দেশকাঁপানো হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা মামলায় ২১ জনকে অভিযুক্ত করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট যে অভিযোগপত্র আদালতে জমা দিয়েছে, তার মাধ্যমে বিচারের দ্বার উন্মুক্ত হলো। যাদের নামে অভিযোগপত্র দেওয়া হয়েছে, তাদের মধ্যে পাঁচ জঙ্গি ঘটনাস্থলে এবং আরও আটজন বিভিন্ন অভিযানে নিহত হয়। বাকি আট অভিযুক্ত ব্যক্তির মধ্যে ছয়জন কারাগারে আটক এবং দুজন পলাতক। তবে এ ঘটনায় আটক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমের সম্পৃক্ততা না পাওয়ায় তাঁকে অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই রাতে জঙ্গিগোষ্ঠী কূটনৈতিক এলাকা গুলশানের হোলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে ২২ জনকে হত্যা করে, যাঁদের মধ্যে ১৭ জন বিদেশি নাগরিক, ৩ জন বাংলাদেশি নাগরিক ও ২ জন পুলিশ কর্মকর্তা ছিলেন। তিন বাংলাদেশি নাগরিকের একজন ছিলেন ফারাজ আইয়াজ হোসেন। প্রথমে জঙ্গিরা তাঁকে ছেড়ে দিতে রাজি হলেও তিনি তাঁর সঙ্গে থাকা দুই বন্ধুকে ছাড়া যেতে রাজি হননি। এরপর জঙ্গিরা অন্যদের সঙ্গে তাঁকেও হত্যা করে। ফারাজের এই আত্মত্যাগ মানবতার অনন্য উদাহরণ হয়ে থাকবে।
পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে যে হোলি আর্টিজানে জঙ্গিগোষ্ঠীর হামলা চালানোর উদ্দেশ্য ছিল এখানে আসা বিদেশি নাগরিকদের হত্যা করে বহির্বিশ্বের মনোযোগ আকর্ষণ করা। এর মাধ্যমে জঙ্গিগোষ্ঠী একদিকে বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, অন্যদিকে উন্নয়ন-প্রক্রিয়া থামিয়ে দিতে আন্তর্জাতিক মহল থেকে বিচ্ছিন্ন করতে সচেষ্ট ছিল। জঙ্গিদের সেই চেষ্টা সফল না হলেও ২২ জন নিরীহ ও নিরপরাধ মানুষ তাদের নৃশংসতার শিকার হয়েছেন। এই ক্ষতি কখনো পূরণ হওয়ার নয়। জঙ্গিরা আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসের সঙ্গে তাদের সম্পৃক্ততা দাবি করেছিল। কিন্তু তদন্তে তার প্রমাণ মেলেনি। তবে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সরাসরি এদের যোগ না থাকলেও আদর্শিক যোগ তো আছে, যা তাদের মানুষ হত্যার মতো ঘৃণ্য কর্মকাণ্ডে প্ররোচিত করেছে।
বিভিন্ন মহল থেকে হোলি আর্টিজান মামলার তদন্ত দ্রুত দাবি করা হলেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলেছিলেন, একটি নির্ভুল অভিযোগপত্র দিতে সময় লাগছে। তাঁদের এই বক্তব্য অযৌক্তিক বলা যাবে না। কেননা মামলার তদন্ত দুর্বল হলে অপরাধীদের পার পেয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তদন্তকারীরা ঘটনার ৭৫টি আলামত আদালতে পাঠানোর কথা বলেছেন, যা বিচারের কাজে গুরুত্বপূর্ণ সাক্ষ্যপ্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে।
অভিযোগপত্র দেওয়ার মধ্য দিয়ে বিচারের প্রাথমিক ধাপ শেষ হলো। এরপর আদালত যুক্তি ও তথ্যপ্রমাণের ভিত্তিতে অপরাধীর শাস্তি নিশ্চিত করবেন। এ মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুরুদায়িত্ব হলো, দুই পলাতক আসামিকে খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা। তাদের আটক করা গেলে মামলার আরও গুরুত্বপূর্ণ আলামত পাওয়া যাবে বলে আমাদের বিশ্বাস। এই পলাতক আসামিরা যদি দেশের ভেতরে থেকে থাকে এবং তাদের পাকড়াও করা না যায়, সেটি হবে বড় দুশ্চিন্তার কারণ। এ ধরনের দুর্ধর্ষ জঙ্গিরা পলাতক অবস্থায়ও সক্রিয় থাকে। তারা নতুন নতুন সমর্থকগোষ্ঠী তৈরি ছাড়াও ‘অন্য কোথাও অন্য কোনোখানে’ সন্ত্রাসী কার্যক্রম চালাতে পারে।
আমরা আশা করব, মামলার পরবর্তী কার্যক্রম দ্রুত এগোবে। জঙ্গিদের হাতে যাঁরা প্রাণ হারিয়েছেন, কখনো তাঁদের ফিরে পাওয়া যাবে না। তবে অপরাধীরা শাস্তি পেলে স্বজনদের এই সান্ত্বনাটুকু থাকবে যে তাঁরা ন্যায়বিচার পেয়েছেন। দ্বিতীয়ত, অপরাধীর শাস্তিই পারে পরবর্তী অপরাধের দরজা বন্ধ করতে।