দেশের প্রত্যন্ত এলাকা পর্যন্ত সড়ক যোগাযোগ তৈরি করতে প্রকল্প ও বরাদ্দের শেষ নেই। সড়কের পাশাপাশি সেতু বা কালভার্ট তৈরি করা হচ্ছে। কিন্তু সেগুলো আদতে কতটুকু টেকসই হচ্ছে, এ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। নিম্নমানের কাজ করে বা কোনো কাজই না করে বরাদ্দের টাকা পকেটে ঢোকানোর সহজ উপায়ও বলা যেতে পারে প্রকল্পগুলোকে। তেমনই একটি প্রকল্প আমরা দেখতে পাচ্ছি মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নে। সেখানকার একটি সড়ক নির্মাণের পর ১০ দিনও টিকল না। মাত্র দুই দিনের টানা বৃষ্টিতে পার্শ্ববর্তী খালে ধসে পড়েছে সড়কটি। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের মনে ক্ষোভ ও হতাশার সৃষ্টি করেছে।
প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, মাত্র ২৫০ মিটার পিচঢালাই সড়ক নির্মাণে প্রকল্পটির ব্যয় ধরা হয় ২৫ লাখ টাকা। পাশে খাল থাকায় সড়ক সুরক্ষায় টেকসই সুরক্ষাদেয়ালের প্রয়োজনে এমন বরাদ্দ দেওয়া হয়। কিন্তু সেই সুরক্ষাদেয়ালের বদলে খালের পাশে কিছু বাঁশ পুঁতে বালুর বস্তা ফেলে পিচঢালাই দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে নির্মাণকাজ শেষ হওয়ার ১০ দিন পরই সড়কের তিনটি স্থান ধসে গেছে, ফাটল দেখা দিয়েছে অনেক জায়গায়। সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহার করারও অভিযোগ উঠেছে। প্রকাশিত ছবি দেখে মনেই হচ্ছে না সেটি একটি নতুন রাস্তা।
মেসার্স সোনালি স্টোর নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটি নির্মাণের দায়িত্ব পায়। তাদের থেকে কাজটি কিনে নেন মো. ফেরদাউস নামের আরেক ঠিকাদার। এভাবে হাতবদল হয়ে সড়কটির আজ এ দশা হলো। বসতবাড়ি নিয়ে শঙ্কায় থাকা এক ইউপি সদস্য বলছেন, ‘খালের পাশে টেকসই সুরক্ষাদেয়াল নির্মাণ না করে রাস্তা বানালে টিকবে না, এ কথা ঠিকাদারকে আমি বারবার বলেছি। কিন্তু তিনি কোনো কথা শোনেননি। খালের পাশে কিছু বাঁশ পুঁতে বালুর বস্তা ফেলে পিচঢালাই দিয়েছেন। এখন তো এক বৃষ্টিতেই রাস্তা খালে চলে গেছে।’
এত কিছুর পরও ঠিকাদার মো. ফেরদৌস বলছেন, সড়ক নির্মাণে কোনো ত্রুটি ছিল না। সেখানে নাকি কোনো গাফিলতিও ছিল না। তাঁর পক্ষেই অবস্থান নিয়েছেন উপজেলা প্রকৌশলী মনোয়ার হোসেন। খালের পাশে হওয়ায় সড়কটি নির্মাণের যে পরিকল্পনা ছিল, তাতে বড় ধরনের অনিয়ম ঘটেছে। স্পষ্টই বোঝা যাচ্ছে, এখানে সরকারি বরাদ্দ নয়ছয় হয়েছে। এর দায় কোনোভাবেই উপজেলা প্রকৌশলী এড়াতে পারেন না। ঠিকাদারকে জবাবদিহির আওতায় এনে এ অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।