হোসেনি দালান হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ফাইল ছবি
প্রথম আলো ফাইল ছবি

২০১৫ সালের ২৩ অক্টোবর রাতে হোসেনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা হামলা হলে দুজন নিহত ও শতাধিক লোক আহত হন। একই বছর ২৬ নভেম্বর বগুড়ার একটি শিয়া মসজিদে হামলা চালিয়ে মুয়াজ্জিনকে হত্যার ঘটনা ঘটে। পরের বছর মার্চে ঝিনাইদহে শিয়া সম্প্রদায়ের একজন হোমিও চিকিৎসককেও হত্যা করা হয়। তিনটি হত্যাকাণ্ডের দায় মধ্যপ্রাচ্যভিত্তিক আইএস দাবি করলেও সরকারের দাবি, বাংলাদেশে কোনো আইএস নেই।

এখানে আইএস থাকা না থাকা বিতর্কের চেয়েও গুরুত্বপূর্ণ হলো হত্যাকারীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা। প্রথম আলোর খবর অনুযায়ী, হোসেনি দালানের ঘটনার তিন আসামি অন্য কোনো ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। তিন আসামি জামিন নিয়ে গা ঢাকা দিয়েছেন। এ রকম স্পর্শকাতর মামলায় আসামির জামিন পাওয়ার ঘটনা আমাদের অবাক না করে পারে না।  

সাক্ষীদের অনুপস্থিতির কারণে বিচার শুরু হতে পারছে না। সাক্ষীদের আদালতে হাজির করার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা সরকারের। পুলিশের তদন্ত অনুযায়ী যদি নব্য জেএমবির সদস্যরা হোসেনি দালান হত্যাকাণ্ড ঘটিয়ে থাকেন, তাহলে তিন আসামি কীভাবে জামিন পেলেন? এখানে তদন্তকারীদের কোনো গাফিলতি আছে কি না, তা-ও খতিয়ে দেখা প্রয়োজন। তদন্তকাজ শেষ না হওয়ায় কাছাকাছি সময়ের আরও অনেক জঙ্গি হামলার বিচার থমকে আছে। জঙ্গিদের বিরুদ্ধে সরকার শূন্য সহিষ্ণুতা দেখাচ্ছে বলে দাবি করছে। আমরাও মনে করি, নিরীহ মানুষ হত্যার মতো জঘন্য অপরাধ যাঁরা সংঘটিত করেছেন, তাঁদের কোনোভাবেই ছাড় দেওয়া যায় না।  

হোসেনি দালানের মামলায় যেহেতু তদন্তকাজ শেষ হয়েছে, সেহেতু আদালতে সাক্ষীদের উপস্থিত করে বিচারের কাজ দ্রুত শুরু করা হোক। এ ব্যাপারে কোনো রকম বিলম্ব বা গাফিলতি মেনে নেওয়া যায় না।