন ও আন্তর্জাতিক সম্প্রদায়কে স্বস্তি দেবে।
গুলশানে ইতালীয় নাগরিক সিজার তাবেলাকে হত্যার পাঁচ দিনের মাথায় কুনিও হত্যা এবং তারপর থেকে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা পর্যন্ত বাংলাদেশে জঙ্গিরা যে হত্যালীলা চালিয়েছে, তার যে একটা কিনারা, এমনকি দ্রুত বিচারও যে শুরু হতে পারে, সে বিষয়ে জনমনে সন্দেহ-সংশয় কম ছিল না। সেই প্রেক্ষাপটে কুনিও হত্যার ১৭ মাসের মধ্যে যে রায় মিলেছে, তা আমাদের বিশেষ করে হলি আর্টিজানসহ সব বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার অনুষ্ঠানে আশাবাদী করে তুলবে। এই রায়ের পর বিশ্ববাসী বাংলাদেশের দিকে সমীহভরে তাকাবে।
ইসলামের নাম ব্যবহার করে যারা মানুষ মারছে, তারা কার্যত ইসলামবিরোধী। বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষকে অনেক দুঃখ, ত্যাগ ও উদ্বেগের মধ্য দিয়ে এই পরিস্থিতি সামাল দিতে হচ্ছে। সরকারের বিভিন্ন দায়িত্বশীল সংস্থাকে আমরা ধন্যবাদ জানাই। তবে রাজনৈতিকভাবে মোকাবিলায় আমরা সতর্ক থাকতে বলব। কারণ, শুধু আদালতের রায় দিয়েই এই অন্ধকারের শক্তি প্রতিহত করা যাবে না।